২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের ময়দানের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগালেন সুরিয়াকুমার

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ ইনিংস খেলে নড়বড়ে অবস্থা থেকে উদ্ধার করেছেন দলকে।

মুম্বাইয়ের ময়দানের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগালেন সুরিয়াকুমার
প্রথম ম্যাচেই দলের জয়ের নায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 10:54 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

মুম্বাইয়ের ক্রিকেট সংস্কৃতিতে প্রবলভাবে জড়িয়ে আছে ময়দানগুলো। আজাদ ময়দান, ওভাল ময়দান, ক্রস ময়দান, আরও অনেক ময়দান থেকে ময়দানে ঘাম আর ধুলোয় মাখামাখি হননি, এমন ক্রিকেটার মুম্বাইয়ে একজনও নেই। সুরিয়াকুমার ইয়াদাভও তাদেরই একজন। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংস উপহার দেওয়ার পর ভারতীয় অধিনায়ক বললেন, ময়দানের অভিজ্ঞতা তার কাজে লেগেছে এখানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার যুক্তরাষ্ট্রেরি বিপক্ষে ৪৯ বলে ৮৪ রানের অপরাজিক ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন সুরিয়াকুমার। 

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের একজন তিনি। বড় দলগুলির বিপক্ষেও আরও আগ্রাসী ও বড় ইনিংস তিনি খেলেছেন। তার পরও যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ব্যাটিং তার সেরা ইনিংসগুলির একটি। উইকেট আর ম্যাচের পরিস্থিতিই ছিল এতটা বিরুদ্ধ।

ষষ্ঠ ওভারে ইশান কিষানের বিদায়ের পর ক্রিজে যান সুরিয়াকুমার। ওই ওভারে ভারত হারায় আরও দুটি উইকেট। পাওয়ার প্লেতেই পতন হয় চার উইকেটের। পরে রিঙ্কু সিং ও আকসার প্যাটেলের বিদায়ে ১৩ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৬ উইকেটে ৭৭। সুরিয়াকুমার খেলছেন তখন ২২ বলে ২১ রানে।

সেখান থেকেই দলকে টেনে নিয়ে যান তিনি। পরে শেষ দিকে তোলেন ঝড়।

শেষ ৫ ওভারে ভারত তোলে ৬৭ রান। এর মধ্যে সুরিয়াকুমারের অবদান ১৮ বলে ৪৮!

১৬১ রানের পুঁজি গড়ে ভারত ম্যাচ জিতে নেয় ২৯ রানে।

ম্যাচের পর সুরিয়াকুমার জানালেন, উইকেট বুঝে ইনিংস গড়েছেন তিনি। সেখানেই কাজে লেগেছে ময়দানের ক্রিকেটের অভিজ্ঞতা।

“আমার মনে হয়েছিল যে, একজন ব্যাটারকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। ১৮০-১৯০ রানের উইকেট এটিকে মনে হয়নি, ১৪০ রানের উইকেট মনে হয়েছে। ১৪ ওভারের পর (পানি পানের) বিরতির সময় গৌতি ভাইও (কোচ গৌতাম গাম্ভির) বললেন যে, ‘শেষ পর্যন্ত ক্রিজে থাকো, যে কোনো সময়ই পুষিয়ে দিতে পারবে।’ আমি সেই চেষ্টাই করেছি।”

“সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এখানে অনেক ক্রিকেট খেলেছি আমি, এই উইকেটে এবং মুম্বাইয়ের ময়দানগুলো। কাজেই জানি, এই ধরনের উইকেটে কীভাবে খেলতে হয়। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর একজন ব্যাটারকে শেষ পর্যন্ত খেলতেই হতো। আমি চেষ্টা করেছি ভালো ক্রিকেট শট খেলতে এবং নিজের শটগুলো খেলতে।”

৬ উইকেট হারানোর পর প্রবল চাপ যে অনুভব করেছেন, সেটিও অকপটেই বললেন সুরিয়াকুমার। তবে আত্মবিশ্বাসের কমতি ছিল না তার। সেখানেও বললেন ময়দানের ক্রিকেটের অবদানের কথা। 

“কেবল আমিই জানি, কতটা চাপ অনুভব করছিলাম! তবে বিশ্বাস ছিল আমার। আমি জানতাম, শেষ পর্যন্ত টিকে থাকলে পার্থক্য গড়ে দিতে পারি। উইকেট কিছুটা ভিন্ন ছিল। তবে যেটা বললাম, এই ধরনের উইকেটে মুম্বায়ের ময়দানগুলোতে অনেক খেলেছি। জানি, এখানে কীভাবে খেলতে হয়।”

জয়ে শুরুর পর ফেভারিট ভারত পরের ম্যাচে খেলবে নামিবিয়ার সঙ্গে দিল্লিতে আগামী বৃহস্পতিবার।