বড় পরাজয়ের ধাক্কা সামলে সিরিজ জয়ের আশায় বাংলাদেশ
দারুণ জয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের মেয়েরা। তবে সিরিজ নির্ধারণী লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত ঘোষণা করলেন দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার।
বোলিংয়ে পাওয়া গেল না আগের ম্যাচগুলোর মতো খুনে মনোভাব। ব্যাটাররা পারলেন না ভালো উইকেটের ফায়দা নিতে। ফিল্ডিংয়েও হাত থেকে ছুটল বেশ কিছু বল। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিন বিভাগে হতাশাজনক প্রদর্শনীতে বাংলাদেশ হেরে গেল বড় ব্যবধানে। তবে এতে শেষ ম্যাচের আগে দলের মানসিকতায় তেমন প্রভাব পড়বে না বলেই মনে করেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার।
এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেটে ভারতের বিপক্ষে সিরিজ জিতে যেত বাংলাদেশ। কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তারা ম্যাচটি হেরেছে ১০৮ রানে। আগের ম্যাচের চেয়ে তুলনামূলক ভালো ব্যাটিং উইকেটে ধারহীন বোলিংয়ে ২২৮ রান দেওয়ার পর ব্যাটিংয়ে তাদের ইনিংস থেমেছে স্রেফ ১২০ রানে।
ফিল্ডিংয়েও ছিল না স্বাভাবিক ক্ষিপ্রতা। মারুফা আক্তারের প্রথম দুই ওভারে পয়েন্ট ও কভার পয়েন্টের ফিল্ডারের হাত গলে বেরিয়ে যায় দুটি বাউন্ডারি। পরে এলোমেলো থ্রোয়িংয়েও বেশ কিছু আলগা রান পেয়ে যায় ভারত। সব মিলিয়ে বুধবার যেন আগের ম্যাচের পুরোপুরি ভিন্ন এক রূপই দেখা গেল নিগার সুলতানার দলের।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ বা সংবাদ সম্মেলনে অবশ্য আসতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ফিল্ডিংয়ের সময় ৪৩তম ওভারে অসুস্থ বোধ করায় দুই ওভারের জন্য মাঠের বাইরে যান তিনি। ওই সময় উইকেট সামলান শামিমা সুলতানা। পরে একই কারণে চার নম্বরের বদলে ছয়ে ব্যাট করতে নামেন নিগার।
তার অনুপস্থিতিতে সংবাদ সম্মেলনে আসেন সহ-অধিনায়ক নাহিদা। বড় পরাজয়ের কারণ হিসেবে বোলিং ব্যর্থতাকেই বড় করে দেখান বাঁহাতি এই স্পিনার।
“আমাদের দলের বোলিংয়ের যে শক্তিমত্তা, সেই অনুযায়ী শতভাগ করতে পারিনি। পরিকল্পনা অনুযায়ী আমরা ৩০-৪০ রান বেশি দিয়ে ফেলেছি। আমাদের ফিল্ডিংটাও তুলনামূলক খারাপ হয়েছে। যে কারণে রানটা একটু বেশি হয়ে গেছে।”
বল হাতে এ দিন দলের সবচেয়ে ভালো পারফর্মার ছিলেন নাহিদাই। ১০ ওভারে এক মেডেনসহ ৩৭ রানে নেন ২ উইকেট। এছাড়া বাকি সবাই দেন ওভারপ্রতি চারের বেশি রান। লেগ স্পিনার ফাহিমা খাতুনের ১০ ওভার থেকে ৫৬ রান নেয় ভারত।
পরে বোলারদের খারাপ দিন পুষিয়ে দেওয়ার কাজটি করতে পারেননি ব্যাটাররা। টপ-অর্ডার ব্যর্থ হওয়ার পর চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়েন ফারজানা হক ও রিতু মনি। ৪৭ রান করে ফারজানা আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ।
১৪ রানের মধ্যে সাজঘরে ফেরেন শেষ ৭ ব্যাটার। ব্যাটিংয়ের এই অবস্থায় দায় কিছুটা নিজের কাঁধেও নেন নাহিদা।
“(ফারজানা হক) পিংকি আপু ও রিতু (মনি) আপু যখন ব্যাটিং করছিলেন, মোমেন্টামটা আমাদের দিকে আসছিল। কিন্তু আমরা যারা মিডল অর্ডার বা শেষ দিকে ব্যাটিং করেছি, দায়িত্ব নিতে পারিনি। যে কারণে আমরা স্কোরটা করতে পারিনি।”
“আমরা যারা মাঝে ব্যাটিং করি, দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারছি না। যে কারণে শেষের দিকে আমাদের এতগুলো উইকেট পড়ছে। কোচরা আমাদের নিয়ে কাজ করছেন। আমরা যারা পরের দিকে ব্যাটিং করছি, শতভাগ দিতে পারছি না। এটা আমাদের ঘাটতি।”
এ দিন খানিক অবাক করার মতো ছিল টসের সিদ্ধান্তও। তুলনামূলক ভালো উইকেটের কথা বলেও, টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ জিতে ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর বলেন, তারা আগে ব্যাটিংই করতে চাইছিলেন।
ম্যাচ শেষে দলের প্রতিনিধি হিসেবে আগে বোলিং করার পেছনে নিজেদের ভাবনাটা জানান নাহিদা।
“আজকের উইকেট বিগত দিনের চেয়ে একটু ভালো ছিল। আমাদের বোলিংটা যেহেতু শক্তিশালী, তাই ওভাবে পরিকল্পনা করা ছিল। আমরা যদি গত ম্যাচের চেয়ে আরেকটু ভালো বল করি, তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু ভালো হবে, (পরে) ব্যাটিং করতে আরও সুবিধা হবে।”
প্রথম ম্যাচে স্রেফ ১৫২ রানের পুঁজি নিয়েও ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধনিতে ৪০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। স্মরণীয় ওই জয়ের পরই এবার বড় হারের গ্লানি। তবে দলের মানসিকতায় বড় চোট লাগেনি বলেই মনে করেন বাংলাদেশের সহ-অধিনায়ক।
“আমরা মানসিকভাবে শক্ত আছি। আমাদের শেষ যে ম্যাচ, আমরা সিরিজ জয়ের জন্য মাঠে নামব। শতভাগ দিয়ে আমরা চেষ্টা করব।”
একই মাঠে শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল।
