রোহিতের চোখে ম্যাচের মোড় ঘুরে যাওয়া মুহূর্ত
১৯তম ওভারে হারিস রউফের বলে বিরাট কোহলির দুই ছক্কা ভারত অধিনায়কের মতে ম্যাচের টার্নিং পয়েন্ট।
শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ৩১ রান। শেষের আগের ওভারে হারিস রউফ প্রথম চার বলে রান দেন স্রেফ ৩। ম্যাচ তখন অনেকটা পাকিস্তানের হাতের মুঠোয়। কিন্তু পরক্ষণেই বদলে গেল সব। রউফকে টানা দুই ছক্কায় উড়িয়ে ম্যাচের দিক বদলে দিলেন বিরাট কোহলি। অবিশ্বাস্য জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, ওই মুহূর্তেই ভাগ্য হেলে পড়েছিল তাদের দিকে।
মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার এশিয়ার দুই পরাশক্তির ম্যাচটি গড়ায় শেষ ওভারের রোমাঞ্চে। ১৬০ রানের লক্ষ্য তাড়ায় শেষ বলে ভারত জেতে ৪ উইকেটে।
সপ্তম ওভারে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে জয়ের দিকে এগিয়ে নেন কোহলি। ৪ ছক্কা ও ৬ চারে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন এই তারকা ব্যাটসম্যান।
শেষ ৩ ওভারে যখন ৪৮ রান দরকার ভারতের, শাহিন শাহ আফ্রিদিকে ৩ চার মারেন কোহলি। ওভার থেকে আসে ১৭ রান। পরের ওভারের শুরুতে ম্যাচ থেকে অনেকটা দূরে সরে যায় ভারত। কিন্তু ৮ বলে ২৮ রানের সমীকরণে রউফকে ওই দুই ছক্কায় পরিস্থিতি বদলে দেন কোহলি।
পরে শেষ ওভারে ১৬ রানের সমীকরণে অনেক নাটকীয়তা শেষে ভারতের মুখেই ফোটে হাসি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রোহিত বললেন, রউফের বলে কোহলির দুই ছক্কাই পাল্টে দিয়েছে ম্যাচের ভাগ্য। ভারত অধিনায়ক তুলে ধরলেন পঞ্চম উইকেটে কোহলি ও হার্দিক পান্ডিয়ার ১১৩ রানের জুটির গুরুত্ব।
“অবশ্যই পরিস্থিতি সহজ ছিল না। আমাদের সম্ভবত শেষ পাঁচ ওভারে ৬২ (৬০) রান প্রয়োজন ছিল, যেটা সহজ নয়... এটি খুব সম্ভবত আমার দেখা সেরা জুটিগুলির একটি। বিরাট দুর্দান্ত খেলল।”
“হারিস রউফের বলে সেই দুই ছক্কা আমার মতে টার্নিং পয়েন্ট ছিল। ঠিক টার্নিং পয়েন্ট বলব না; তখনই ম্যাচটি কিছুটা আমাদের দিকে হেলে পড়ে। কারণ, আমরা জানতাম স্পিনারের এক ওভার বাকি আছে। তো ড্রেসিংরুমে আমরা ভাবছিলাম, শেষ ওভারের সমীকরণ ১৫ থেকে ১৮ রানের মধ্যে রাখতে পারলে বোলার চাপে থাকবে। সে (নাওয়াজ) এশিয়া কাপে আমাদের বিপক্ষে শেষ ওভার করেছিল এবং তার বিপক্ষে হার্দিক কিছু দারুণ শট খেলেছিল।
