রবির ফের সেঞ্চুরি, ইমরুল-ইয়াসিরের আক্ষেপ, আল আমিনের ৫ উইকেট
ঢাকা প্রিমিয়ার লিগে এদিন পঞ্চাশের দেখা পেয়েছেন সাব্বির রহমান, মুমিনুল হকসহ আরও অনেকে।
আগের ম্যাচে দারুণ সেঞ্চুরি উপহার দেওয়া রবি তেজা ব্যাট হাতে জ্বলে উঠলেন আবারও। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এনে দিলেন বড় পুঁজি। কিন্তু চিরাগ জানির অলরাউন্ড নৈপুণ্য এবং সাব্বির রহমান ও ইরফান শুক্কুরের কার্যকর ফিফটিতে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে পেরে ওঠেনি তার দল।
ফতুল্লায় শনিবার রূপগঞ্জের জয় ৬ উইকেটে। গাজী গ্রুপের ২৭৭ রান তারা পেরিয়ে যায় ১৪ বল বাকি থাকতে।
প্রাইম ব্যাংকের বিপক্ষে ১০১ রান করা রবি এবার খেলেন ১০৩ রানের ইনিংস। ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যানের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি সাজানো ২ ছক্কা ও ৯ চারে। তিনটি করে ছক্কা-চারে মাহমুদুল হাসান করেন ৫৫ রান।
গাজী গ্রুপকে তিনশর আগে থামিয়ে দেওয়ার পথে ৫৭ রান দিয়ে ৫ উইকেট নেন আল আমিন হোসেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ডানহাতি পেসারের এটি পঞ্চম পাঁচ উইকেট।
বল হাতে দুই উইকেট নেওয়া চিরাগ জানি পরে আলো ছড়ান ব্যাটিংয়েও। ৩ ছক্কা ও ৫ চারে ৫২ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলা ভারতীয় অলরাউন্ডার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
রূপগঞ্জের জয়ে অবদান কম নয় সাব্বির, ইরফানের। ২ ছক্কা ও ৮ চারে ৬৬ রান করেন সাব্বির। ইরফানের অপরাজিত ৭৭ রানের ইনিংসটি গড়া ১ ছক্কা ও ৩ চারে।
টস হেরে ব্যাটিংয়ে নামা গাজী গ্রুপকে শুরুতে চেপে ধরেন আল আমিন। নিজের প্রথম দুই ওভারে ফিরিয়ে দেন প্রতিপক্ষের টপ অর্ডার তিন ব্যাটসম্যানকেই। পরপর দুই বলে মেহেদি মারুফ ও ফরহাদ হোসেনকে বোল্ড করার পর হাবিবুর রহমানকে এলবিডব্লিউ করে দেন তিনি।
১৪ রানে ৩ উইকেট হারানো গাজী গ্রুপকে খাদের কিনার থেকে টেনে তোলেন রবি ও মাহমুদুল, গড়েন ১১৫ রানের জুটি। ৬৮ বলে ফিফটি করা মাহমুদুলের বিদায়ে ভাঙে তাদের প্রতিরোধ।
রবি কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন ১০৯ বলে। তার শতক ছাড়ানো ইনিংস থামে সোহাগ গাজীর বলে সাব্বিরের হাতে ধরা পড়ে।
রান তাড়ায় ৫২ রানে দুই ওপেনারকে হারায় রূপগঞ্জ। এরপর দলকে টানেন সাব্বির ও ইরফান। দুইজনে গড়েন ১০৩ রানের জুটি।
৬৬ বলে ফিফটি করা সাব্বির সাজঘরে ফেরেন জুবারুলের বলে। উইকেটে নেমে আগ্রাসী ব্যাটিংয়ের পথ বেছে নেন চিরাগ। তার পঞ্চাশ আসে ৪১ বলে। ইরফানের সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে পৌঁছে দিয়ে ফেরেন তিনি।
তানবীর হায়দারকে নিয়ে বাকি পথ নিরাপদে পাড়ি দেন ৬৭ বলে ফিফটি করা ইরফান।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৮.১ ওভারে ২৭৭ (হাবিবুর ৯, মারুফ ০, ফরহাদ ০, রবি ১০৩, মাহমুদুল ৫৫, আকবর ২১, জুবারুল ২০, এনামুল ২২, অনিক ২৮, নিহাদ ৮, হুসনা ০*; চিরাগ ৯-১-৩৮-২, আল আমিন ৯.১-১-৫৭-৫, সোহাগ ১০-০-৪৮-২, মুক্তার ৩-০-২০-০, নাঈম জুনি. ৮-০-৪৯-১, মাশরাফি ৯-০-৫৯-০)
