বাংলাদেশের বোলিং নিয়ে ভাবছেন প্রোটিয়া কোচ
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচটি দেখেছেন মার্ক বাউচার।
দিনের শুরু থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার দুপুরের ম্যাচে আকাশ গুমোট হলেও বৃষ্টি বাগড়া দেয়নি। বাইরে বসে সেই ম্যাচের কিছুটা দেখেছেন মার্ক বাউচার। বাংলাদেশের জয়ের ম্যাচে বোলিং পারফরম্যান্স নজর কেড়েছে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের।
হোবার্টের বেলেরিভ ওভালে দিনের প্রথম ম্যাচটি পুরোটাই মাঠে গড়িয়েছে। নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কিন্তু প্রকৃতির হাত থেকে রেহাই পায়নি দ্বিতীয় ম্যাচ। বারবার বৃষ্টির বাধায় বন্ধ হওয়া ম্যাচে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আশায় ছিল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিতে ৯ ওভারে নেমে আসা ম্যাচে প্রতিপক্ষকে ৭৯ রানে আটকে ফেলেছিল তারা। পরে নিজেরা ব্যাট করতে নেমে ৩ ওভারেই তুলে নেয় ৫১ রান। এরপর বৃষ্টিতে আর খেলা সম্ভব হয়নি। ফলে পরিত্যক্ত হয়ে যায় প্রতিবেশি দুই দেশের লড়াই।
টি-টোয়েন্টি ম্যাচে ফল আসার জন্য দুই দলকে ন্যুনতম ৫ ওভার করে খেলতে হবে। বৃষ্টি আইনে অনেক এগিয়ে থাকলেও পাঁচ ওভার ব্যাটিং না করায় জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ প্রোটিয়া শিবির।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন দলটির প্রধান কোচ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে জয় না পাওয়ার হতাশার মাঝেই পরের ম্যাচ নিয়ে নিজে ভাবনা জানিয়েছেন বাউচার।
“আপনি (বাকি) যে কয়টি ম্যাচ খেলবেন, জয়ের চেষ্টাই করবেন। বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে (ব্যাটিংয়ে) কিছুটা ধাক্কা খায়। পরে তাদের বোলিং বেশ ভালো হয়েছে।"
নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করে ১৪৪ রানে থেমেছিল বাংলাদেশ। জবাবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে জয়ের তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি ডাচরা। সেটিই নজর কেড়েছে বাউচারের।
তার আশা, সিডনিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আর বাধা হবে না বৃষ্টি। যাতে একটি ভালো ম্যাচ খেলে নিজেদের সামর্থ্যের জানান দিতে পারেন তারা।
"আমাদের এখন সবগুলো ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। আমরা এখন নতুন ভেন্যুতে (সিডনি) যাব। আশা করি, বৃষ্টি দূরেই থাকবে। যাতে আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারি এবং নিজেদের স্কিলের প্রদর্শনী করতে পারি।"
“টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান, বোলার আছে। যারা আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন।"
সুপার টুয়েলভের '২' নম্বর গ্রুপে ছয় দলেরই একটি করে ম্যাচ শেষ। নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে পাওয়া ২ পয়েন্টের সঙ্গে শ্রেয়তর রান রেটে শীর্ষে আছে বাংলাদেশ।
