২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ম্যাচের আগেই কোচকে ফিরে পেলেন কোহলিরা

কোভিড মুক্ত হয়ে ভারত দলে যোগ দিয়েছেন তাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

পাকিস্তান ম্যাচের আগেই কোচকে ফিরে পেলেন কোহলিরা

রাহুল দ্রাবিড়। ছবি: বিসিসিআই 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 06:17 PM

Updated : 28 Aug 2022, 06:26 PM

এশিয়া কাপ অভিযান শুরুর আগে সুখবর পেয়েছে ভারত। করোনাভাইরাস থেকে সেরে উঠে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ডাগআউটে থাকবেন তিনি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার মুখোমুখি হচ্ছে তারা।

গত সপ্তাহে দ্রাবিড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল। ফলে দলের সঙ্গে তিনি দুবাইয়ের যেতে পারেননি। তার অনুপস্থিতিতে এশিয়া কাপে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণকে।

দ্রাবিড় ফেরায় ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক লক্ষণ এখন বেঙ্গালুরুতে চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে। যেখানে অনুশীলনরত ভারত ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। নিউ জিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল।

দ্রাবিড় বিশ্রামে থাকায় জিম্বাবুয়ে সফরে ভারতের কোচের দায়িত্ব পালন করেন লক্ষণ। লোকেশ রাহুলের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ভারত জিতে নেয় ৩-০ তে। এর আগে আয়ারল্যান্ড সফরেও এই দায়িত্ব পালন করেন লক্ষণ। তখন ভারতের লাল বলের দল এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতি নিচ্ছিল।

জিম্বাবুয়ে সফরের পর লক্ষণের ভারতে ফেরার কথা ছিল। কিন্তু দ্রাবিড় কোভিড আক্রান্ত হওয়ায় হারারে থেকেই দুবাইয়ে চলে যান তিনি।

ছয় দলের এশিয়া কাপে ভারত আছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের আরেক প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা হংকং। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সুপার ফোর পর্বে।

এশিয়া কাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ভারত। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৩ অক্টোবর আবার পাকিস্তানের মুখোমুখি হবে তারা।