২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ঙ্কর সেই দুর্ঘটনার পর আইপিএল দিয়ে ফিরছেন পান্ত

মারাত্মক সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই ফিরতে যাচ্ছেন এই কিপার-ব্যাটসম্যান।

ভয়ঙ্কর সেই দুর্ঘটনার পর আইপিএল দিয়ে ফিরছেন পান্ত

দুর্ঘটনার পর দীর্ঘদিন রিশাভ পান্তের সঙ্গী ছিল ক্রাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 10:40 AM

Updated : 12 Dec 2023, 03:42 PM

গত জুলাইয়ের পর রিশাভ পান্তের শারীরিক অবস্থার আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি ভারতীয় বোর্ড-বিসিসিআই। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ফেব্রুয়ারির শেষ নাগাদ পুরোপুরি ফিট হয়ে উঠবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। সেক্ষেত্রে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে আগামী আইপিএল দিয়ে মাঠে ফিরবেন এই কিপার-ব্যাটসম্যান।

দুর্ঘটনার আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পান্ত। এবার অধিনায়ক হিসেবেই তিনি ফিরছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কিপিং করতে পারবেন কি না, তা নিশ্চিত নয় এখনও।

গত জুলাইয়ের আনুষ্ঠানিকভাবে সবশেষ তথ্যে বিসিসিআই জানিয়েছিল, পান্তের পুনবার্সন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নেটে তিনি ব্যাটিং ও কিপিং শুরু করেছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও পোস্ট করেন তিনি, যেসব থেকে বোঝা যায় যে মাঠে ফেরার পথে তিনি এগিয়ে যাচ্ছেন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দিল্লি থেকে গাড়ি চালিয়ে নিজ শহর উত্তরাখন্ডের রুর্কিকে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন পান্ত। ভোরের দিকে সড়ক বিভাজকে ধাক্কা লেগে তার গাড়িতে আগুন ধরে যায়। একটি বাসের ড্রাইভার ও তার সহকারী ছুটে গিয়ে গাড়ির ভেতর থেকে বের করে আনেন পান্তকে।

সেই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হন পান্ত। বিশেষ করে তার ডান হাঁটুর প্রধান তিনটি লিগামেন্টই ছিঁড়ে যায়। গত জানুয়ারিতেই জানা যায়, এই বছর আর মাঠে ফিরতে পারবেন না আগ্রাসী এই কিপার-ব্যাটসম্যান।

দুর্ঘটনার পর কয়েক দফায় অস্ত্রোপচার করানো হয় তার। পরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে তার পুনর্বাসন প্রক্রিয়া চলতে থাকে।

আগামী আইপিএল দিয়ে যে তিনি ফিরতে পারেন, এর একটি ইঙ্গিত পাওয়া যায় গত মাসে। কলকাতায় দিল্লি ক্যাপিটালসের একটি ক্যাম্পে পান্তকে দেখা যায়। সেই ক্যাম্পে ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি, প্রধান কোচ রিকি পন্টিং ও সহকারী কোচ প্রাভিন আমরে। পরবর্তী নিলামের জন্য ক্রিকেটারদের ধরে রাখা ও ছেড়ে দেওয়ার কৌশলগত আলোচনায় পান্ত অংশ নেন সক্রিয়ভাবে।

পান্তের অনুপস্থিতিতে গত আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্নার। ১৪ ম্যাচের স্রেফ ৫টিতে জিতে তারা আসর শেষ করে তলানি থেকে দুইয়ে।

দুর্ঘটনার আগে পান্ত শেষবার মাঠে নেমেছেন গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে।