সেঞ্চুরিতে চোখ জাকিরের, শান্তর অপরাজিত ফিফটি
প্রথম ইনিংসে চরম ব্যর্থতার পর ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ভালো লড়াই করছে বাংলাদেশ ‘এ’ দল।
সাগরপাড়ের মাঠে তখন দিনের আলো মরে এসেছে কিছুটা। লাইট মিটারে দেখে বেলস ফেলে দিলেন আম্পায়ার মাসুদুর রহমান। দিনের খেলার সমাপ্তি। অপরাজিত থেকেই মাঠ ছাড়তে পারলেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। টানা দুই দিনের ভোগান্তির পর অবশেষে বাংলাদেশের স্বস্তির একটি দিন!
ভারত ‘এ’ দলের কাছে প্রথম ইনিংসে বিশাল ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে লড়াই করছে বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় দিন শেষে রান ১ উইকেটে ১৭২।
প্রথম ইনিংস ভারতীয়দের লিড ছিল ৩৫৩ রানের। আপাতত তা এখন কমে দাঁড়িয়েছে ১৮১ রানে।
প্রথম ইনিংসে ২ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এবার ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েন জাকির ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে শতরানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাকির ও শান্ত।
দিন শেষে জাকির অপরাজিত ৮ চার ও ২ ছক্কায় ১৭৩ বলে ৮১ রানে। এবছর জাতীয় লিগে ৫৫.২৫ গড়ে সর্বোচ্চ ৪৪২ রান ও গত বিসিএলে ৯৯ গড়ে ৩৯৬ রান করা ব্যাটসম্যান অবশেষে পরের ধাপে নিজেকে কিছুটা মেলে ধরতে পারলেন।
তার সঙ্গে অপরাজিত থেকে ১২৪ বলে ৫৬ রান নিয়ে দিন শেষ করেন শান্ত।
দিনের শুরুতে ভারত ‘এ’ দল লিড বাড়িয়ে নেয় আরও। ৫ উইকেটে ৪০৪ রান নিয়ে তারা শুরু করে খেলা। আগের দিন ২৬ রানে অপরাজিত থাকা তিলক ভার্মা ৩৩ রান করে মাঠ ছাড়েন চোট নিয়ে। তবে কিপার-ব্যাটসম্যান উপেন্দ্র যাদব দ্রুত রান বাড়ান। ৫ চার ও ২ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। লাঞ্চের একটু আগে ইনিংস ঘোষণা করে দেয় ভারতীয়রা।
বড় রানের চাপ মাথায় নিয়ে বাংলাদেশের দুই ওপেনারের প্রথম চ্যালেঞ্জ ছিল লাঞ্চের আগের সময়টুকু কাটিয়ে দেওয়া। মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান তা কাটিয়ে দেন নিরাপদেই।
লাঞ্চের পর আস্তে আস্তে ইনিংস গড়েন দুজন। খুব একটা ঝুঁকির পথে পা বাড়াননি কেউই। প্রথম ১৭ ওভারে বাউন্ডারি আসে স্রেফ দুটি, রান তখন ২৮।
৫০ বল খেলে জয়ের রান যখন ৮, প্রথম আগ্রাসনের একটু নমুন দেখান তিনি। অফ স্পিনার জয়ন্ত যাদবের বলে ছক্কা মারেন লং অন দিয়ে। একটু পর জয়ন্তকেই দারুণ এক শটে লং অফ দিয়ে ছক্কায় ওড়ান জাকির।
সেটির রেশ থাকতে থাকতেই বাঁহাতি স্পিনার সৌরভ কুমারের এক ওভারে সুইপ করে চার ও স্লগ সুইপে ছক্কা মারেন জাকির।
সেই সৌরভের বলেই ভাঙে উদ্বোধনী জুটি। ঝুলিয়ে দেওয়া বল এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে শর্ট কাভারে ধরা পড়েন জয় (৮৮ বলে ২১)।
সেখান থেকে দলকে এগিয়ে নেন জাকির ও শান্ত। চা বিরতির পরই জাকির ফিফটি পূরণ করেন ১০৯ বলে। দলের শতরান আসে ৪০তম ওভারে। শান্তর পঞ্চাশ আসে ১০৪ বলে।
ভারতের পেসার মুকেশ কুমার চোটের কারণে ১০.৫ ওভারের পর বল করতে পারেননি। আরেক পেসার অতিত শেঠ থেমে যান ৩.১ ওভার বোলিং করেই। দুই স্পিনার জয়ন্ত ও সৌরভকেই তাই মূলত বয়ে নিয়ে হয় বোলিং আক্রমণ। তারা খুব একটা বিপাকে ফেলতে পারেননি জাকির ও শান্তকে।
দিনশেষে দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১০১। তবে ম্যাচ বাঁচাতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ১১২
ভারত ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন ৪০৪/৫) ১৩২ ওভারে ৪৬৫/৫ (ডি.) (যাশাসবি ১৪৫, ইশ্বরন ১৪২, ঢুল ২০, তিলক ৩৩ আহত অবসর, সরফরাজ ২১, উপেন্দ্র ৭১*, জয়ন্ত ১০, অতিত ৮*; খালেদ ২৫-১-৯৩-২, রাজা ২৩-৩-৮০-০, তাইজুল ৪৮-৯-১৭০-৩, নাঈম ৩২-৪-১০৫-০, মোসাদ্দেক ৪-১-১০-০)।
বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ৬৩ ওভারে ১৭২/১ (জয় ২১, জাকির ৮১*, শান্ত ৫৬*; মুকেশ ১০.৫-৩-২৫-০, সাইনি ১১-৩-২৪-০, অতিত ৩.১-১-৪-০, জয়ন্ত ১৮-২-৫৫-০, সৌরভ ১৮-৫-৪৫-১, সরফরাজ ২-০-১২-০)।
