‘১০০ ওভারে ৩৫০-৪০০ রান করতে পারলে দলের জন্য ভালো’
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করবে বাংলাদেশ, বললেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরের বাইরের নেটে লম্বা সময় ব্যাটিংয়ের পর মূল মাঠে ঢুকলেন লিটন দাস। সামনে এগিয়ে থামলেন সেন্টার উইকেটে। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের থ্রো ডাউনে শুরু করলেন ছক্কা মারা। কিছুক্ষণ পর বাম পাশের উইকেটে গিয়ে খেললেন একের পর এক রিভার্স সুইপ ও রিভার্স স্কুপ। দেখা গেল কিছু সুইচ হিটও। কে বলবে, পরদিন টেস্ট ম্যাচ!
শুধু সোমবারই নয়, লিটনের অনুশীলনে এরকম ধুমধারাক্কা ব্যাটিং ছিল আগের দিন। অবশ্য তিনি একা নন, নেটে সুযোগ পেলেই আগ্রাসী শট খেলতে দেখা গেছে তামিম ইকবালকেও। ম্যাচেও যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রয়াসে থাকবে দল, তা পরিষ্কার হলো পরে মেহেদী হাসান মিরাজের সংবাদ সম্মেলনে।
সিলেট ও চট্টগ্রামে সাদা বলের দুই সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর ঢাকায় ফিরে মঙ্গলবার আইসিসির নবীন পূর্ণ সদস্য দেশটির বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ।
ম্যাচের আগে দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। সাদা বলে খেলার রেশকেই যেন লাল বলে বয়ে এনেছেন লিটন। দুই দিনই আগ্রাসী ভূমিকায় দেখা গেছে তাকে। নিজেদের জোনে বল শট খেলেছেন তামিম, মুশফিকুর রহিমরাও।
ইংল্যান্ডের হাত ধরে গত দেড়-দুই বছরে টেস্টেও আক্রমণাত্মক ক্রিকেট ঢুকে গেছে। ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনায় এখনও পর্যন্ত তারা দারুণ সফল। তাদের সেই সাফল্য এখন অন্য অনেক দেশের জন্যও উদাহরণ।
আইরিশদের বিপক্ষে টেস্টে নামার আগে সংবাদ সম্মেলনে মিরাজের কথায়ও আগ্রাসী সেই ঘরানাকে রপ্ত করার ইঙ্গিত থাকল।
“আধুনিক ক্রিকেটে এখন সব সংস্করণেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে। টেস্ট ক্রিকেটও কিন্তু এখন বিশ্বে যেমন চলছে, আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলছে সবাই। তো অবশ্যই আমরাও চেষ্টা করব।”
নিজেদের বদলে ফেলার কিছুটা আভাস আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও দেখিয়েছে বাংলাদেশ। সিলেটে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সাড়ে তিনশ ছুঁইছুঁই স্কোর দাঁড় করায় তারা। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ছাড়িয়ে যায় দুইশ।
তবে দল হিসেবে ইংল্যান্ডের ঘরানায় খেলার কোনো বার্তা দল থেকে সুনির্দিষ্টভাবে দেওয়া হয়নি, তা নিশ্চিত করলেন মিরাজ।
“আমরা যদি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি, তাহলে তো ভালো। দিন শেষে রান করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ১০০ ওভারে ৩৫০-৪০০ রান করতে পারি, এটা দলের জন্য ভালো, দেশের জন্যও ভালো এবং ক্রিকেটারদের জন্যও ভালো।”
“এটা উইকেটের ওপর নির্ভর করে। কীভাবে উইকেট পড়ছে এবং বোলার কীরকম বল করছে। দিন শেষে মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ। এখন বিশ্ব ক্রিকেটে আক্রমণাত্মক ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ। কীভাবে খেলছি, নিজেদের মানিয়ে নিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ।”
তাই বলে তেড়েফুঁড়ে খেলবে না বাংলাদেশ। বরং পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট ক্রিকেটারই আক্রমণাত্মক খেলার সিদ্ধান্ত নেবেন বলে জানালেন মিরাজ।
“আক্রমণাত্মক ক্রিকেট বলতে, টেস্ট ক্রিকেট অবশ্যই টেস্ট ক্রিকেটের মতোই খেলব। যদি নির্দিষ্ট কোনো ক্রিকেটারের কাছে মনে হয় যে, 'আমি আক্রমণাত্মক ক্রিকেট খেললে আমার জন্য ভালো।' সেটা একেকজন ক্রিকেটারের নিজের পরিকল্পনা যে সে কীভাবে কী করবে। সেটা একজন ক্রিকেটারের ওপর নির্ভর করে।”
