বর্ষসেরা টি-টোয়েন্টি দলে উগান্ডার ক্রিকেটার
সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার রাখা হয়েছে ভারত থেকে, নেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কেউ।
বছরজুড়ে চমৎকার পারফরম্যান্স করে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের লড়াইয়ে থাকা আলপেশ রামজানি এবার পেয়েছেন আরেকটি বড় স্বীকৃতি। বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন উগান্ডার বাঁহাতি এই স্পিনার।
২০২৩ সালের সেরা পুরুষ টি-টোয়েন্টি দল সোমবার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। যেখানে ভারত থেকে আছেন সর্বোচ্চ চারজন ক্রিকেটার। এশিয়ার আর কোনো দেশের ক্রিকেটার জায়গা পাননি সেখানে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারেরও জায়গা হয়নি এই দলে।
ভারতের পর সর্বোচ্চ দুইজন ক্রিকেটার আছেন জিম্বাবুয়ের। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ড থেকে জায়গা পেয়েছেন একজন করে।
গত বছরটা অবিশ্বাস্য কেটেছে উগান্ডার রামজানির। বল হাতে ঝলক দেখিয়ে ৩০ ম্যাচে ৫৫ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই সময়ে পঞ্চাশ উইকেট পাননি আর কেউ। দারুণ পারফরম্যান্সই তাকে জায়গা করে দিয়েছে বর্ষসেরা দলে।
ভারতের ইয়াশাসবি জয়সওয়ালের সঙ্গে ওপেনার হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের ফিল সল্টকে। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ইনিংসে এক সেঞ্চুরি ও ১৫৯ স্ট্রাইক রেটে ৪৩০ রান করেছেন জয়সওয়াল। সল্ট ৮ ইনিংসে ৩৯৪ রান করেছেন ৫৬.২৮ গড় ও ১৬৯.০৯ স্ট্রাইক রেটে। এই সময়ে দুটি সেঞ্চুরি আছে তার।
টপ অর্ডারের আরেকজন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান নিকোলাস পুরান। গত বছর ১৩ ইনিংসে ৩৮৪ রান করেছেন এই বাঁহাতি, স্ট্রাইক রেট ১৬৩। দলের কিপারও তিনি।
দলটির অধিনায়ক ভারতের সুরিয়াকুমার ইয়াদাভ। ২০২৩ সালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের লড়াইয়ে আছেন তিনি। ১৭ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে রান করেছেন ৭৩৩, স্ট্রাইক রেট ১৫৫.৯৫। গত বছর ভারতকে বেশ কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ব্যাটিং অর্ডারে এরপর নিউ জিল্যান্ডের মার্ক চ্যাপম্যান। বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের লড়াইয়ে থাকা এই ব্যাটসম্যান ১৯ ইনিংসে ৫৭৬ রান করেছেন ১৪১.৮৭ স্ট্রাইক রেটে। দলে জায়গা পাওয়া জিম্বাবুয়ের স্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজার গত বছরটা দারুণ কেটেছে। ১১ ইনিংসে ৫১.৫০ গড়ে ৫১৫ রান করার পাশাপাশি ১৪.৮৮ গড়ে নিয়েছেন তিনি ১৭ উইকেট।
আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ২৬ উইকেট নিয়ে বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন। ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার রাভি বিষ্ণই গত বছর নিয়েছেন ১৮ উইকেট। ভারতের এই লেগ স্পিনারও আছেন দলে। আইসিসির এই দলের বিশেষজ্ঞ দুই পেসার জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ও ভারতের আর্শদিপ সিং। ২০২৩ সালে ২৬টি করে উইকেট নিয়েছেন তারা দুইজনই।
নারীদের বর্ষসেরা টি-টোয়েন্টি দলও এদিন ঘোষণা করেছে আইসিসি। যেখানে জয়জয়কার অস্ট্রেলিয়ানদের। সর্বোচ্চ চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন দলটি থেকে- বেথ মুনি, এলিস পেরি, অ্যাশলি গার্ডানার ও মেগান শুট।
দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে। ইংল্যান্ড থেকে আছেন ন্যাট সিভার-ব্রান্ট ও সোফি এক্লেস্টোন। জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কার ও ভারতের দীপ্তি শার্মাও আছেন বর্ষসেরা দলে।
আইসিসি বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি দল: ইয়াশাসবি জয়াসওয়াল (ভারত), ফিল সল্ট (ইংল্যান্ড), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) (উইকেটকিপার), সুরিয়াকুমার ইয়াদাভ (ভারত) (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান (নিউ জিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আলপেশ রামজানি (উগান্ডা), মার্ক অ্যাডায়ার (আয়ারল্যান্ড), রাভি বিষ্ণই (ভারত), রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে), আর্শদিপ সিং (ভারত)।
আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা) (অধিনায়ক), বেথ মুনি (অস্ট্রেলিয়া) (উইকেটকিপার), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), ন্যাট সিভার-ব্রান্ট (ইংল্যান্ড), অ্যামেলিয়া কার (নিউ জিল্যান্ড), এলিস পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), দীপ্তি শার্মা (ভারত), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), মেগান শুট (অস্ট্রেলিয়া)।
