মিরপুর টেস্টে বোলিং করবেন সাকিব, ফিরছেন তাসকিনও
পাঁজর ও কাঁধের অস্বস্তি কাটিয়ে বোলিং করতে প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক।
টেস্টের আগের দিন দলের ঐচ্ছিক অনুশীলনে নেই সাকিব আল হাসান। তার বোলিং করা নিয়ে শঙ্কাগুলোও যেন আরও ঘনীভূত হলো তাতে। তবে পরে সংবাদ সম্মেলনে অ্যালান ডোনাল্ড জানালেন সুখবর। চোট-অস্বস্তি কাটিয়ে বোলার সাকিবকেও পাওয়া যাবে মিরপুর টেস্টে। পাশাপাশি বাংলাদেশের বোলিং কোচ জানিয়ে দিলেন, ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশে থাকছেন তাসকিন আহমেদও।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পর আর বোলিং করেননি সাকিব। ওয়ানডে সিরিজে পাওয়া পাঁজরের চোটের অস্বস্তি নিয়ে টেস্ট ম্যাচটি শুরু করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। পরে যোগ হয় কাঁধের সমস্যা।
টেস্ট শেষে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো যা বলেছিলেন, তাতে মিরপুরেও সাকিবের বোলিং করা নিয়ে শঙ্কার অবকাশ যথেষ্টই ছিল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলনে ব্যাটিং করলেনও বোলিং করতে দেখা যায়নি অধিনায়ককে।
তবে অনিশ্চয়তার মেঘ সব কেটে গেল টেস্টের আগের দিন ডোনাল্ডের কথায়।
“সাকিব ঠিকঠাক আছে। সে বল করবে। ওয়ানডে সিরিজের ম্যাচে এখানে কিছুটা চোট পেয়েছিল সে, তবে তা কাটিয়ে উঠেছে। প্রথমত, (একাদশে) তাকে পাওয়া যাবে এবং বোলিংও করবে।
সাকিবের বোলিং নিয়ে অনিশ্চয়তার কারণেই এই টেস্টের দলে যোগ করা হয় নাসুম আহমেদকে। অধিনায়ক বোলিং করতে না পারলে নাসুমের টেস্ট অভিষেক ছিল অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে একাদশের ভারসাম্য নিয়েও ভাবতে হতো টিম ম্যানেজমেন্টকে। চট্টগ্রাম টেস্ট শেষে ডমিঙ্গো ইঙ্গিত দিয়েছিলেন, ইয়াসির আলি চৌধুরি কিংবা নুরুল হাসান সোহানের একজনকে বাদ পড়তে হতে পারে।
এখন আর সেরকম কিছু হচ্ছে না বলেই ইঙ্গিত দিলেন ডোনাল্ড। একাদশে একটি পরিবর্তন এমনিতে অবধারিতই। আগের টেস্টে চোট পাওয়া পেসার ইবাদত হোসেন চৌধুরি এই টেস্টে স্কোয়াডেই নেই। তার জায়গায় সুযোগ পাচ্ছেন তাসকিন আহমেদ।
বোলিং আক্রমণের ভারসাম্য নিয়ে প্রশ্নে শুরুতে অবশ্য কিছুটা মজা করলেন ডোনাল্ড, “নির্বাচক কেউ এখানে আছে…?” পরমুহূর্তেই অবশ্য সম্ভাব্য ছবিটা তুলে ধরলেন তিনি।
“হয়তো দায়িত্বের বাইরে গিয়ে বলছি, তবে আমার মনে হয়, আগের টেস্টের তিন স্পিনারই এখানে থাকবে। পাশাপাশি তাসকিনকে আমরা স্বাগত জানাব (একাদশে), সঙ্গে খালেদ তো আছেই। এরকম কিছুই সম্ভবত হতে যাচ্ছে। ভালো ব্যাপার হলো, সাকিব বোলিংয়ের জন্য তৈরি এবং উইকেট দেখে যা মনে হচ্ছে, তার অনেক বড় ভূমিকাও থাকবে এখানে।”
সব ঠিকঠাক থাকলে তাই টেস্ট অভিষেকের প্রায় ৬ বছর পর ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নামবেন তাসকিন।
পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি এই ফাস্ট বোলার। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে খেললেও তাকে সেদিন পুরোপুরি ফিট মনে হয়নি। অনেক খরুচেও ছিলেন। পরে টেস্ট সিরিজের আগে ভাবনায় ছিল তার ওয়ার্কলোড। চোট থেকে ফিরে দীর্ঘদিন পর হুট করে তাকে বড় দৈর্ঘের ম্যাচে নামিয়ে দেওয়া নিয়ে ভাবনায় ছিল দল।
শেষ পর্যন্ত ওই টেস্টে তাকে খেলানো হয়নি। টেস্ট ম্যাচের বিভিন্ন বিরতির ফাঁকে তাকে দেখা যায় বোলিং অনুশীলন চালিয়ে যেতে। এখন তাসকিন টেস্ট খেলার মতো অবস্থায় আছেন বলে মনে করেন ডোনাল্ড।
“তাসকিন ভালো আছে এবং মাঠে নামতে প্রস্তুত। সে গত টেস্ট ম্যাচও খেলতে চেয়েছিল। তবে ছন্দ ও গতির দিক থেকে তার ঘাটতি ছিল যথেষ্ট। গত সপ্তাহে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির ব্যাপারটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। গতকাল সে এখানে কাজ পুরোপুরি ভালোভাবে শেষ করেছে এবং লড়াইয়ে নামতে সে পুরোপুরি তৈরি।”
