অধিনায়ক স্টোকস ডেকেছেন বলেই ফিরেছেন মইন
টেস্ট ক্যারিয়ারের নতুন এই অধ্যায়কে ‘ফ্রি হিট’ হিসেবে দেখছেন ইংলিশ অলরাউন্ডার।
নতুন করে গতি পেতে যাচ্ছে মইন আলির থমকে যাওয়া টেস্ট ক্যারিয়ার। সবকিছুই একরকম হঠাৎ করে, তারওপর অ্যাশেজের মতো কঠিন চ্যালেঞ্জকে সামনে রেখে। তবে তেমন কোনো চাপ অনুভব করছেন না বলে জানালেন ইংলিশ অলরাউন্ডার। বরং নতুন এই অধ্যায়কে ক্যারিয়ারে ‘ফ্রি হিট’ হিসেবে দেখছেন তিনি।
একই সঙ্গে আরও বললেন, বেন স্টোকসের জায়গায় অন্য কেউ অধিনায়ক হলে ভাবতেন না অবসর ভেঙে ফেরার কথা।
ওভালে ২০২১ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচের পর আর টেস্ট খেলেননি মইন। ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে ও বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার ইচ্ছা থেকে এই সংস্করণ থেকে অবসর নিয়ে নেন অফস্পিনিং অলরাউন্ডার।
অধিনায়ক হিসেবে স্টোকস ও কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর গত বছরের পাকিস্তান সফরের আগেও অবসর ভেঙে ফেরার প্রস্তাব পেয়েছিলেন মইন। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা মিলিয়ে ঠাসা সূচির কারণে সাড়া দেননি তিনি।
চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে চোট পান ইংল্যান্ড টেস্ট দলের নিয়মিত স্পিনার জ্যাক লিচ। ছিটকে পড়েন আসন্ন ঘরের মাঠের অ্যাশেজ সিরিজ থেকে। এরপরই মইনের দুয়ারে আবারও কড়া নাড়ে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। এবার আর সাড়া না দিয়ে থাকতে পারেননি মইন। তাকে যোগ করা হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টন টেস্ট দিয়ে শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজের দলে।
স্টোকসের নেতৃত্ব ও ম্যাককালামের কোচিংয়ে এখন দুর্বার গতিতে ছুটছে ইংল্যান্ড। আগ্রাসী ক্রিকেটের প্রদর্শনী দেখিয়ে তারা পাচ্ছে একের পর এক সাফল্য। ‘বাজবল’ হিসেবে পরিচিতি পাওয়া কৌশলে খেলে ১৩ টেস্টের ১১টিই জিতেছে ইংলিশরা।
মূলত, নতুন এই ইংল্যান্ডকে ভালো লেগেছে মইনের। তাদের আক্রমণাত্মক ক্রিকেট মনে ধরেছে তার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মইন বলেন, তার ফেরার পেছনে অ্যাশেজের মতো সিরিজে স্টোকসের নেতৃত্বে খেলার আকাঙ্ক্ষা কাজ করেছে।
“সম্ভবত না (স্টোকস ছাড়া অন্য কেউ অধিনায়ক থাকলে ফেরা নিয়ে)। বিষয়টি হচ্ছে, এটা অ্যাশেজ, বড় একটি সিরিজ এবং ছেলেরা রোমাঞ্চকর ক্রিকেট খেলছে। যখন খেলতাম এই প্রজন্মকে পছন্দ করতাম। এটা অ্যাশেজ, এই সিরিজের অংশ হতে পারা হবে দারুণ ব্যাপার।”
“অবসর নেওয়ার সময় টেস্ট ক্যারিয়ারে সবকিছু আমার জন্য শেষই ছিল। কিন্তু লিচের দুর্ভাগ্যজনক চোটের কারণে আমি স্টোকসি, বাজ (ম্যাককালাম) ও কিসি (রব কী) থেকে ম্যাসেজ ও কল পাই। দেখা যাক কী হয়।”
এবারের আইপিএলে শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন মইন ও স্টোকস। দুইজনের অনেক কথাই হয়েছে ভারতে থাকার সময়ে। কিন্তু তখন মইনকে ফেরা নিয়ে কোনো কথা বলেননি স্টোকস।
এরপর অবশ্য প্রথম যোগাযোগটা করেন ইংলিশ অধিনায়কই। মইন বলেন, “স্টোকসি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটি ম্যাসেজ দিল, ‘অ্যাশেজ?’ আমি উত্তর দিয়েছিলাম, ‘LOL’।”
৬৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২ হাজার ৯১৪ রানের পাশাপাশি বল হাতে ১৯৫ উইকেট নিয়েছেন মইন। অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন ৩৬ বছর পূর্ণ হবে তার। এই বয়সে আবারও টেস্টে ফেরাকে ‘ফ্রি হিট’ মনে করছেন তিনি।
“এই ফেরা আমার জন্য ফ্রি হিট। দলে জায়গা ধরে রাখার বিষয় ভাবতে হবে না। সত্যিই কোনো চাপ নেই। বাজের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, আমি কেমন পারফর্ম করি সেটা নিয়ে তার চিন্তা নেই, কথাটা দারুণ।”
