২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘বাংলাদেশের পাশে দাঁড়ালে পাকিস্তানের পুরো বিশ্বকাপ বয়কট করা উচিত ছিল’

শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পাকিস্তানের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 10:12 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পাকিস্তানের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন সুনিল গাভাস্কার। ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যানের মতে, পাকিস্তান যদি সত্যিই মনে করে যে আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে, তাহলে একটি ম্যাচ বর্জন না করে পুরো টুর্নামেন্ট থেকেই তাদের সরে দাঁড়ানো উচিত ছিল।

কলম্বোয় আগামী রোববার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। গত সপ্তাহে পাকিস্তান সরকার জানায়, ম্যাচটি খেলতে মাঠে নামবে না পাকিস্তান দল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরাসরিই বলেছেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে।

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে আগামী বৃহস্পতিবার। এর ফায়দা নিতেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান, স্পোর্টস্টারে নিজের কলামে লিখেছেন সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার গাভাস্কার।

“তাদের (পাকিস্তান) সরকার তাদের দলকে টুর্নামেন্টটি খেলতে বলেছে; কিন্তু ভারতের বিপক্ষে নয়। সিদ্ধান্তটি অদ্ভুত। যদি তারা মনে করে যে, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে, তাহলে তাদের পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো উচিত ছিল, শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নয়।”

ম্যাচটি যেন শেষ পর্যন্ত হয়, সেই লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে আইসিসির। পাকিস্তান তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলেও খবর এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।