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৪৭.৪ ওভারে ২৮০/৪ (মুনিম ১৪, পারভেজ ৩৭, সাব্বির ৬৬, ইরফান ৭৭*, চিরাগ ৬৮, তানবির ১৫*; এনামুল ১০-০-৪১-১, হুসনা ১০-০-৬৫-০, মাহমুদুল ৫-০-৩৮-০, অনিক ৬-১-৩৯-১, রবি ৪-০-২৪-০, নিহাদ ৯.৪-০-৪৭-১, জুবারুল ৩-০-২৬-১)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: চিরাগ জানি
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, ইমরুলের ৮৬
১২ বছরেরও বেশি সময় পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগের একদিনের ম্যাচের সংস্করণে খেলতে নেমে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ সাকিব আল হাসান। তার হতাশার দিনে অল্পের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি ইমরুল কায়েস। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
বিকেএসপির চার নম্বর মাঠে শিরোপাধারী শেখ জামালকে ২২ রানে হারিয়েছে মোহামেডান। ২৯০ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ২৬৮ রানে থামিয়ে আসরে প্রথম জয় পেয়েছে দলটি।
প্রিমিয়ার লিগের ৫০ ওভারের আসরে মোহামেডানের হয়ে সাকিব সবশেষ খেলেছিলেন ২০১০-১১ মৌসুমে। তখনও পর্যন্ত লিস্ট ‘এ’ মর্যাদা পায়নি এই লিগ। চট্টগ্রামে শুক্রবার আয়ারল্যান্ডের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সাকিব পরদিন বিকেএসপিতে খেলতে নেমে ব্যাটিংয়ে করেন কেবল ৫ রান। বল হাতে ছিলেন উইকেটশূন্য।
টস হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডানকে ভালো শুরু এনে দেন ইমরুল ও রনি তালুকদার। আগের দিন চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলা রনির (৩২) বিদায়ে ভাঙে ৭৯ রানের উদ্বোধনী জুটি।
সাকিবের মতো ৫ রানে বিদায় নেন মেহেদী হাসান মিরাজও। মাহমুদউল্লাহকে নিয়ে দলের রান বাড়ান ইমরুল। আসরে নিজের প্রথম সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ইমরুল ফেরেন ২ ছক্কা ও ১০ চারে ৮৬ রান করে। মাহমুদউল্লাহ ২ ছক্কা ও ৫ চারে করেন ৪৮ রান।
শেষ দিকে আরিফুল হকের ৪ ছক্কা অপরাজিত ৩৯ ও জেইক লিনটটের দুটি করে ছক্কা-চারে ২৪ রানের ইনিংসে তিনশর কাছে যায় মোহামেডান।
লক্ষ্য তাড়ায় সাইফ হাসান ও সৈকত আলি শেখ জামালকে এনে দেন ভালো শুরু। তাদের ৮৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে সৈকতের বিদায়ে। চারটি করে ছক্কা-চারে ৫৮ রান করে এক ওভার পর ফেরেন সাইফও।
ফজলে মাহমুদ (৩৬) ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। বল হাতে ২ উইকেট নেওয়া ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল করেন ২ ছক্কা ও ৩ চারে ৬৩ রান। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় শেখ জামাল।
বিধ্বংসী ব্যাটিংয়ের পর বাঁহাতি রিস্ট স্পিনে ৩ উইকেট নেওয়া ইংলিশ ক্রিকেটার লিনটট জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৯০/৭ (ইমরুল ৮৬, রনি ৩২, মিরাজ ৫, সাকিব ৫, মাহমুদউল্লাহ ৪৮, মাহিদুল ২২, সৌম্য ৮, আরিফুল ৩৯*, লিনটট ২৪*; শফিকুল ৯-২-৫৩-১, জিয়াউর ৫-০-৩০-০, রসুল ৯-০-৩৭-২, মৃত্যুঞ্জয় ১০-০-৬৪-১, আরিফ ১০-০-৫৯-২, সাইফ ২-০-১৩-১, তাইবুর ৫-০-২৫-০)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৯.২ ওভারে ২৬৮ (সাইফ ৫৮, সৈকত ২৬, ফজলে মাহমুদ ৩৬, হৃদয় ২, সোহান ১১, রসুল ৬৩, তাইবুর ১১, জিয়াউর ১১, মৃত্যুঞ্জয় ২২*, আরিফ ৯, শফিকুল ১; সাকিব ১০-১-৩১-০, নাজমুল ১০-১-৩৮-১, আবু জায়েদ ৯-০-৮৩-৩, লিনটট ১০-০-৭২-৩, মিরাজ ১০-০-৪২-১, সৌম্য ০.২-০-১-০)
ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ২২ রান জয়ী
ম্যান অব দা ম্যাচ: জেইক লিনটট
ইয়াসিরের ৪ রানের আক্ষেপ, মুমিনুল-নাসিরের ফিফটি
ছয় নম্বরে আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন ইয়াসির আলি চৌধুরি। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪ রানের জন্য তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন না তিনি। তার বিস্ফোরক ইনিংসের সঙ্গে নাসির হোসেনের ফিফটিতে তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ল প্রাইম ব্যাংক। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় রূপগঞ্জ টাইগার্সকে অল্পতে গুটিয়ে দিয়ে বড় জয় তুলে নিল তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংকের জয় ১২৪ রানে। বৃষ্টিতে দেরিতে খেলা শুরু হলে এক ওভার কমিয়ে দেওয়া ম্যাচে ৩৩২ রান করে প্রাইম ব্যাংক। পরে প্রতিপক্ষকে তারা গুঁড়িয়ে দেয় ২০৮ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংকের দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল (৩০) ও শাহাদাত হোসেন (৪৬) শুরুটা ভালো করেন। কিন্তু ইনিংস দীর্ঘ করতে পারেননি কেউই। মোহাম্মদ মিঠুনও (৩৭) একই পথের পথিক।
নাসির ৬ চারে করেন ৫৩ রান। দলকে তিনশ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার কারিগর ইয়াসির শেষ বলে আউট হন ৪ ছক্কা ও ৮ চারে ৭১ বলে ৯৬ রান করে।
রান তাড়ায় রূপগঞ্জ টাইগার্সের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন (২৪) ও ইমরানুজ্জামান (২৫) ভালো কিছুর আভাস দিয়ে ফিরে যান। তিনে নেমে ৩ ছক্কা ও ২ চারে ৭৬ রানের ইনিংস খেলেন মুমিনুল।
এরপর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তাতে দ্রুত গুটিয়ে যায় দলটির ইনিংস। শেষ ৮ ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ২০ রান এসেছে নাসুম আহমেদের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯ ওভারে ৩৩২/৮ (নাবিল ৩০, শাহাদাত ৪৬, আল আমিন জুনি. ১৭, মিঠুন ৩৭, নাসির ৫৩, ইয়াসির ৯৬, করিম ১৬, কাপালী ০, তাইজুল ২৬*; নাসুম ৮-১-৪৬-০, আলাউদ্দিন ১০-১-৭৩-৩, মুকিদুল ১০-০-৭৪-২, সানজামুল ১০-০-৭০-০, ইয়াসিন ৯-০-৬২-২, নাঈম ২-০-৫-১)
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৪০.৫ ওভারে ২০৮ (ইমতিয়াজ ২৪, ইমরানুজ্জামান ২৫, মুমিনুল ৭৬, অঙ্কিত ৯, নাঈম ১২, শামীম ২, সানজামুল ৯, নাসুম ২০, ইয়াসিন ১০, আলাউদ্দিন ৪*, মুকিদুল ০; রাজা ৮-০-৪০-২, করিম ৭-০-৩২-২, তাইজুল ৭-১-৩২-১, রুবেল ৬.৫-০-৩৫-২, নাসির ১০-০-৫০-১, কাপালী ২-০-১৪-১)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১২৪ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইয়াসির আলি চৌধুরি
