২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে শ্রেয়াস

বাংলাদেশকে হারানোর পথে বড় অবদান রেখে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রবিচন্দ্রন অশ্বিন।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে শ্রেয়াস

সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে শ্রেয়াস আইয়ার। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 03:52 PM

Updated : 28 Dec 2022, 03:52 PM

মিরপুর টেস্টে ভারত যখন হারের শঙ্কায়, তখন ত্রাতা হয়ে দাঁড়ান শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। অষ্টম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় সফরকারীরা। ওই পারফরম্যান্সের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা ১৬তম স্থানে জায়গা করে নিয়েছেন শ্রেয়াস। তিন বিভাগেই উন্নতি করেছেন অশ্বিন।

র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছিল ভারত। রিশাভ পান্তের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন শ্রেয়াস। ২ ছক্কা ও ১০ চারে খেলেন ৮৭ রানের ইনিংস।

৫ ছক্কা ও ৭ চারে ৯৩ রান করেন পান্ত। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ষষ্ঠ স্থানে এই কিপার-ব্যাটসম্যান। বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে না খেলা রোহিত শর্মা আছেন নবম স্থানে।

পরে ১৪৫ রানের লক্ষ্য তাড়ায় ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় ভারত। সেখান থেকে অশ্বিনের সঙ্গে ৭১ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শ্রেয়াস।

৪টি চারে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

দ্বিতীয় ইনিংসের এই জুটিতে অবশ্য অগ্রণী ছিলেন অশ্বিন। প্রথম ইনিংসে ১২ রানে আউট হওয়া এই ক্রিকেটার এবার করেন ১ ছক্কা ও চারটি চারে ৪২ রান। তাতে ৩ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় এখন তিনি ৮৪ নম্বরে।

এই ম্যাচে খেলা ভারতের বেশ কয়েকজন ব্যাটসম্যানের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। ২৪ ও ১ রান করা বিরাট কোহলি ২ ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে। ২৪ ও ৬ রান করা চেতেশ্বর পুজারা ৩ ধাপ নিচে নেমে আছেন ১৯তম স্থানে। ৮ ধাপ পিছিয়েছেন লোকেশ রাহুল (৫৫তম), শুবমান গিলের (৬১তম) অবনতি ৫ ধাপ।

এক সময় টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ও অলরাউন্ডার ছিলেন অশ্বিন। আবার সেই পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি।

ম্যাচে ৬ উইকেট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন অশ্বিন। আছেন সতীর্থ পেসার জাসপ্রিত বুমরাহর সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে।

ভারতীয় বোলারদের মধ্যে আরও উন্নতি হয়েছে উমেশ যাদবের। ম্যাচে ৫ উইকেট নিয়ে এই পেসারের উন্নতি পাঁচ ধাপ, আছেন ৩৩ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা সতীর্থ রবীন্দ্র জাদেজার সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছেন অশ্বিন। ৩৬৯ পয়েন্ট জাদেজার, অশ্বিনের ৩৪৩। তিনে থাকা সাকিব আল হাসানের পয়েন্ট ৩২৯।