২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালামকে ছাড়িয়ে ছক্কার রেকর্ড স্টোকসের

টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় এখন শীর্ষে ইংলিশ অধিনায়ক।

ম্যাককালামকে ছাড়িয়ে ছক্কার রেকর্ড স্টোকসের

ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2023, 03:25 PM

Updated : 18 Feb 2023, 03:25 PM

স্কট কুগেলাইনের শর্ট বল ফাইন লেগ দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে ফেললেন বেন স্টোকস। ব্যস! তাতেই টেস্টের দারুণ একটি রেকর্ড নিজের করে নিলেন তিনি। এই সংস্করণের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যান এখন ইংলিশ অধিনায়ক।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিন শনিবার এই কীর্তি গড়েন স্টোকস। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারে রেকর্ডগড়া ছক্কাটি হাঁকান তিনি।

যার রেকর্ডটি ভাঙলেন স্টোকস, সেই ব্রেন্ডন ম্যাককালাম তখন বসে ছিলেন ইংল্যান্ডেরই ড্রেসিং রুমে। নিউ জিল্যান্ডের সাবেক এই অধিনায়ক এখন ইংলিশদের প্রধান কোচ। এই দুজনের জুটিতেই টেস্টে দুর্বার গতিতে ছুটছে দলটি।

১০৭ ছক্কা নিয়ে ম্যাককালামের সঙ্গে যৌথভাবে এই তালিকায় শীর্ষে থেকে ম্যাচটি খেলতে নামেন স্টোকস। প্রথম ইনিংসে তেমন কিছু করতে পারেননি তিনি। ৩ চারে ১৯ রান করে ফেরেন।

দ্বিতীয় ইনিংসেও যে খুব ভালো করেছেন স্টোকস, তা নয়। করতে পেরেছেন কেবল ৩১ রান। তবে গড়েছেন ছক্কার রেকর্ড। ওই ছয়ের পরের বলেই কুগেলাইনকে আরেকটি ছক্কায় ওড়ান তিনি। যদিও সেটা অল্পের জন্য ক্যাচ হয়নি।

সব মিলিয়ে টেস্টে ৯০ ম্যাচে স্টোকসের ছক্কা হলো ১০৯টি। একশ ছক্কা আছে কেবল আর অ্যাডাম গিলক্রিস্টের। ৯৬ টেস্টে ঠিক ১০০ ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিপার-ব্যাটসম্যান।

১০৩ ম্যাচে ৯৮ ছক্কা মেরে তালিকায় চার নম্বরে আছেন ক্রিস গেইল। ২০১৪ সালে সবশেষ টেস্ট খেলা ক্যারিবিয়ান তারকার এই সংস্করণে পথচলা শেষ বলে দেওয়া যায় সংশয় ছাড়াই।

১৬৬ ম্যাচে ৯৭ ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ১০৪ ম্যাচে ৯১টি ভারতের বিরেন্দর শেবাগ। আর কেউ নম্বইয়ের ঘরে যেতে পারেননি।

এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে স্টোকসের পরে যিনি আছেন, তিনি অবশ্য কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান নন। ৯১ ম্যাচে ৭৬ ছক্কা মেরেছেন কিউই পেসার টিম সাউদি।