১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ভারতকে যেখানে এগিয়ে রাখছেন ভারুন

কলম্বোর স্পিন সহায়ক কন্ডিশনে রোমাঞ্চকর একটি লড়াইয়ের অপেক্ষায় আছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

কলম্বোতে টানা খেলায় ভারতের বিপক্ষে কন্ডিশনের সুবিধা পাবে পাকিস্তান, দুই দলের লড়াইয়ের আগে এনিয়ে চলছে আলোচনা। অন্যদের মতো সেটি মেনে নিচ্ছেন ভারুন চক্রবর্তীও। একই সঙ্গে কলম্বোর কন্ডিশন যে স্পিনাদের জন‍্য সহায়ক সেটি মনে করিয়ে দিয়ে ভারতীয় স্পিনার বললেন, এই জায়গায় শক্তিতে এগিয়ে তারা।

ভারতের বিশ্বকাপ দলে স্পিনার হিসেবে ভারুন ছাড়াও আছেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ, বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল ও অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দার।

বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে কেবল ভারুন আর আকসারকেই খেলিয়েছে ভারত। রহস্য স্পিনার ভারুন নামিবিয়ার বিপক্ষে ৭ রানে ৩ উইকেটসহ মোট নিয়েছেন চার উইকেট। আকসারও ধরেছেন চারটি শিকার।

পাকিস্তানের স্পিনাররাও এখন পর্যন্ত বৈশ্বিক আসরে ভালোই পারফরম্যান্স করছেন। দুই ম্যাচেই তাদের জয়ে বড় ভূমিকা রেখেছেন স্পিনাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে দুটি করে উইকেট নেন বাঁহাতি স্পিনার মোহাম্মাদ নাওয়াজ, লেগ স্পিনার আবরার আহমেদ ও সাইম আইয়ুব।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রথাগত বোলিং অ্যাকশনের উসমান তারিককে খেলায় পাকিস্তান। ওই ম্যাচে ৩ শিকার ধরেন এই অফ স্পিনার। লেগ স্পিনার শাদাব খান দুটি এবং নাওয়াজ ও আবরার ধরে একটি করে শিকার।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবশ্য অনেকদিন ধরেই এক নম্বর বোলার ভারুন। তার পরের স্থানটি আবরারের। সেরা দশে আছেন নাওয়াজও। যেখানে প্রথম দশ জনের মধ্যে নেই ভারতের আর কেউ।

এই সংস্করণের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও ভারতের ক্রিকেটার, আভিশেক শার্মা। সেরা দশে দলটির আছেন আরও দুইজন, তিলাক ভার্মা ও সুরিয়াকুমার ইয়াদাভ। আর ব্যাটসম্যানদের তালিকায় তিনে পাকিস্তানের সাহিবজাদা ফারহান। 

র‍্যাঙ্কিং দিয়ে অবশ্য সবসময় বিচার করা কঠিন। টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরেই দুর্দান্ত ছন্দে আছে ভারত। ২০২৪ বিশ্বকাপ জয়ের পর নয়টি সিরিজ জিতেছে তারা। শিরোপা ধরে রাখার অভিযানেও তাদের শুরুটা হয়েছে দারুণ।

পাকিস্তানের বিপক্ষেও জিততে আত্মবিশ্বাসী ভারুন। নামিবিয়ার বিপক্ষে জয়ের পর তিনি বললেন, স্পিন দিয়েই চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘায়েল করতে পারেন তারা।

“অবশ্যই, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত, এটা একটা দারুণ চ্যালেঞ্জ হবে। আমরা স্পিনের বিপক্ষে অনেক শক্তিশালী, আবার আমাদের নিজেদেরও ভালো স্পিন আক্রমণ আছে। আমার মনে হয়, এদিক থেকে আমরা ওদের চেয়ে এগিয়ে।”

“যদিও তারা টানা একই ধরনের কন্ডিশনে খেলছে, সে হিসেবে তারা কিছুটা সুবিধা পেতে পারে। তবুও আমি বিশ্বাস করি, দল হিসেবে আমরা ওদের চেয়ে ভালো করেছি এবং ভালোভাবেই প্রস্তুত আছি।”

এবারের বিশ্বকাপ হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। আর পাকিস্তান তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলবে কলম্বোতে। সেমি-ফাইনাল ও ফাইনালে পাকিস্তান উঠলে, ওই দুই লড়াইও হবে কলম্বোতে।

বিশ্বকাপের ভারত-পাকিস্তানের আলোচিত ম্যাচটি মাঠে গড়াবে আগামী রোববার।