২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘হ্যাডলির মতো বোল্টের বিকল্প পেতে লম্বা সময় লাগবে’

নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ইয়ান স্মিথের মতে, বোল্টের জায়গা পূরণ করার মতো কেউ নেই কিউই দলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 06:49 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

নিউ জিল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন রিচার্ড হ্যাডলি। তার মতো অলরাউন্ডার এখনও খুঁজে পায়নি দলটি। দেশটির সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ মনে করেন, হ্যাডলির মতো ট্রেন্ট বোল্টের অভাবও দীর্ঘদিন অনুভব করবে কিউইরা। তার মতে, বাঁহাতি এই পেসারের জায়গা পূরণ করার মতো কাউকে পেতে অনেক সময় লাগবে তাদের।

অনেক বছর ধরেই নিউ জিল্যান্ডের বোলিং আক্রমণের মূল বোলারদের একজন বোল্ট। তার নামের পাশে রয়েছে ৩১৭ টেস্ট ও ২১১ ওয়ানডে উইকেট। দেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত শিকার ধরেছেন ৮১টি।

প্রায় দুই বছর আগে নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় দলে এখন অনিয়মিত বোল্ট। খেলতে দেখা যায় বেশি আইসিসি টুর্নামেন্টে। সেই পথচলাও এবার শেষ হতে যাচ্ছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বলে দিন দুয়েক আগে ঘোষণা দেন তিনি।

তাই টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে তার শেষ ধরে নেওয়ায়ই যায়। বিশ্বকাপে নিজের সবশেষ ম্যাচটি খেলবেন তিনি সোমবার, পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

বোল্টের এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি কথা বলতে গিয়ে উত্তরসূরিকে প্রশংসায় ভাসান স্মিথ। স্বনামধন্য এই ধারাভাষ্যকার মনে করেন, বোল্টের অভাব পূরণ করার মতো কেউ নেই নিউ জিল্যান্ডের। 

“নিউ জিল্যান্ডে যখন বোল্টের বদলির কথা ভাববেন, তখন অনেক চেষ্টা করতে হবে। আর এই মুহূর্তে আমরা তার বদলি পাচ্ছি না, কারণ আমাদের দলে বিশ্বমানের কোনো বাঁহাতি পেসার নেই।”

এরপরই স্মিথ টেনে আনেন হ্যাডলির প্রসঙ্গ। গত শতাব্দির সত্তর-আশির দশকের সেরা অলরাউন্ডারদের একজন ছিলেন হ্যাডলি। টেস্টে তার ৪৩১ উইকেট এখনও নিউ জিল্যান্ডের রেকর্ড।

স্মিথের মতে, হ্যাডলির মতো বোল্টের বদলিও খুঁজে পেতে অনেক সময় লেগে যাবে নিউ জিল্যান্ডের। 

“অনেক ছেলেরা উঠে আসছে। তবে এটা (বোল্টের মতো কাউকে পাওয়া) অনেক অনেক লম্বা সময়ের ব্যাপার, রিচার্ড হ্যাডলির কীর্তির মতো। ট্রেন্ট বোল্ট যা করেছে সেটার প্রতিস্থাপন করতে বা কাছাকাছি আসতে অনেক সময় লাগবে।”