২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু কথা বললেন তামিম, বলতে পারলেন না অনেক কিছু

হুট করে ডাকা সংবাদ সম্মেলনে সবাইকে অবাক করে দিয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ইতি টানলেন দেশের সফলতম ব্যাটসম্যান।

কিছু কথা বললেন তামিম, বলতে পারলেন না অনেক কিছু

বিদায়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত তামিম ইকবাল। 

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 05:03 PM

Updated : 01 May 2024, 12:33 PM

‘তামিম, একটা জিনিস...’- উপস্থিত সাংবাদিকদের কেউ একজন বললেন এই কথা। কেউ কেউ চেষ্টা করলেন তাকে কিছু জিজ্ঞেস করতে। কিন্তু তামিম ইকবাল আর কোনো দিকে ভ্রুক্ষেপ করলেন না। যতটা সম্ভব নিজেকে শক্ত রেখে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আসার সময়ও তার চোখ মুখে ফুটে উঠছিল নিজেকে ধরে রাখার চেষ্টা। কিন্তু মাঝের সময়টায় সেটা আর রাখতে পারলেন কোথায়! অশ্রুভেজা চোখে আবেগের কাছেই আত্মসমর্পণ করলেন বারবার।   

গুঞ্জন ডালপালা মেলছিল আগে থেকেই। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আষাঢ়ের বৃষ্টির মাঝে আচমকা ঘূর্ণিঝড়ের মতোই এলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের ঘোষণা। 

বাড়ির পাশের এমএ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের হাতেখড়ি তামিমের৷ ওই মাঠে সংবাদ সম্মেলন করেই ইতি টানতে চেয়েছিলেন শীর্ষ পর্যায়ে ১৬ বছরের উত্থান-পতন মিশ্রিত ক্যারিয়ারের। কিন্তু অনুমতি না মেলায় সেখানে সংবাদ সম্মেলন করতে পারেনি। তাই শহরের একটি হোটেলে বসে বাঁহাতি ওপেনার জানালেন, এখানেই ক্যারিয়ারের সমাপ্তি। 

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে থেকেই কোমরের পুরনো ব্যথার সঙ্গে লড়ছিলেন তামিম। কয়েক সপ্তাহ অপেক্ষা করেও পাননি শতভাগ ফিটনেস। তবু নিজের অবস্থা বোঝার জন্য খেলেছেন বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। 

ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের পর বাজে ব্যাটিংয়ের দায়টা নিজের ওপরেও নেন অধিনায়ক তামিম। তখনও বোঝার উপায় ছিল না, তার মনের মধ্যে চলছে এত বড় সিদ্ধান্তের ভাবনা! 

সেই সিদ্ধান্তের কথা জানাতেই ডাকেন সংবাদ সম্মেলন৷ প্রথমে বেলা ১২টার কথা জানা গেলেও পরে সেটি পিছিয়ে নেওয়া হয় দেড়টায়। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ বা ক্রিকেটীয় লড়াই, সব ততক্ষণে পড়ে যায় আড়ালে। চলতে থাকে নানা জল্পনা। 

সকালেই টিম হোটেল ছেড়ে শহরের কাজীর দেউরিতে নিজ বাসায় চলে যান তামিম। পরে কালো একটি গাড়িতে করে দীর্ঘ দিনের কাছের বন্ধুকে নিয়ে নির্ধারিত হোটেলে সংবাদ সম্মেলনে আসেন ১৫ মিনিট আগেই। 

তামিম আসার প্রায় ঘণ্টাদুয়েক আগে থেকেই বাড়তে থাকে সংবাদকর্মীদের আনাগোনা। সংবাদমাধ্যমে আভাস পেয়ে 'ঘরের ছেলে'র বড় খবর জানতে উদগ্রীব সমর্থকরাও ভিড় জমান হোটেলের বাইরে৷ সবার চোখে-মুখেই তখন উৎকণ্ঠা। 

অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসেন তামিম, গায়ে কালো টি শার্ট, মাথায় কালো ক্যাপ। গাড়ি থেকে নেমে কোনো দিকেই তাকাতে চাননি তিনি। সোজা হেঁটে যান লিফটের দিকে। এক ফটোসাংবাদিক ওই লিফটে উঠতে চাইলেও নম্রভাবে তাকে মানা করে দেন। 

