কানাডায় আবার সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স
গ্লোবাল টি-টোয়েন্টিতে বৃষ্টির হানায় ব্যাটিংয়ে নামতে পারেননি লিটন দাসরা।
প্রথম ম্যাচের মতো আরও একবার অলরাউন্ড পারফরম্যান্সে নিজেকে মেলে ধরলেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে তার দল মন্ট্রিয়ল টাইগার্স পেল টানা দ্বিতীয় জয়ের দেখা।
কানাডার ব্রামটনে রোববার মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে পাকিস্তানি ব্যাটসম্যান আজম খানের উইকেট নেন সাকিব। পরে ব্যাট হাতে ২৪ বলে খেলেন ৩৬ রানের ইনিংস। তার দল জেতে ৭ উইকেটে।
আগের ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নেওয়ার পর ১৩ বলে ২৬ রান করেছিলেন সাকিব।
টস হেরে ব্যাটিংয়ে নামা মিসিসগা প্রথম দুই ওভারে হারায় দুই ওপেনার টম কুপার ও ক্রিস গেইলকে। পরে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আজম খান ও নাভনিত ধালিওয়াল।
সাকিবের প্রথম ওভারে টানা দুই বলে ছক্কা ও চার মারেন আজম। নিজের দ্বিতীয় ওভারেই অবশ্য শোধ তোলেন বাংলাদেশের অলরাউন্ডার, এলবিডব্লিউ করে দেন ১৯ বলে ২৬ রান করা আজমকে।
প্রথম ৩ ওভারে ২৪ রান দেওয়ার পর ১৯তম ওভারটিতে বোলিং করে সাকিব রান দেন কেবল ৪।
জিমি নিশামের ৩৫ বলে অপরাজিত ৫৪ ও নাভনিতের ৪৭ বলে ৪৬ রানের ইনিংসে মিসিসগা ২০ ওভারে করতে পারে ১৪০।
রান তাড়ায় জিততে তেমন কোনো বেগ পেতে হয়নি মন্ট্রিয়লকে। ওপেনার সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মাদ ওয়াসিম দ্রুত ফিরলেও দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন আরেক ওপেনার ক্রিস লিন ও তিনে নামা সাকিব।
ক্রিজে যাওয়ার পর প্রথম বলটি ডট দেওয়ার পর টানা দুটি বল বাউন্ডারিতে পাঠান সাকিব। পরে কানাডার স্পিনার প্রাভিন কুমারকে টানা চার বলে মারেন দুটি করে চার ও ছক্কা। এক পর্যায়ে তার রান ছিল ১৬ বলে ৩৫। পরে একটু থমকে যান। শেষ পর্যন্ত পাকিস্তানি লেগ স্পিনার উসমান কাদিরের বলে স্টাম্পড হন ২৪ বলে ৩৬ রান করে।
পরে শেরফেইন রাদারফোর্ড করেন ২০ বলে ২৭। অধিনায়ক লিন অপরাজিত থাকেন ৪৫ বলে ৬৪ রান করে। দল জিতে যায় ২৫ বল বাকি রেখে।
৪ ওভারে স্রেফ ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিবদের দলের পাকিস্তানি বাঁহাতি পেসার কালিম সানা।
গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলাদেশের আরেক প্রতিনিধি লিটন কুমার দাস এ দিন ব্যাটিংয়ে নামতে পারেননি বৃষ্টির কারণে। লিটনদের সারে জাগুয়ার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রামটন উলফস ৭.২ ওভারে ৩ উইকেটে ৫০ রান করার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। আর শুরু হতে পারেনি।
জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেন ক্রিকেটে এ দিন খুব একটা ভালো করতে পারেননি মুশফিকুর রহিম। হারারে স্পোর্টস ক্লাবে স্যাম্প আর্মির বিপক্ষে ১৩ বল খেলে ১৬ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান।
পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ করেন ১৭ বলে অপরাজিত ২৩। জোহানেসবার্গ বাফেলোজ ১০ ওভারে করে ৯৬ রান।
রান তাড়ায় টাডিওয়ানাশে মারুমানির ২৪ বলে ৫৪ ও রহমানউল্লাহ গুরবাজের ১৮ বলে ৩৫ রানের ইনিংসে স্যাম্প আর্মি জিতে যায় ৭ উইকেটে।
বুলাওয়ে ব্রেভসের ম্যাচে এ দিন বিশ্রামে ছিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ।
