১৩৫ রানের পুঁজি নিয়েও রশিদ-পান্ডিয়াদের অবিশ্বাস্য জয়
শেষ ওভারে ১২ রানের প্রয়োজনে টানা ৪ বলে ৪ উইকেট হারায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
৪৫ বলে দরকার ৩৯ রান, হাতে ৯ উইকেট। এই ম্যাচও কি হারা যায়! অবিশ্বাস্যভাবে সেটাই করে দেখাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কম রানের পুঁজি নিয়েও দুর্দান্ত জয় তুলে নিল গুজরাট টাইটান্স।
আইপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে ১৩৫ রানের পুঁজি নিয়ে ৭ রানে জিতেছে হার্দিক পান্ডিয়ার দল।
শেষ ওভারে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্ণৌর দরকার ছিল ১২ রান। তখন ৬৬ রানে অপরাজিত অধিনায়ক লোকেশ রাহুল। মোহিত শর্মার প্রথম বলে ডাবল নিয়ে তিনি কমান ব্যবধান। পরের ৪ বলে লক্ষ্ণৌ হারায় ৪ উইকেট!
রাহুল ও মার্কাস স্টয়নিস ফেরেন ক্যাচ দিয়ে। পরের দুই বলে দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হন যথাক্রমে আয়ুশ বাদোনি ও দিপক হুডা। শেষ বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি রবি বিষ্ণই।
শেষ ৭ ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেনি লক্ষ্ণৌ!
লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে মন্থর উইকেটে রান তাড়ায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৩ রান তুলে ফেলেন রাহুল ও কাইল মেয়ার্স। পরের ওভারে মেয়ার্সকে (১৯ বলে ২৪) বোল্ড করে শুরুর জুটি ভাঙেন রশিদ খান।
ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে রাহুল ফিফটি তুলে নেন ৩৮ বলে। ১৪ ওভার শেষে লক্ষ্ণৌর রান ছিল ১ উইকেটে ১০৫। ৩৬ বলে ৩১ রানের সহজ সমীকরণ তাদের সামনে। সেটিই কঠিন করে তোলেন গুজরাটের বোলাররা।
তরুণ আফগান বাঁহাতি স্পিনার নুর আহমদ এরপর দুই ওভার মিলিয়ে স্রেফ ৫ রান দিয়ে তুলে নেন ক্রুনাল পান্ডিয়া ও নিকোলাস পুরানের উইকেট। আর শেষ ওভারে মোহিত শর্মার দুর্দান্ত বোলিংয়ে অবিশ্বাস্য জয় ধরা দেয় গুজরাটের।
এর আগে দলটি ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের পুঁজি পায় মূলত অধিনায়কের দারুণ ফিফটির সুবাদে। ৫০ বলে ৪ ছক্কা ও ২ চারে ৬৬ রান করেন হার্দিক পান্ডিয়া। ওপেনার ঋদ্ধিমান সাহা ৩৭ বলে করেন ৪৭।
৩ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা অবশ্য মোহিত।
