২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসছে এই দুই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 07:20 PM

Updated : 27 Dec 2022, 07:20 PM

সীমিত ওভারের ক্রিকেটের সফরে বাংলাদেশে এসে সফরকারী কোনো দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার নজির বিরল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দল বলে কথা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ও প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চায় না ইংল্যান্ড। সিরিজ শুরুর ৮ দিন আগে তারা আসবে বাংলাদেশ, খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।

তিনটি করে ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ আসবে ইংল্যান্ড দল। দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা ২৪ ও ২৬ ফেব্রুয়ারি। মূল লড়াই শুরু ১ মার্চ।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, ১ ও ৩ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে, ৬ মার্চ।

এই ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। দুই দলই অবশ্য সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি চট্টগ্রামেই হবে ৯ মার্চ। পরের দুই ম্যাচ আবার মিরপুরে ১২ ও ১৪ মার্চ।

২০১৪ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত দেশের মাঠে ১৪টি ওয়ানডে সিরিজ খেলে স্রেফ একটিতে হেরেছে বাংলাদেশ। ২০১৬ সালে সেই পরাজয়টি ছিল ইংল্যান্ডের বিপক্ষেই। ৬ বছর পর আবার বাংলাদেশে আসতে যাচ্ছে তারা।

এই সিরিজটি হওয়ার কথা ছিল গত বছরের সেপ্টেম্বরে। সফরের এক মাস আগে তা পিছিয়ে দেওয়া হয় দেড় বছর। সেসময় ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর ছিল, ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলার তাড়নার কারণেই মূলত ইংল্যান্ডের বোর্ড সিরিজ পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেয়।