বরিশালকে ইনিংস ব্যবধানে হারাল রাজশাহী
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে সিলেট-চট্টগ্রাম ম্যাচে ফল আসেনি।
ফলো-অনে পড়ে লড়াই করলেন বরিশাল বিভাগের ওপেনার আবু সায়েম। পরে চেষ্টা চালালেন মইন খান। তবে দলের আর কেউ করতে পারলেন না আশানুরূপ ব্যাটিং। রাজশাহী বিভাগের কাছে ইনিংস ব্যবধানে হারল বরিশাল।
জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় স্তরের এই ম্যাচে জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক ও প্রিতম কুমারের সেঞ্চুরিতে ৫০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রাজশাহী। দুইবার ব্যাটিং করেও তা টপকাতে পারেনি বরিশাল। রাজশাহী পেয়েছে ইনিংস ও ৬৮ রানের জয়।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৭৩ রানে অল আউট হয়েছিল বরিশাল। ২৩৫ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নেমে তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে স্রেফ ১৬৭ রানে। হ্যামস্ট্রিং চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি বরিশালের রাফসান আল মাহমুদ। ৯ উইকেট পতনের পর সমাপ্তি ঘটে তাদের ইনিংসের।
তৃতীয় দিন ফলো-অনে পড়ে ১ উইকেটে ৫৭ রান করেছিল বরিশাল। ম্যাচ বাঁচানোর অভিযানে বৃহস্পতিবার শেষ দিন আবু সায়েম ও মইন ছাড়া বরিশালের কেউই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।
ম্যাচে দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে আবু সায়েম আউট হন ৫৬ রান করে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়বারেও ৪৯ রানে থামেন মইন।
বল হাতে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার শফিকুল ইসলাম। তরুণ ডানহাতি পেসার আসাদুজ্জামান পায়েলের শিকার ৩ উইকেট।
চার ম্যাচে রাজশাহীর এটি দ্বিতীয় জয়। সমান ম্যাচে বরিশালের প্রথম হার।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ১ম ইনিংস: ৫০৮/৮ (ডিক্লে.)
বরিশাল ১ম ইনিংস: ২৭৩
বরিশাল ২য় ইনিংস: ৫৮.৫ ওভারে ১৬৭ (আগেরদিন ৫৭/১) (আবু সায়েম ৫৬, ফজলে রাব্বি ৬, সালমান ২, শামসুল ০, সোহাগ ৩, মইন ৪৯, রাব্বি ১, তানভির ১৭, রুয়েল ১০*, রাফসান ০* আহত অনুপস্থিত; নাহিদ ১২-৪-৪৩-০, শফিকুল ১২-২-২০-৪, সানজামুল ১৬.৫-৫-৪৬-২, পায়েল ১৬-৫-৫০-৩, ফরহাদ ২-০-৬-০)
ফল: রাজশাহী বিভাগ ইনিংস ও ৬৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম
ব্যাটিং দৃঢ়তায় সিলেটকে রুখে দিল চট্টগ্রাম
উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দিলেন পিনাক ঘোষ ও জসিমউদ্দিন। তাদের দেখানো পথে হাঁটলেন পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দীপু, ইরফান শুক্কুররা। তাদের নৈপুণ্যে সিলেটের বিপক্ষে ফলো-অনে পড়েও হার এড়িয়েছে চট্টগ্রাম বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচটি শেষ দিনে ড্র হয়েছে।
জাকির হাসানের ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৮১ রানে ইনিংস ঘোষণা করেছিল সিলেট। জবাবে পারভেজের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ের পরও চট্টগ্রামের প্রথম ইনিংস থেমে যায় ২৩৭ রানে।
২৪৪ রানের বড় লিড পাওয়ায় চট্টগ্রামকে ফের ব্যাটিংয়ে পাঠায় সিলেট। দ্বিতীয়বার আগের ভুল আর করেননি চট্টগ্রামের ব্যাটসম্যানরা। দলটি ৫ উইকেটে ২৫৬ রান তোলার পর ম্যাচ ড্র মেনে নেয় স্বাগতিকরা।
তৃতীয় দিনের অবিচ্ছিন্ন ৮৮ রানের উদ্বোধনী জুটিতে শেষ দিনে ব্যাটিংয়ে নামেন পিনাক ও জসিমউদ্দিন। বৃহস্পতিবার দুজনই ফিরে যান দলীয় ৯৮ রানের মাথায়। ক্যারিয়ারের ১৩তম ফিফটিতে পিনাক খেলেন ৬২ রানের ইনিংস। জসিমউদ্দিন করেন ৩০ রান।
দুই ওপেনারকে হারানোর পর হাল ধরেন দুই তরুণ পারভেজ ও শাহাদাত। তাদের জুটিতে আসে ৭০ রান। প্রথম ইনিংসে ৯২ রান করা পারভেজ এবার আউট হন ৪১ রান করে। অধিনায়ক ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ২৯ রান।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চম ফিফটি ছুঁয়ে ৫৮ রান করেন শাহদাত। এরপর তাসামুল হক ও সৈকত আলির ষষ্ঠ উইকেট জুটি ৯.৩ ওভার খেললে ড্র মেনে নেয় সিলেট।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট ১ম ইনিংস: ৪৮১/৯ (ডিক্লে.)
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৩৭
চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস: ১০৯ ওভারে ২৫৬/৫ (আগের দিন ৮৮/০) (পিনাক ৬২, জসিমউদ্দিন ৩০, পারভেজ ৪১, শাহাদাত ৫৮, ইরফান ২৯, তাসামুল ২০*, সৈকত ৩*; আবু জায়েদ ৭-১-৩৪-০, নাবিল ৫০-২০-১০৭-৩, শাহানুর ২৮-৭-৪৪-১, তানজিম ১২-৩-৩৬-১, আল আমিন ১০-৩-১৪-০, গালিব ২-০-১২-০)
ফল: ড্র
ম্যান অব দ্য ম্যাচ: জাকির হাসান
