২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় সিরিজ হেরে শীর্ষস্থান হারাল নিউ জিল‍্যান্ড

নিউ জিল‍্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টানা দুই জয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে ইংল‍্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 07:43 PM

Updated : 08 Sep 2022, 07:59 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই হারে কেবল সিরিজই হারায়নি নিউ জিল‍্যান্ড, আইসিসি ওয়ানডে দলের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও খুইয়েছে কেন উইলিয়ামসনের দল। গত বছর মে মাসে তাদের কাছেই শ্রেষ্ঠত্বের আসন হারানো বিশ্ব চ‍্যাম্পিয়ন ইংল‍্যান্ড ফিরেছে চূড়ায়।

ইংল‍্যান্ডের পয়েন্ট ১১৯, তাদের পেছনে পড়ে যাওয়া নিউ জিল‍্যান্ডের ১১৭। কেয়ার্নসে রোববার জিতলে তাদেরও পয়েন্ট হবে ১১৯। তবে শীর্ষে থাকবে ইংলিশরাই।

পরের জায়গাগুলোতে কোনো পরিবর্তন হয়নি। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ধরে রেখেছে নিজেদের অবস্থান। বাংলাদেশের সমান ৯২ পয়েন্ট হলেও ভগ্নাংশ ব‍্যবধানে পিছিয়ে আটে আছে শ্রীলঙ্কা।

নিজেদের আগের ৭ ওয়ানডের ছয়টি জিতে তাসমান সাগর পাড়ের আরেক দেশ অস্ট্রেলিয়া সফরে যায় নিউ জিল‍্যান্ড। প্রথম দুই ম‍্যাচেই একটা সময় পর্যন্ত ভালো অবস্থানে ছিল তারা। কিন্তু প্রতিবারই পথ হারিয়ে ফেলে তারা।

প্রথম ম‍্যাচে ২৩২ রানের পুঁজি নিয়ে চেপে ধরেছিল অস্ট্রেলিয়াকে। ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকরা। সেখান থেকে ১৫৮ রানের ষষ্ঠ উইকেট জুটিতে অস্ট্রেলিয়াকে উদ্ধার করেন অ‍্যালেক্স কেয়ারি ও ক‍্যামেরন গ্রিন। নিউ জিল‍্যান্ড ম‍্যাচ হারে ২ উইকেটে।

দ্বিতীয় ম‍্যাচে বৃহস্পতিবার আবার অস্ট্রেলিয়াকে চেপে ধরে নিউ জিল‍্যান্ড। এক পর্যায়ে স্বাগতিকদের রান ছিল ৫ উইকেটে ৫৪, পরে ৮ উইকেটে ১১৭। সেখান থেকে দলটির সংগ্রহ যায় দুইশ রানের কাছে। রান তাড়ায় কখনও সেভাবে সম্ভাবনা জাগাতে না পারা নিউ জিল‍্যান্ড থমকে যায় ৮২ রানেই।

ইংল‍্যান্ড ও নিউ জিল‍্যান্ড- দুই দলই পরবর্তী ওয়ানডে সিরিজে খেলবে নভেম্বরে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে।