২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিলি মিসটেক’ কমিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে করা ভুলগুলো মেনে নিয়ে দ্বিতীয় ম্যাচে সেগুলো শুধরে নেওয়ার তাগিদ লিটন দাসের।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 08:30 AM

Updated : 08 Jul 2023, 11:01 AM

‘আমিসহ আমাদের ব্যাটসম্যানরা আলগা শট খেলেছে’- প্রথম ম্যাচ হারের পর বলেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। আপাতত তিনি দল থেকে দূরে। তবে ব্যাটসম্যানদের ভুলগুলোতে তো তরতাজা! দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে তামিমের কথাগুলোই বললেন লিটন দাস। ভুলগুলো শুধরে নেওয়ার মাঝেই ঘুরে দাঁড়ানোর পথ দেখছেন পরিবর্তিত পরিস্থিতিতে নেতৃত্ব পাওয়া ব্যাটসম্যান।

বিশ্বকাপে চোখ রেখে সেরা প্রস্তুতির লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সেই অভিযানে শুরুতেই লেগেছে ধাক্কা। বৃষ্টিময় প্রথম ম্যাচে বিবর্ণ ব্যাটিংয়ে পরাজয় সঙ্গী করে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন অবশ্য এই পরাজয়কে ‘ধাক্কা’ মানতে নারাজ।

প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুই দলেরই ধারণা ছিল, চট্টগ্রামের উইকেট হবে ব্যাটিং সহায়ক। বড় রানের ম্যাচ হলে বিশ্বকাপের জন্যও সুবিধা পাবে দল, এমনটাই জানান বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সবুজ ও অসম বাউন্সের উইকেটে কোনোরকমে দেড়শ পেরোয় স্বাগতিকরা। 

শুরুর দিকের চ্যালেঞ্জ কিছুটা ভালোভাবেই সামলান তামিম, লিটন, নাজমুল হোসেন শান্তরা। কিন্তু নতুন বলের চ্যালেঞ্জ উতরানোর পর একের পর এক আলগা শটে উইকেট বিলিয়ে আসেন তারা। একই দায় দেওয়া যায় মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজদেরও।

দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিটন দাস জানালেন, ব্যাটিংয়ে এমন ভুল ঠিক করতে পারলেই মিলবে সফলতা। 

“(প্রথম ম্যাচের হারকে) ধাক্কা বলব না এবং এটাও না যে, তিনশই করা লাগবে। উইকেট যদি সাড়ে তিনশ বা চারশ রানের হয়, আমরা যদি ভালোভাবে সেট থাকি, অবশ্যই হবে। উইকেটে যদি চাহিদা থাকে আড়াইশ করার, আমরা ওইটাই চেষ্টা করব।” 

“আমি বলব যে, (প্রথম ম্যাচে) প্রয়োগের ক্ষেত্রে কিছু ভুল ছিল ব্যাটসম্যানদের। আমরা খুব একটা ভালো বলে কেউই আউট হইনি, হয়তো এক-দুইজন ছাড়া। আমাদের চেষ্টা থাকবে, সিলি মিসটেকগুলো যেন আমরা না করি পরের ম্যাচে। যত কম করব, ততো আমাদের জন্য ভালো হবে।

ডাকওয়ার্থ-লুইস স্টার্ন মেথডে ১৭ রানে জেতা ম্যাচে ম্যান অব দা ম্যাচ ছিলেন ফজলহক ফারুকি। বাঁহাতি পেসার ২৪ রানে নেন ৩ উইকেট। 

তবে রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবিরা স্পিনেও রাখেন বড় অবদান। তিন জন মিলে ২৪ ওভারে স্রেফ ৬৯ রান খরচায় ধরেন ৫ শিকার। 

ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী লিটন দ্বিতীয় ম্যাচে স্পিনারদের আরও ভালোভাবে সামলানোর তাগিদ দিলেন ব্যাটসম্যানদের।

“আমরা বেশিরভাগ ব্যাটসম্যানই (প্রথম ম্যাচে) স্পিন বেশিক্ষণ খেলতে পারিনি। আমি হয়তো ছয়-সাত বল, শান্ত ছয়-সাত বল, মুশফিক ভাই দুই-তিন বল, মিরাজ কয়েকটা বল, আফিফও কয়েকটা বল। সাকিব ভাইও অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এতটাও সহজ নয়, চাপের পরিস্থিতিতে ব্যাটিং করে ছন্দ খুঁজে পাওয়া।”

“আমি যেটা বললাম, আমরা অনেক সিলি মিসটেক করেছি। এই জিনিসগুলা আমরা যদি আগামীকাল না করি, এই জিনিসটা (প্রথম ম্যাচের ব্যর্থতা) উল্টো হয়ে যাবে। এটাই চেষ্টা থাকবে। আমরাও জানি, মাঝের ওভারে তাদের মূল অস্ত্রই স্পিন। তো আপনি ওখানে যত কম উইকেট দেবেন, ততোই খেলায় থাকবেন।”

শনিবার দুপুর ২টায় শুরু সিরিজের দ্বিতীয় ম্যাচ।