Image

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই সংবাদ সম্মেলনে চলে আসেন তামিম।

সংবাদ সম্মেলন কক্ষে বসার পরই তার শক্ত থাকার খোলসটা যেন একটু একটু করে খুলে যেতে থাকল। চোখে-মুখে আবেগের ছাপ পড়তে থাকে। সংবাদমাধ্যমের ব্যস্ততা ও হট্টগোলের সামনে কিছুক্ষণ চুপ করেই বসে থাকতে হয় তাকে। তখনও দেখা যাচ্ছিল, কোনোরকমে কান্না আটকে রাখছেন তিনি। 

পরে কয়েক দফা চেষ্টা করে নিজেকে সামলে রেখেই বলতে শুরু করেন বিদায়ের বার্তা দেওয়া। বাবার প্রসঙ্গ আসতেই আর নিজেকে ধরে রাখতে পারেননি ব্যাট হাতে ২২ গজে বোলারদের শাসন করা এই ব্যাটসম্যান। 

প্রয়াত বাবা ইকবাল খানের স্বপ্নপূরণে ব্যাট হাতে নেওয়া তামিম বিদায় বেলায়ও মনে করলেন বাবার কথা৷ ধরে আসা গলার স্বর তখন আরও ভারী। চোখ বেয়ে আসা অশ্রুধারা ঠেকানোর চেষ্টায় ব্যর্থ হয়ে মাথা নিচু করে ডুকরে কেঁদে ওঠেন তিনি। 

পরে ভারী কণ্ঠেই বলেন, 'আমি সবসময় একটা কথা বলেছি যে, আমি খেলেছি (কান্না)... আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণের জন্য (কান্না)... জানি না, ১৬ বছরের ক্যারিয়ারে তাকে কতটা গর্বিত করতে পেরেছি।'

এরপর এমএ আজিজ স্টেডিয়ামে যার হাতে ক্রিকেট খেলার শুরু, সেই ছোটবেলার কোচ তপনের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আরও একবার আবেগের কাছে হার মানেন তামিম। পরে পরিবার, সতীর্থ, ক্রিকেট বোর্ড, সমর্থক, সংবাদমাধ্যমকে ধন্যবাদ দেন তিনি। 

আবেগের ঢেউয়ে টালমাটাল হলেও উত্তরসূরীদের ভালোর জন্য সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ রাখতে ভোলেননি অভিজ্ঞ তারকা, 'সামনের দিনে যারা খেলবে, তাদের ভালো বা খারাপ খেলার প্রশংসা-সমালোচনা অবশ্যই করবেন আপনারা। কিন্তু দয়া করে সীমা অতিক্রম করবেন না। আশা করব, সব আলোচনা ক্রিকেটের মধ্যেই রাখবেন।' 

কান্নার দমকে তার কণ্ঠ থমকে যাচ্ছিল বারবার। এক পর্যায়ে বললেন, “আরও অনেক কিছু আছে… অনেক কিছু বলতে চাই আসলে। তবে আপনারা যেমন দেখছেন, কথা বলতে পারছি না…।” 

প্রায় ১২ মিনিটের সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি একই অনুরোধ করেন নিজের সামনের দিনের জন্যও, 'আমি একটা কথাই বলব। এখানেই আমার সমাপ্তি৷ অন্তত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এটি নিয়ে আর বেশি গুতোগুতি করবেন না।' 

এরপর জাতীয় দলের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে আর অপেক্ষা করেননি তামিম। ভিড় ঠেলে বেরিয়ে যান। লিফটের অপেক্ষা না করে সিঁড়ি বেয়েই নেমে যান নিচে। বৃষ্টি জলে মিশে যায় তার চোখের জল। 

তামিম আবেগ ধরে রাখার চেষ্টা করলেও, হোটেলের বাইরে অপেক্ষমাণ ভক্তরা পারেননি প্রিয় তারকার বিদায় মেনে নিতে৷ সেখানেও তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। ওই অবস্থার মাঝেই নিজের আবেগের সঙ্গে লড়তে থাকা তামিম ফিরে যান নিজের বাসায়। যেখানে তার সঙ্গী নতুন এক পরিচয়- জাতীয় দলের ‘সাবেক’ ক্রিকেটার।