শ্রীরামের চোখে ওপেনিং জুটি ‘সেটেলড’
সৌম্য ও শান্তকে সময় দিলে আরও ভালো করবে বলে মনে করেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট।
বিশ্বকাপ শুরুর আগে উদ্বোধনী জুটি নিয়ে হয়েছে নানান পরীক্ষা-নিরীক্ষা। প্রায় প্রতিটি সংবাদ সম্মেলনেই অবধারিত প্রশ্ন ছিল, ইনিংস সূচনা করবেন কোন দুজন? অবশেষে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর জুটিতে স্থির হয়েছে বাংলাদেশ। দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম জানালেন, এ জুটি তার কাছে থিতু মনে হচ্ছে।
ব্রিজবেনে রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আবারও উদ্বোধনী জুটি নিয়ে প্রশ্ন শুনে খোঁচাও মারলেন শ্রীরাম। পরে বললেন, শান্ত ও সৌম্যর জুটির ওপর আস্থা থাকার কথা।
হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে দুই ওপেনার মিলে ৫.১ ওভারে গড়েছিলেন ৪৩ রানের জুটি। এর সৌজন্যে টি-টোয়েন্টি সংস্করণে ৩০ ম্যাচ পর প্রথম উইকেটে ৪০ ছাড়ানো জুটির দেখা পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শুরুটা মন্দ ছিল না। ২০৬ রানের বিশাল লক্ষ্যে দুই ওভারে ২৬ রান তুলেছিলেন শান্ত ও সৌম্য।
তৃতীয় ওভারে শান্তর বিদায়ে ভাঙে জুটি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এই দুই ম্যাচে শান্ত করেন ২৫ ও ৯ রান। সৌম্যর দুই ইনিংসে সংগ্রহ ১৪ ও ১৫ রান। দুজনের ইনিংস বড় না হলেও তাদের ব্যাটিংয়ের ধরনে সন্তুষ্ট শ্রীরাম। বিশ্বকাপের আগের সব পরীক্ষা-নিরীক্ষা ভালোভাবে কাজ হয়েছে বলে মনে করেন তিনি।
“আমার মতে, ভালো হচ্ছে। প্রথম ম্যাচে (উদ্বোধনী জুটিতে) আমরা ৪৭ (আসলে ৪৩) রান পেয়েছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওভারে বিনা উইকেটে ২৬ রান করেছিলাম। উদ্বোধনী জুটি সেটেলড মনে হচ্ছে।”
এখনই শান্ত-সৌম্যকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন না শ্রীরাম। বরং দুজন আরও যত খেলবেন, তত শিখবেন বলে ধারণা টেকনিক্যাল কনসালটেন্টের।
“আমার মতে, এখানে বিষয়টি হলো তাদেরকে ম্যাচ খেলতে দিতে হবে। এক সঙ্গে যত খেলবে, যত অভিজ্ঞতা বাড়বে, যত বেশি ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলবে; তারা তত শিখবে। পুরো বিষয়টি হলো গতি ধরতে পারা। তারা এটি শিখে ফেলবে।”
“কুইন্টন ডি কক ও রাইলি রুশোর মতো ভালো খেলোয়াড়রা এমনটাই করে থাকে। তারা শুরুটা পেয়ে গেলে সেটি ধরে বড় ইনিংস খেলে এবং আমরা যে ‘ইমপ্যাক্টের’ কথা বলছি সেটি রাখতে পারে। আমি মনে করি, এখন শান্ত ও সৌম্যর জন্য শেখার প্রক্রিয়া চলছে। আমার মতে, তারা করতে পারবে।”
উল্লেখ্য, গত অগাস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্বকাপ শুরুর আগপর্যন্ত শ্রীরামের অধীনে ৮ ম্যাচে পাঁচটি ভিন্ন উদ্বোধনী জুটি খেলিয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি চার ম্যাচে ছিলেন দুই মেকশিফট ওপেনার সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। সেই চিন্তা থেকে বেরিয়ে প্রথাগত ওপেনার সৌম্য-শান্তকেই বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য।
