১১ বছর পর মিরপুরে খেলবে বাংলাদেশের মেয়েরা
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২০১২ সালে সবশেষ কোনো ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী দল।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ মিলছে বাংলাদেশ নারী দলের। ভারতের বিপক্ষে আগামী সিরিজের সবগুলো ম্যাচই হবে এই মাঠে।
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার বিবৃতি দিয়ে জানায় সূচি।
এখন মিরপুরে চলছে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। এই মাঠে ছেলেদের ম্যাচ সচরাচর আয়োজন করা হলেও মেয়েরা সেই সুযোগ পায় না বললেই চলে।
২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে প্রথমবার ও সবশেষ কোনো ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেবার তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হয়েছিল এখানে।
আগামী ৬ জুলাই বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে মাঠের লড়াই, ৯ জুলাই। এই সংস্করণের পরের দুই ম্যাচ ১১ ও ১৩ জুলাই। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই।
টি-টোয়েন্টি শুরু বেলা ২টায়, ওয়ানডে সকাল সাড়ে ৯টায়।
গত বছরও বাংলাদেশে খেলে গেছে ভারত, সিলেটে এশিয়া কাপে। কিন্তু দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলতে এ নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ সফরে আসছে তারা। ২০১৪ সালে কক্সবাজারে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল প্রতিবেশী দলটি। তিন ম্যাচের ওই সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল তারা।
