সামনে থেকে নেতৃত্ব দিয়ে বালবার্নির ‘প্রথম’
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক।
পল স্টার্লিংয়ের পর লর্কান টাকারও আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। সে সময় স্রেফ বলে-বলে রান করে যাচ্ছিলেন অ্যান্ডি বালবার্নি। পরে রানের গতিতে দম দিয়ে করলেন ফিফটি। দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। ইংল্যান্ডের বিপক্ষে চমক জাগানো জয়ের পর অধিনায়কোচিত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন বালবার্নি।
এমসিজিতে বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ রানে জিতেছে আয়ারল্যান্ড।
দুই ছক্কা ও পাঁচ চারে বালবার্নির ৪৭ বলে খেলা ৬২ রানের ইনিংসের সৌজন্যে ১৫৭ রান করে আয়ারল্যান্ড। ইংল্যান্ড ইনিংসের পঞ্চদশ ওভারে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় তাদের রান ছিল ৫ উইকেটে ১০৫। জয়ের জন্য ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে সে সময় তাদের প্রয়োজন ছিল ১১০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেটে টাকারের সঙ্গে ৮২ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন বালবার্নি।
প্রথম ২৪ বলে তিনি করেন ২৫ রান। দশম ওভারে ক্রিস ওকসকে দুই চারের সঙ্গে একটি ছক্কা মেরে রানের গতি বাড়ান বালবার্নি। পরে ৪০ বলে স্পর্শ করেন পঞ্চাশ।
দৃঢ় ভিত সেভাবে কাজে লাগাতে পারেনি আইরিশরা। ১ উইকেটে ১০৩ রান থেকে চার বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৫৭ রানে।
বিস্ফোরক সব ব্যাটসম্যানে ঠাসা ইংল্যান্ড লাইনআপকে তাদের স্বাভাবিক ক্রিকেট খেলতে দেননি আইরিশ বোলাররা। ছয়ে নেমে আক্রমণাত্মক বাটিংয়ে ম্যাচ প্রায় ঘুরিয়েই দিচ্ছিলেন মইন আলি। তখনই নামে বৃষ্টি। নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন বালবার্নি। টি-টোয়েন্টিতে তার আট ফিফটির পাঁচটিতেই হলেন ম্যাচ সেরা।
