২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ড্রেসিং রুমে ম্যাককালামের ওয়াকি-টকি ব্যবহারের কারণ জানালেন বাটলার

নেপালের বিপক্ষে জয়ের ম্যাচে ড্রেসিং রুমে ইংল্যান্ড কোচের ওয়াকি-টকি ব্যবহার নিয়ে তৈরি হয় কৌতূহল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 08:13 AM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বিশ্বকাপে নেপালের বিপক্ষে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে মাঠের বাইরের একটি দৃশ্য নজর কাড়ে অনেকেরই। ড্রেসিং রুমে ওয়াকি-টকি হাতে দেখা যায় ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। বিষয়টি নিয়ে তৈরি হয় কৌতূহল। এর পেছনের কারণ খোলাসা করলেন জস বাটলার।

ক্রিকেটে কোচদের ওয়াকি-টকি ব্যবহার খুব পরিচিত কোনো দৃশ্য নয়। কোচরা সচরাচর মাঠের কৌশলে খুব বেশি হস্তক্ষেপ করেন না। যারা খেলোয়াড়দের বার্তা পাঠাতে চান, তারা পানি-পানের বিরতির সময় মাঠে নেমে যান কিংবা অন্য ক্রিকেটারদের পাঠান। কেউ কেউ সীমানা দড়ির পাশে দাঁড়িয়ে সরাসরি অধিনায়ক বা সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন।

গত রোববার নেপালের বিপক্ষে ইংল্যান্ডের ৪ রানে জয়ের ম্যাচে ম্যাককালামকে ড্রেসিং রুম থেকে ওয়াকি-টকির মাধ্যমে বার্তা পাঠাতে দেখা যায়। সীমানার কাছে ডাগআউট থেকে মাঠে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়া হয়।

দ্বিতীয় ম্যাচে বুধবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। আগের দিন সংবাদ সম্মেলনে ম্যাককালামের ওয়াকি-টকি ব্যবহার প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান বাটলার, ব্রুকের আগে যিনি ছিলেন অধিনায়ক। 

“সত্যি বলতে কিছুক্ষণের জন্য ওয়াকি-টকি ব্যবহার করা হয়েছে। কিন্তু তারপরও আমাদের মধ্যে যোগাযোগ সবসময়ই খুব ভালো ছিল। বাজ (ম্যাককালামের ডাক নাম) পা ওপরে তুলে সানগ্লাস পরে বসে থাকতে পারেন এবং খুব স্বাচ্ছন্দ্যে থাকেন; কিন্তু যত কোচের সঙ্গে আমি কাজ করেছি, তাদের মতো তিনিও ততটাই ক্ষুরধার। তিনি কোনো কিছু মিস করেন না।”

“আমি মনে করি ক্রিকেটের ক্ষেত্রেও, কোচরা মূল ঘটনার সময় (ম্যাচের সময়) আরও বেশি করে সম্পৃক্ত হচ্ছেন... আমি আইপিএলে গুজরাটে (টাইটান্স) খেলেছি, আশিস নেহরা (কোচ) সীমানার কাছে খুব সক্রিয়। মনে হয়, ক্রিকেট এমন এক ধরনের খেলা, যেখানে (এক্ষেত্রে) আমরা এখনও কিছুটা পিছিয়ে আছি। বিশেষ করে যেখানে অন্যান্য খেলায়, রাগবিই ধরুন, সব খেলাতেই ম্যানেজার ও কোচরা ম্যাচের সময় বার্তা দেয়। হয়তো আগামীতে ক্রিকেটেও এটা আরও বেশি করে আসবে।”

বেশ কিছুদিন ধরেই অবশ্য ড্রেসিং রুমে ওয়াকি-টকি ব্যবহার করে আসছেন ম্যাকলামাম। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় ইংল্যান্ডের সাদা বলের সিরিজেও এটি করেছেন নিউ জিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান।