২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারতাম’

উদ্বোধনী ম‍্যাচেই ‘শেষ’ করে দেওয়া যেত পাকিস্তানের বিশ্বকাপ, আক্ষেপ পল ফন মিকেরেনের।

‘পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারতাম’
দারুণভাবে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত জিততে পারল না নেদারল‍্যান্ডস। ছবি: ক্রিকেট নেদারল‍্যান্ডস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 08:11 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

প্রথম ম‍্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর শেষ হয়ে যেতে পারত পাকিস্তানের! এমন কিছু ঘটানোর দারুণ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় আক্ষেপে পুড়ছেন নেদারল‍্যান্ডসের পেসার পল ফন মিকেরেন।

শ্রীলঙ্কায় শনিবার আসরের উদ্বোধনী ম‍্যাচে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। অষ্টম উইকেটে দলটি মিলিয়েছে ২ ওভারে ২৯ রানের ভীষণ কঠিন সমীকরণ।  

পাকিস্তানের জয়ের নায়ক ফাহিম আশরাফকে ৭ রানে ফেরানোর সুযোগ পেয়েছিল নেদারল‍্যান্ডস। ম‍াক্স ও’ ডাউড সীমানায় দুইবারের চেষ্টায় ক‍্যাচ নিতে না পারায় বেঁচে গিয়ে ব‍্যবধান গড়ে দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার। 

এক সময়ে আরও বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়ে ততদূর যেতে পারেনি নেদারল‍্যান্ডস, অন‍্য দিকে শেষে ক‍্যাচ ছেড়ে হেরেছে ম‍্যাচ। ম‍্যাচের টার্নিং পয়েন্ট কোনটি, এ নিয়ে কথা বলার সময় ফন মিকেরেনের দেখালেন গ্রুপের বড় চিত্র। 

“ক্রিকেট সম্পর্কে সামান্য জ্ঞান আছে এমন যে কেউই জানে, ওই ক্যাচটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, যেখানে আমরা ম্যাচটা হেরেছি। হ্যাঁ, শেষ পর্যন্ত কাউকে তো হারতেই হয়, আর আমরাই আমাদেরকে হারিয়েছি। এই ম্যাচে জয় আমাদের প্রাপ্য ছিল।”

“এমনকি আজকের ম্যাচের পরই হয়তো পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে পারতাম। তাই এটা দুঃখজনক, কিন্তু যা হওয়ার হয়ে গেছে।” 

চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম‍্যাচে না খেলার ঘোষণা দিয়ে রেখেছে পাকিস্তান। শেষ পর্যন্ত না খেললে এবং নেদারল‍্যান্ডসের বিপক্ষে হারলে পরের ধাপে যাওয়ার পথ ভীষণ কঠিন হয়ে যেতে পারত সালমান আলি আগার দলের। ফন মিকেরেন ইঙ্গিত করেছেন সেদিকেই। কিন্তু ফাহিমের ক‍্যামিওতে জিতে গিয়ে সেই শঙ্কা দূরে ঠেলে দিয়েছে পাকিস্তান।

আগামী মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।