‘একটা সিরিজ হেরেই খারাপ দল হয়ে গেছি, তা নয়’
আফগানিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচে পর্যদুস্ত হওয়ার ভালো দিকও দেখছেন মেহেদী হাসান মিরাজ।
বড় পরাজয়ের পর সংবাদ সম্মেলন কক্ষের দিকে আসছিলেন মেহেদী হাসান মিরাজ। স্থানীয় দর্শকরা ততক্ষণে মাঠ ছেড়েছেন। পশ্চিম গ্যালারিতে তখনও চলছে আফগানিস্তানের দর্শকদের উদযাপন। তাদের সঙ্গে আনন্দে মেতেছেন রহমানউল্লাহ গুরবাজও। একের পর এক সেলফি তুলে চলেছেন আফগানদের জয়ের নায়ক। মাঠের ওই অংশ থেকে থেকে ঘুরে গিয়েছেন তাদের দলের বাকি ক্রিকেটাররাও।
হেঁটে আসতে আসতে সেদিকে নজর গেল মিরাজেরও। তবে বোঝা গেল না তার অভিব্যক্তি। পরপর দুই ম্যাচে বিব্রতকর হারের পর নিজেদের মাঠে প্রতিপক্ষ দলের এমন দৃশ্য নিশ্চিতভাবেই খুব একটা আনন্দ দেওয়ার কথা নয় বাংলাদেশ অলরাউন্ডারের। তবে সংবাদ সম্মেলনে তিনি বললেন, এই সিরিজ হারকে খুব একটা বড় করে দেখতে চান না তারা।
বাংলাদেশে এর আগে দুইটি সিরিজ খেলেছে আফগানিস্তান। দুইবারই তারা জিতেছে একটি করে ম্যাচ। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। এবার ভিন্ন অভিজ্ঞতা। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃষ্টিময় প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৭ রানে হারের পর শনিবার দ্বিতীয়টিতে ব্যবধান ১৪২ রানের। বাংলাদেশের বিপক্ষে এটিই আফগানদের সবচেয়ে বড় জয়।
রেকর্ড গড়া এই জয়ের সৌজন্যে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানরা। ২০১৪ সালের নভেম্বরের পর থেকে বাংলাদেশের মাঠ থেকে ওয়ানডে সিরিজ জয়ী দ্বিতীয় দল তারা। অন্য দল ইংল্যান্ড।
সিরিজটি শুরুর আগে বাংলাদেশ দলের পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্যের কথা। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেটির প্রতিফলন পড়েছে অল্পই। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয়টিতে এর সঙ্গে যোগ হয়েছে বোলিংও। গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটিতেই আসে আফগানিস্তানের রেকর্ড ২৫৬ রান।
হতশ্রী ব্যাটিং-বোলিংয়ে সিরিজ হারের পরও অবশ্য তেমন চিন্তার কিছু দেখছে না বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে মিরাজ দিলেন ইতিবাচকতার বার্তা।
“আমি এর আগে একটি সংবাদ সম্মেলনে বলেছিলাম, দুর্ভাগ্যবশত এই সিরিজটা যদি খারাপ হয়, তার মানে যে আমরা খারাপ দল হয়ে গেছি, তা কিন্তু নয়। আমাদের রেকর্ড অনেক ভাল। একটা খারাপ সিরিজ যেতেই পারে। আমরা বিশ্বকাপ সুপার লিগে অনেক ম্যাচ জিতেছি, সেখানে পয়েন্টের হিসাবে সেরা চারের মধ্যে ছিলাম। তিন-চার বছর ধরেই আমরা ভাল ক্রিকেট খেলেছি।”
“সব মিলিয়ে আমাদের আত্মবিশ্বাস ভালো আছে। এই দুই ম্যাচে যে ভুলগুলো হয়েছে, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আরও সতর্ক হতে পারব। কারণ সামনে আমাদের অনেক বড় খেলা আছে। যেহেতু ওদের সঙ্গেও খেলা আছে বিশ্বকাপে, এশিয়া কাপে। তো আশা করি, নিজেদের ভুলগুলো আমরা দ্রুত সেরে উঠতে পারব।”
আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ হারের ভালো দিকও খুঁজে পেয়েছেন মিরাজ।
“এই সিরিজ হারায় আমি মনে করি একটা দিক ভাল হয়েছে যে, আমরা হয়তো হেরেছি, কিন্তু আমাদের কোথায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে, সেটা আমরা খুঁজে বের করতে পারব। যেহেতু বিশ্বকাপ ও এশিয়া কাপে ওদের সঙ্গেই খেলা আছে সেখানে আমরা ওদের বিপক্ষে কীভাবে রান করবে, বোলাররা কোন জায়গায় বল করবে... সব মিলিয়ে এই দুই ম্যাচে যে ভুলগুলো হয়েছে, এটা নিয়ে কাজ করার অনেক সময় পাব। বিশ্বকাপের আগে তিন মাস আছে। এই সময়ে প্রতি ক্রিকেটাররা ব্যাক্তিগত ভাবে পরিকল্পনা করতে পারবে।”
