২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির সম্প্রচার স্বত্ব কিনল ডিজনি স্টার

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আইসিসির নির্ধারিত মাপকাঠি ১৪৪ কোটি মার্কিন ডলারের চেয়েও বেশিতে বিক্রি হয়েছে স্বত্ব।

আইসিসির সম্প্রচার স্বত্ব কিনল ডিজনি স্টার

ছবি: আইসিসি 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 12:52 AM

Updated : 28 Aug 2022, 12:57 AM

চার বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করছে আইসিসি। ভারতীয় মার্কেটের জন্য ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত পুরুষ ও নারী ক্রিকেটের সব ধরনের বৈশ্বিক আসরের সম্প্রচার স্বত্ব কিনেছে ডিজনি স্টার।

নিলাম প্রক্রিয়া শুরু হয় গত শুক্রবার। ভারতীয় এই মিডিয়া কোম্পানির টিভি ও ডিজিটাল স্বত্ব কেনার বিষয়টি পরদিন বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

কী পরিমাণ অর্থ দিচ্ছে ডিজনি স্টার, তা অবশ্য জানানো হয়নি। সম্প্রচার স্বত্বের জন্য ১৪৪ কোটি মার্কিন ডলারের একটি মাপকাঠি নির্ধারণ করেছিল আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, এর চেয়েও বেশি বিড করে নিলাম জিতেছে ডিজনি স্টার।

গত চক্রের চেয়ে এবার বেশি মূল্যে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সবশেষ আইসিসির স্বত্বও কিনেছিল স্টার। আনুমানিক ২১০ কোটি মার্কিন ডলার দিতে হয়েছিল তাদের। তবে সেটা ছিল ৮ বছরের চক্রের জন্য।

গত চক্রের চেয়ে এবার আসর বেশি আইসিসির। ২০২৭ পর্যন্ত প্রতি বছরই ছেলে ও মেয়েদের একটি করে টুর্নামেন্ট আছে। ২০২৪ সালে বাংলাদেশে হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

পরের বছর ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও পাকিস্তানে হবে ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় ছেলেদের এবং ইংল্যান্ডে মেয়েদের ২০ ওভারের বিশ্বকাপ হবে। পরের বছর শ্রীলঙ্কায় হবে মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ।

এবার বৈশ্বিক ইভেন্টগুলোর স্বত্বের জন্য বিভিন্ন প্যাকেজ রাখে আইসিসি- একটি শুধুমাত্র টিভির জন্য, একটি শুধুমাত্র ডিজিটালের জন্য, একটি টিভি-ডিজিটাল উভয়ের জন্য, চার ও আট বছরের জন্য এবং পুরুষ ও নারীদের ইভেন্টগুলোকেও আলাদাভাবে বিবেচনা করা হয়।

ধারণা করা হচ্ছে, ডিজনি স্টারের সঙ্গে আর তিন সম্প্রচারক কোম্পানি সনি, ভিয়াকম ও জি নিলামে অংশ নিয়েছিল।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মার্কেটে যাওয়ার পরিকল্পনা করছে আইসিসি এবং তারপর এশিয়ার বাকি অংশের জন্য।