শীর্ষের আরও কাছে কোহলি
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চূড়ায় থাকা শুবমান গিলের সঙ্গে ব্যবধান কমিয়েছেন ভারতীয় গ্রেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বিস্ফোরক সেঞ্চুরি করে র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন ভিরাট কোহলি। শীর্ষে থাকা সতীর্থ শুবমান গিলের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছেন ভারতের ব্যাটিং গ্রেট।
যথারীতি বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এক ধাপ এগিয়েছেন কোহলি। তার রেটিং পয়েন্ট এখন ৭৯৬। কোহলির চেয়ে ২০ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় গিল (৮১৬)।
গিলের (৮০১) থেকে ৩৪ পয়েন্ট কম নিয়ে গত রোববারের ম্যাচটি খেলতে নামেন কোহলি। রান তাড়ায় ৮৮ বলে ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইনিংসটির পথে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৫ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। সঙ্গে গড়েন ১৫ হাজারে সবার আগে পৌঁছানোর রেকর্ড।
রেকর্ড ৫৫তম ওয়ানডে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শতক সংখ্যা ৮৬-তে নিয়ে যান কোহলি। এই পারফরম্যান্সে ২৯ রেটিং পয়েন্ট বাড়ে তার। তাতে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলকে (৭৯৪) পেছনে ফেলে দুইয়ে উঠে যান তিনি।
২০২২ সালের জুলাইয়ের পর এটাই কোহলির সর্বোচ্চ রেটিং পয়েন্ট। ক্যারিয়ারে মোট ১ হাজার ৫৪৭ দিন ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন তিনি। তার চেয়ে বেশি সময় এক নম্বরে ছিলেন কেবল ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই ম্যাচে সেঞ্চুরি করেন গিলও। ১১০ রানের ইনিংসটির সৌজন্যে ১৫ রেটিং পয়েন্ট বাড়ে তার।
গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১২৬ রান করেন টম ব্যান্টন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ৩৩৩ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠেছেন ইংলিশ ব্যাটসম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরিসহ সিরিজে ১৯৮ রান করে, তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সাত নম্বরে উঠে এসেছেন কুসাল মেন্ডিস। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের উন্নতি এক ধাপ, আছেন ১১তম স্থানে। তার সতীর্থ বেন ডাকেট চার ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে।
অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ১৯ ধাপ অগ্রগতি হয়েছে ম্যাথু ব্রিটস্কির। দক্ষিণ আফ্রিকান মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন ২১তম স্থানে। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে র্যাঙ্কিংয়ে ঢুকেছেন ডেভিড মিলার, অবস্থান ৪১তম। ওই ম্যাচেরই আরেক সেঞ্চুরিয়ান টেম্বা বাভুমা ১০ ধাপ এগিয়ে আছেন ৩২ নম্বরে।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান ও পাকিস্তানের আবরার আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে এখন তিনে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ। তাতে নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনার নেমে গেছেন চারে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চার শিকার ধরে চার ধাপ এগিয়েছেন কুলদিপ ইয়াদাভ, অবস্থান পঞ্চম। পাঁচ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হেইজেলউড (দশম)। অন্যদের অবনতিতে এক ধাপ এগিয়ে ১১ নম্বরে নাহিদ রানা।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
