২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিটনের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে’

প্রথমবার আইপিএলে যাওয়া লিটন দাস উপভোগ করতে পারলে ভালো করবে বলে মনে করেন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 09:38 PM

Updated : 11 Apr 2023, 09:38 PM

লিটন কুমার দাসের অনুশীলনের কয়েকটি ছবি মঙ্গলবার পোস্ট করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ফেইসবুক পাতায়। প্রথমবার আইপিএলে খেলতে যাওয়া বাংলাদেশের ব্যাটসম্যান ভালো করেই প্রস্তুত রাখছেন নিজেকে। ম্যাচ খেলার সুযোগ পেলে তার উপভোগ করা উচিত বলে মনে করছেন সাকিব আল হাসান। স্টাইলিশ এই ব্যাটসম্যানের আইপিএলের অভিজ্ঞতা ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে কাজে লাগবে বলে বিশ্বাস বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের।  

নিলামে ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা। দলটিতে এবার খেলার কথা ছিল সাকিবেরও। কিন্তু জরুরি পারিবারিক প্রয়োজনে শেষ পর্যন্ত সরে দাঁড়ান এই অলরাউন্ডার।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের কারণে শুরু থেকে কলকাতার সঙ্গে থাকতে পারেননি লিটন। গত রোববার সন্ধ্যায় ঢাকা ছাড়েন তিনি। তার আগে বলে যান, আইপিএলে খেলার সুযোগ না পেলেও ভারতের মাঠগুলো সম্পর্কে তিনি ধারণা নিয়ে রাখতে চান, যা কাজে লাগতে চান ভবিষ্যতে।

কলকাতার হয়ে সাত মৌসুম আইপিএলে খেলা সাকিব মঙ্গলবার রাজধানীতে এক রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে বললেন, লিটনের সঙ্গে আইপিএল নিয়ে কোনো কথা হয়নি তার। তবে জাতীয় দলের সতীর্থকে নিয়ে তার চাওয়া জানিয়ে দিলেন তিনি।

“কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইব ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।”

কলকাতার পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতে জিতেছে তারা।