১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বৃষ্টি দেখে এত খুশি আগে কখনও হননি আইরিশ অধিনায়ক

ইংল্যান্ড আর এক বল পেলেও চিন্তায় পড়ে যেত আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 08:11 PM

Updated : 26 Oct 2022, 09:14 PM

শুরুর আগেই হানা দেয় বৃষ্টি। ফলে দেরিতে মাঠে গড়ায় খেলা। তবে ওভার কাটা যায়নি। কিন্তু শেষ পর্যন্ত পুরো ম্যাচ খেলাও সম্ভব হয়নি। ফের বৃষ্টির বাগড়ায় আগেভাগেই শেষ হয় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ম্যাচ। তাতে শেষ হাসি আইরিশদের। অধিনায়ক অ্যান্ডি বালবার্নির কাছে এটা তার ক্যারিয়ারের সবচেয়ে ‘আনন্দদায়ক বৃষ্টি।’

মেলবোর্নে বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। আগে ব্যাট করা আইরিশরা শেষ ওভারে গুটিয়ে গিয়েছিল ১৫৭ রানে।

জবাব দিতে নেমে ইংল্যান্ডের অবস্থাও ছিল নাজুক। ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তখনও জয়ের জন্য ৪১ বলে করতে হতো ৭২ রান। তখন পাল্টা আক্রমণ চালিয়ে বলের সঙ্গে রানের ব্যবধান কিছুটা কমান মইন আলি।

গ্যারেথ ডেলানির করা ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান মইন। পরের বলে ২ রান নিয়ে আবার বাউন্ডারি মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপরই নামে বৃষ্টি! খেলা শেষ করার কাট অফ টাইমের তখন বাকি স্রেফ ১৪ মিনিট। এর মধ্যে আর থামেনি বৃষ্টি।

ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ড তখনও পিছিয়ে ছিল ৫ রানে। খেলা আর শুরু করতে না পারায় জেতে আয়ারল্যান্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বালবার্নি বলেন, অল্পের জন্য বেঁচে গেছেন তারা। তার মতে, আর এক বল পেলেও হয়তো ম্যাচটি জিতিয়ে ফেলতেন মইন।

“মইন যেভাবে খেলছিল, তারা (ইংল্যান্ড) আরেকটি বল খেলার সুযোগ পেলেই আমি চিন্তায় পড়ে যেতাম। ড্রেসিংরুমেও কাকে যেন বলেছি এই কথা। ক্যারিয়ারে আমি খেলার সময় অনেক বৃষ্টি দেখেছি। আজকে যখন বৃষ্টি নামল, এর চেয়ে বেশি খুশি কখনও হইনি।”

বৃষ্টির সম্ভাবনা দেখলে যেকোনো অধিনায়ক সাধারণত পেসারদের আক্রমণে আনেন সময়ক্ষেপণ করার জন্য। তা না করে লেগ স্পিনার ডেলানিকে বোলিং দিয়েছিলেন বালবার্নি। এর ব্যাখ্যাও দিলেন তিনি।

“এটি এমন এক সময়, আপনি সবসময় (আকাশের দিকে) নজর রাখছেন এবং দেখতে পেলেন কালো মেঘের আনাগোনা। কিন্তু আপনি নিশ্চিত না কারণ ফ্লাডলাইট জ্বলছে এবং আশপাশে অনেক কিছু হচ্ছে। আপনি তখন ভাবতে শুরু করেন, আমার কি এখন একজন স্পিনার ব্যবহার করা উচিত?"  

খেলা বন্ধ হওয়ার পর ড্রেসিংরুমে ফিরে প্রথমে ভুল বার্তা পেয়েছিলেন বালবার্নি। তাকে জানানো হয়, ১৪ মিনিট পর থেকে ওভার কাটা শুরু হবে। যা ঠিক ছিল না।

"পরাবাস্তব! সত্যিই পরাবাস্তব অভিজ্ঞতা। সবকিছু খুব দ্রুত হয়ে গেছে। যখন মাঠের বাইরে এলাম, আমাকে বলা হলো ১৪ মিনিট পর থেকে ওভার কাটা শুরু হবে। আমি নিশ্চিত ছিলাম না এটি ঠিক কি না। এটি আসলে ছিল ১৪ মিনিটের মধ্যে খেলা শেষ করার সময়। তো সবকিছু খুব দ্রুত হয়ে গেল যা আমরা অর্জন করলাম।”

পুরো ম্যাচ হলে কি খুশি হতেন বালবার্নি?

“যদি আমরা জিততাম, তাহলে অবশ্যই (পুরো ২০ ওভার চাইতাম)। কিন্তু কে জানে কী হতো? স্যাম কারান ও ক্রিস ওকস বাকি ছিল এবং মইন সবেমাত্র মারতে শুরু করেছিল। আমি যেমনটা বললাম, আমাদের জন্য ভালো সময়ে বৃষ্টি নেমেছে। এই গ্রুপে আমরাও জয় পেলাম। এটি অসাধারণ অনুভূতি।”