১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরতেই গ্রেপ্তার লামিছানে

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই নেপালের এই তারকা লেগ স্পিনারকে আটক করেছে পুলিশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 04:59 PM

Updated : 06 Oct 2022, 10:13 PM

যেমনটা ধারণা ছিল, তাই হয়েছে। এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত সন্দীপ লামিছানে নেপালে পৌঁছানোমাত্রই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারকা এই লেগ স্পিনার বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে আগেই জানিয়েছিলেন। এদিন কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই তাকে গেপ্তার করে পুলিশ।

১৭ বছর বয়সী এক কিশোরীর করা ধর্ষণের অভিযোগের পর লামিছানের বিরুদ্ধে গত সেপ্টেম্বরের শুরুর দিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই সময় সিপিএল খেলতে ক্যারিবিয়ায় ছিলেন তিনি।

পরে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফিরবেন বলে জানান লামিছানে।

দেশে ফেরার যাবতীয় তথ্য পুলিশকে সরবরাহ করেন লামিছানে নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বৃহস্পতিবার জানান সেসব। সঙ্গে নিজেকে আবারও নির্দোষ দাবি করেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

“আমি জানি, ষড়যন্ত্র ও অন্যায় অভিযোগের এক কঠিন সময়ের মুখোমুখি হয়েছি এবং এর প্রভাব অকল্পনীয়। আমি নিশ্চিত, আমাদের আইনি ব্যবস্থায় অভিযুক্ত ব্যক্তিরা নির্দোষ প্রমাণিত হলে ক্ষতিপূরণ দেওয়ার কিছু ব্যবস্থা অবশ্যই আছে।”

“শিগগিরই আমার বিরুদ্ধে করা অন্যায় মামলা ও অভিযোগের বিরুদ্ধে আইনি সহায়তা চাইব। আমি নিশ্চিত, ন্যায়বিচার পাব এবং আমার প্রিয় দেশের নাম উজ্জ্বল করতে শিগগিরই ক্রিকেট মাঠে ফিরতে পারব। দ্রুত বিচারের প্রার্থনা করছি।”

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরপরই জরুরি সভা ডেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল লামিছানেকে নিষিদ্ধ ঘোষণা করে। তখন দেশটির জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি।

নেপাল ক্রিকেটের উজ্জ্বল বিজ্ঞাপন হিসেবে গত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে নিজেকে পরিচিত করেছেন লামিছানে। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় (আইপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল, এলপিএল) খেলা নেপালের একমাত্র ক্রিকেটার তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটেও তার রয়েছে দারুণ সব অর্জন। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ ওয়ানডে উইকেট ও তৃতীয় দ্রুততম হিসেবে ৫০ টি-টোয়েন্টি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

নাইরোবিতে গত ৩০ অগাস্ট কেনিয়ার বিপক্ষে নেপালের হয়ে সবশেষ মাঠে নামেন লামিছানে। সবশেষ সিপিএলের শিরোপাজয়ী দল জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলার কথা থাকলেও ওই অভিযোগের পর আর খেলা হয়ে ওঠেনি নেপালের হয়ে ৩০ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলা লামিছানে।