২৫-২৬ গড় একদম খারাপ নয় : লিটন
ফর্মের অধারাবাহিকতার প্রশ্নে লিটনের পাল্টা প্রশ্ন, ‘পঞ্চাশ করাই লাগবে প্রতি ম্যাচে?’
ফর্ম নিয়ে প্রশ্নটি হয়তো খুব একটা মনমতো হলো না লিটন কুমার দাসের। পাল্টা প্রশ্ন করলেন, “ফর্ম কি, ভাই?” উত্তরটা নিশ্চয়ই লিটন জানেন। কিন্তু মুখে মুচকি হাসি থাকলেও তার কথায় ফুটে উঠল অসন্তুষ্টির সুর। সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং গড় খুব খারাপ নয় বলেও মন্তব্য করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক।
ব্যাট হাতে গত বছর অসাধারণ কেটেছে লিটনের। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের রেকর্ড ১ হাজার ৯২১ রান করেছেন তিনি । বাংলাদেশের আর কেউ হাজার রানও করতে পারেনি ২০২২ সালে। ওয়ানডেতে ১৩ ইনিংস খেলে দলের সর্বোচ্চ ৫৭৭ রান করেছিলেন ৫২.৪৫ গড়ে।
এবার এই সংস্করণেই তিনি অনেকটা অচেনা। এই বছর ১০ ওয়ানডে খেলে তার রান ২৬.১১ গড়ে ২৩৫। ফিফটি ২টি। শূন্য রানে আউট হয়েছেন ৩ ইনিংসে। তার চেয়ে বেশি রান করেছেন এখনও পর্যন্ত দলের ৫ ব্যাটসম্যান।
আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে ধীরস্থির শুরুর পর জেগে ওঠার ইঙ্গিত দিলেও আলগা শটে আউট হয়ে যান ২৬ রান করে। এখন তার কাঁধে পড়েছে অধিনায়কত্বের ভারও। তামিম ইকবালের হঠাৎ অবসরে সিরিজের পরের দুই ম্যাচে তিনিই অধিনায়ক।
দ্বিতীয় ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হলো ফর্মের সাম্প্রতিক অধারাবাহিকতা নিয়ে। সেখানে তার পাল্টা প্রশ্ন, “ফর্ম কি, ভাই? কত করলে ফর্মে থাকব, এটা একটু বলেন না!”
তাকে তখন জানানো হলো, সবশেষ ১০ ওয়ানডেতে তার ব্যাটিং গড় ২৫ বা ২৬। এবার তার উত্তরটাও খানিকটা বিস্ময় জাগানিয়া। পরে অবশ্য বললেন, ভালো করার চেষ্টা করছেন তিনি।
“গড়? ২৫-২৬ একদম খারাপ নয়। আপনি কত চান? ৫০ করাই লাগবে প্রতি ম্যাচে! (হাসি)”
“দেখুন, ক্রিকেটে একটা সিরিজ ভালো যাবে, একটা খারাপ যাবে। এটা নরম্যাল। ফর্ম আসবে-যাবে, এটা এমন কোনো কিছু নয়। তিন ফরম্যাট খেলছি, একটি ফরম্যাট খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না… বাড়তি কোনো চাপ নেই। আমি সাধারণভাবেই আমার ক্রিকেট নিয়ে চিন্তা করছি, কীভাবে আরও ভালো করা যায়, চেষ্টা করছি।”
ওয়ানডেতে তিনি বিবর্ণ হলেও অন্য দুই সংস্করণে চিত্র ভিন্নই। টি-টোয়েন্টি খেলেছেন এ বছর ৬টি। ৩৮.১৬ গড় ও ১৫৯.০২ স্ট্রাইক রেটে দলের সর্বোচ্চ ২২৯ রান তার। টেস্ট খেলেছেন দুটি। সাদা পোশাকে ৪৭ গড়ে রান ১৪১।
