১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘তুমি তো চোরাই পথে দলে এসেছো’, শাদাবকে ধুয়ে দিলেন শেহজাদ

সাবেক ক্রিকেটারদের সমালোচনা করায় শাদাব খানকে একহাত নিলেন আহমেদ শেহজাদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 02:27 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

‘তারাও তো ভারতকে বিশ্বকাপে হারাতে পারেননি’, সাবেক ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন শাদাব খান। একের পর এক সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন তিনি। এবার এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।

পাকিস্তান দলের নানা কিছু নিয়ে দেশটির সাবেক ক্রিকেটারদের সমালোচনা করা নতুন কিছু নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর তুমুল সমালোচনার শিকার হতে হয় সালমান, বাবরদের। যা গায়ে লাগে শাদাবের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করার পর সাবেকদের পাল্টা তির ছুড়ে শাদাব বলেন, সাবেকরা যেটা পারেনি এই প্রজন্মের ক্রিকেটাররা একবার হলেও সেটা করে দেখিয়েছে, ভারতকে বিশ্বকাপে হারিয়েছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে কেবল একবারই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের ১০ উইকেটে হারানোর ম্যাচে ছিলেন শাদাব, বাবর আজম, শাহিন আফ্রিদিরা।

শাদাবের এমন মন্তব্য মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটাররা। একের পর এক ক্রিকেটার তাকে দিচ্ছেন পাল্টা জবাব। জিও নিউজের একটি অনুষ্ঠানে তুলাধুনা করলেন শেহজাদ। 

“একে তো তুমি চোরাই পথে দলে এসেছো। না তুমি পারফর্মার, না ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলো। কোনো পারফরম্যান্স না করেও সমর্থন পেয়ে যাচ্ছো। এমনকি চোট পেলেও পুনর্বাসন করো না। তারা কেন্দ্রীয় চুক্তি থেকে হাসান আলিকে বাদ দিল, কিন্তু তোমাকে নয়। এটা যদি পক্ষপাতিত্ব না হয়, তাহলে জানি না পক্ষপাতিত্ব কী।”

নব্বইয়ের দশকে পাকিস্তান দল বিশ্বকাপে ভারতকে হারাতে না পারলেও অন্যান্য ম্যাচে ছড়ি ঘোরাত, বললেন ১৩ টেস্ট, ৮১ ওয়ানডে ও ৫৯ টি-টোয়েন্টি খেলা শেহজাদ।

“ওই রকম মন্তব্য ভালো শোনায় না। নব্বই দশকের দলের সঙ্গে নিজেদেরকে তুলনা করছো? তাদেরও সমস্যা ছিল, তারা বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি, কিন্তু তারা তোমাদের চেয়ে অনেক ভালো ছিল।”

“তাদের পারফরম্যান্সের দিকে তাকাও, ওই সময় তারা ভারতের ওপর আধিপত্য দেখাত। দুজন সাবেক ক্রিকেটার দল নিয়ে স্রেফ সমালোচনা করেছে আর তুমি তাদের সমর্থনের কথা ভুলে গেলে। তাই বলছি, বড়দের সম্মান করতে শেখো।”

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মাদ আমির। এই পেসারের মতে, মুখে কিছু না বলে পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়া উচিত শাদাবদের।

“সফরে থাকলে সমালোচনা হবেই। সফরে থাকাকালীন এধরনের কথা বলার কোনো সুযোগ নেই। আমরাও সফরে থাকলে সমালোচিত হতাম, তখন লক্ষ্য থাকত পারফরম্যান্স দিয়ে সমালোচকদের চুপ করানো। তাই যদি পারফর্ম না করতে পারো, তাহলো তোমার চুপ থাকা উচিত।”

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শনিবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।