“এই সিরিজ হারা মানেই কি আমরা খারাপ দল হয়ে গেছি? কখনোই নয়। গত ৩-৪ বছরে আমরা যেভাবে দাপুটে ক্রিকেট খেলেছি, সেটা কিন্তু আমাদের রেকর্ডই কথা বলে। বিশ্বকাপ সুপার লিগে আমরা তিন নম্বরে ছিলাম। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের সঙ্গে খেলে পয়েন্ট পেয়েছি। একটা ভালো জায়গায় শেষ করেছি, এক-দুইটা সিরিজ খারাপ হতেই পারে। এই খারাপ সময়টাকে কাজে লাগাতে হবে। আমাদের যে ঘাটতিগুলো আছে, সেগুলোর উন্নতি করার জন্য।”
দ্বিতীয় ম্যাচটির আগে অবশ্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে পুরো দল। প্রথম ওয়ানডের পর দিন হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে বদলান তিনি সিদ্ধান্ত। দুই দিনের এসব ঘটনা দলের ক্রিকেটারদের মনোজগতও ছুঁয়ে গেছে।
তাই নিজেদের প্রস্তুত করার জন্য কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়েই যেতে হয়েছে মিরাজদের।
“সবাই একটু শকড হয়ে গিয়েছিল। এই ভাবে তামিম ভাই অবসর নিয়ে ছিলেন, কেউ এটা আশা করেনি। সেদিন আমাদের বিশ্রাম ছিল। পর দিন অনুশীলন করেছি। তবে সবার কাছেই সাময়িক একটা খারাপ লাগছিল। তবু আমরা যেহেতু অনুশীলন করেছি, পরিকল্পনা সাজিয়েছি, তখন তো খেলার জন্য প্রস্তুত হয়েই যেতে হবে সবাইকে।”
প্রথম ম্যাচে হারের কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। দ্বিতীয়টিতে মিরাজ দেখছেন বোলিংয়ের ঘাটতি।
“ওরা একটু বেশি রান করে ফেলেছে। প্রথম দিকে আমরা গুছিয়ে বল করতে পারিনি। ওরা আক্রমণ করে সফল হয়েছে। এই উইকেটের জন্য ৩৩০ অনেক বেশি রান। যদি আমাদের টপ-অর্ডাররা ভাল করতো বা উপর থেকে ভাল জুটি হতো, তাহলে ম্যাচটা আরও গভীরে নিয়ে একটা আশা থাকতো। যেহেতু দ্রুত উইকেট পড়েছে, টপ-অর্ডার ব্যর্থ হয়েছে, তখন এই ম্যাচ জেতা খুবই কঠিন ছিল।”
“আমরা ৩০-৪০টা রান বেশি দিয়েছি। ২৮০-৯০ এর মধ্যে থাকলে খেলাটা অন্যরকম হয়ে যেতো। যেহেতু ওরা ৩৩০ করছে, এটা একটু বেশি ছিল ওদের বোলিং আক্রমণের জন্য। ওদের বোলিং আক্রমণ অবশ্যই অনেক ভাল। আমরা যদি আরেকটু শৃঙ্খলা রেখে বল করতাম, তাহলে আরও ভাল হতো।”
ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরাও অবশ্য তেমন কিছু করতে পারেননি। মুশফিকুর রহিম ছাড়া আর কারও ব্যাট থেকে আসেনি ফিফটি। আগের ম্যাচে একমাত্র ফিফটি করেন তাওহিদ হৃদয়। সব মিলিয়ে আফগানিস্তানের বোলিংয়ের বিপক্ষে কখনোই খুব একটা সাবলীল ব্যাটিং দেখা যায়নি বাংলাদেশের। এখন পর্যন্ত ১৩ ম্যাচে স্রেফ একবার ২৮০ ছাড়াতে পেরেছে তারা।
রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের নিয়ে গড়া এই বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করার জন্য প্রয়োজন দলগত চেষ্টা, অভিমত মিরাজের।
“আফগান বোলিংয়ের বিপক্ষে ভালো করতে হলে টিম গেম খেলতে হবে। এক-দুইজন কখনও একটা দলকে জেতাতে পারে না। দশ-বিশ ম্যাচ পর হয়তো অলৌকিকভাবে একটা ম্যাচ জেতাতে পারে। কিন্তু সব মিলিয়ে দলগতভাবে খেলতে হবে। ব্যাটসম্যান যারা আছে, দায়িত্ব নিতে হবে। বড় স্কোর করতে হবে। আমরা ওই জিনিসটা নিয়েই চেষ্টা করছি যে, কীভাবে ভালো খেলব।”
“আফগান বোলারদের বিপক্ষে কোনো ভয় নেই। ক্রিকেট খেলায় কেউ কখনও ভয় পায় না। আমরা সবাই অনেক অভিজ্ঞ। ভয়ের কিছু নেই। আমরা রানের জন্য খেলছি। হয়তো ছোট ছোট ভুলগুলোতে আউট হয়ে যাচ্ছি। টানা উইকেট পড়ে যাচ্ছে। এ কারণে সমস্যা হচ্ছে। বড় জুটি দাঁড়াচ্ছে না। এটা নিয়ে সামনে আমরা পরিকল্পনা করব, কাজ করার চেষ্টা করব।”
সেই চেষ্টায় কাজ কতটা হয়, জানা যাবে মঙ্গলবার। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে সেদিন মাঠে নামবে বাংলাদেশ।
