২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে রিজার্ভ ডেতে গড়াল যুবাদের ম‍্যাচ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম যুব ওয়ানডে শুক্রবার ফের মাঠে গড়াবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 07:24 PM

Updated : 06 Jul 2023, 09:29 PM

ম্যাচ শুরুর কয়েক ওভার পরই বাধা হয়ে এলো বৃষ্টি। পরে হানা দিল আরও কয়েক দফায়। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস ওভার কমিয়ে কোনোমতে শেষ করা গেলেও প্রকৃতির বাগড়ায় সম্ভব হয়নি বাংলাদেশ যুবাদের ব্যাটিং।

তাই ই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি এখন রিজার্ভ ডেতে শুক্রবার মাঠে গড়াবে।

খুলনায় বৃহস্পতিবার বৃষ্টির হানায় ২৯ ওভারে নেমে আসা ম্যাচে ৮ উইকেটে ১৪৫ রান করে দক্ষিণ আফ্রিকা। ডাকওয়ার্থ লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৩ রানের। বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ৭ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।

অনেকটা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এই সিরিজে শুরুতে ছিল না রিজার্ভ ডে। বৃষ্টির কথা মাথায় রেখে দুই দলের সম্মতিতে সূচিতে রিজার্ভ ডে যোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার।

“বৃষ্টির কথা মাথায় রেখেই আমরা দুই দল মিলে রিজার্ভ ডের কথা চিন্তা করেছি৷ সব ম্যাচেই ইচ্ছা ছিল৷ তবে খুব ব্যস্ত সূচি। তাই শুধু প্রথম ও চতুর্থ ম্যাচে থাকছে রিজার্ভ ডে। ছেলেরা যাতে খেলতে পারে, সেই ভাবনা থেকেই।”

টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংসে চতুর্থ ওভার চলাকালে প্রথম দফায় নামে বৃষ্টি। তখন ৩৫ ওভারের ম্যাচের সিদ্ধান্ত হয়। পরে আরেক দফা বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৯ ওভারে।

দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যানই পান ভালো শুরু। দুই অঙ্ক স্পর্শ করলেও তাদের মধ্যে কেউই খেলতে পারেননি বড় ইনিংস।

বাংলাদেশের দারুণ বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়ে দেড়শও করতে পারেনি সফরকারীরা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৭ রান করতে ২ ছক্কা ও ৩ চার মারেন ডেভিড টিজার।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি। দুটি করে প্রাপ্তি রোহানাত বর্ষণ ও ইকবাল হাসানের।

জবাবে তৃতীয় বলেই আশিকুর রহমানকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভার শুরু হতেই হানা দেয় বৃষ্টি। এরপর আর খেলা সম্ভব হয়নি।

দুই দলের দ্বিতীয় ম্যাচ আগামী রোববার।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ২৯ ওভারে ১৪৫/৮ (প্রিটোরিয়াস ২৫, ফন জিল ৩১, টিজার ৩৭, সেলেৎসোয়ান ২০, মারায়াস ৮, জেমস ২, পিল্লাই ০, হানসেন ৪, অ্যাল্ডার ৬*, মাফাকা ৯*; বর্ষণ ৫-০-২৪-২, ইকবাল ৬-০-৩২-২, আরিফুল ৪-০-১৩-০, রাফি ৬-০-২৭-৩, মাহফুজুর ৫-০-৩৫-১, আহরার ৩-০-১৩-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১ ওভারে ৭/১ (রিজওয়ান ১*, আশিকুর ০, আদিল ০*; মাফাকা ১-০-২-১, লুস ০-০-৫-০)

ফল: ম‍্যাচ গড়াল রিজার্ভ ডেতে