২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুমোট দিনে লাবুশেন-খাওয়াজার আলো

বিরূপ আবহাওয়ায় ভেস্তে গেছে সিডনি টেস্টের প্রথম দিনের অর্ধেক খেলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 03:36 PM

Updated : 04 Jan 2023, 05:15 PM

সকাল থেকে মেঘাচ্ছন্ন সিডনির আকাশ আর গুমোট চারপাশ। নামল বৃষ্টিও। বিরূপ প্রকৃতির মাঝেই দারুণ সব শটের পসরা মেলে আলো ছড়ালেন মার্নাস লাবুশেন ও উসমান খাওয়াজা। দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশ করে দুজনই উপহার দিলেন ফিফটি। অস্ট্রেলিয়া পেল শক্ত ভিত।

বৃষ্টি আর আলোকস্বল্পতায় তৃতীয় টেস্টের প্রথম দিন খেলা খেলা হয়েছে কেবল ৪৭ ওভার। অস্ট্রেলিয়া তুলেছে ২ উইকেটে ১৪৭ রান।

খাওয়াজা অপরাজিত আছেন ৫৪ রান করে। এই ইনিংসের পথে তিনি পূর্ণ করেছেন ৪ হাজার টেস্ট রানও। ৭৯ রান করে আউট হয়েছেন লাবুশেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার টস জিতে ব্যাটিং নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। উইকেটে আছে খানিকটা ঘাসের ছোঁয়া। অস্ট্রেলিয়ার মাঠগুলির মধ্যে সিডনিতে স্পিনে সহায়তা মেলে একটু বেশি। দুই দলের একাদশে তাই বিশেষজ্ঞ স্পিনার দুই জন করে।

২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার। কোভিড পজিটিভ হয়েও খেলছেন ব্যাটসম্যান ম্যাট রেনশ, ২০১৮ সালের পর টেস্টে প্রথম।

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় দারুণ। আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নারকে চতুর্থ ওভারেই ফিরিয়ে দেন আনরিক নরকিয়া। গতিময় পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করে স্লিপে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান।

খাওয়াজা ও লাবুশেন শুরু থেকে ছিলেন ইতিবাচক। প্রথমে দুই জনে সময় নেন কিছুটা। এরপর দারুণ সব শটে চার মারেন, বিশেষ করে লাবুশেন।

প্রথম সেশনে ২৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ছিল ১ উইকেটে ৬৮। লাঞ্চ বিরতির পর প্রথম ওভারে অফ স্পিনার সাইমন হার্মারের বলে খাওয়াজাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। বাঁহাতি ব্যাটসম্যান রিভিউ নিয়ে ২৫ রানে বাঁচেন বল আগে গ্লাভসে লাগায়।

লাবুশেন আগে ফিফটি পূর্ণ করেন ১০২ বলে। পঞ্চাশ ছুঁতে খাওয়াজার লাগে ১১৩ বল। তার আগে একটি ক্যাচ ঘিরে তৈরি হয় বিতর্ক।

বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের বল লাবুশেনের ব্যাটে লেগে যায় স্লিপে। নিচু ক্যাচ মুঠোয় জমিয়ে উদযাপন শুরু করেন হার্মার। অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেল সিদ্ধান্ত পাঠান তৃতীয় আম্পায়ারের কাছে। তার ‘সফট সিগন্যাল’ ছিল আউট।

বেশ কয়েকটি অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে হার্মারের হাতে থাকা বল মাটি স্পর্শ করেছিল কি-না, তা বোঝা দুর্বোধ্য ছিল। তবে তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো ঘোষণা দেন ‘নট আউট।’ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের চোখে-মুখে হতাশা ছিল স্পষ্ট।

খানিক পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। পরে নামে বৃষ্টি। আড়াই ঘন্টা পর আবার শুরু হয় খেলা, তবে হতে পারে স্রেফ ৪ ওভার। এই সময়েই ১৪৬ কিলোমিটার গতির অসাধারণ এক ডেলিভারিতে লাবুশেনকে কট বিহাইন্ড করান নরকিয়া। সেটিই হয়ে থাকে দিনের শেষ বল। আলোকস্বল্পতা আর বৃষ্টিতে পরে খেলা চালানো সম্ভব হয়নি।

উইকেটে গেলেও কোনো বল খেলার সুযোগ পাননি স্টিভেন স্মিথ। লাবুশেনের ১৫১ বলে ৭৯ রানের ইনিংসটি গড়া ১৩টি চারে।

দারুণ বোলিংয়ে ১১ ওভারে ২৬ রান দিয়ে দিনের উইকেট দুটি নেন নরকিয়া। 

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৪৭/২ (খাওয়াজা ৫৪*, ওয়ার্নার ১০, লাবুশেন ৭৯*; রাবাদা ১২-১-৪৫-০, নরকিয়া ১১-৩-২৬-২, ইয়ানসেন ১০-২-২৩-০, মহারাজ ৯-০-৩৫-০, হার্মার ৫-১-১৬-০)