শিক্ষা সফরে ক্রিকেট মাঠে
ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষা সফরে বাংলাদেশের খেলা দেখতে এসে গ্যালারি মাতিয়েছে কুলাউড়ার ভাটেরা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘আমরা খেলা দেখতে মাঠে এসেছি, ভালো হয়েছে না খারাপ?’- চিৎকার করে জিজ্ঞেস করলেন একজন। জবাবও এলো ত্বরিত, শ দুয়েক শিক্ষার্থীর সমস্বরে গর্জন, ‘মজা হচ্ছে….! ভালো সিদ্ধান্ত…।’ পরক্ষণেই তাদের ‘বাংলাদেশ, ‘বাংলাদেশ’ স্লোগানে মুখরিত চারপাশ। এর আগ পর্যন্ত ম্রিয়মান হয়ে থাকা গ্যালারি প্রাণের জোয়ার পেল তাদের সরব উপস্থিতিতে।
তারা সবাই ভাটেরা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুল-কলেজ থেকে দল বেধে মাঠে আসা বা শিক্ষার্থীদের মাঠে নিয়ে আসা নতুন কিছু নয়। তবে এবারের ঘটনা একটি ব্যতিক্রম। তারা সবাই এসেছে আসছে শিক্ষা সফরে। মানে, ক্রিকেট মাঠে শিক্ষা সফর!
নিউ জিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ৫ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে সিলেট। ২ উইকেটে ১০৪ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর খেলা হলেও গ্যালারিতে ছিল না তেমন উচ্ছ্বাসের ঢেউ। দিনের শুরুর সেশনে প্রায় দর্শকশূন্য মাঠে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
দ্বিতীয় সেশন শুরুর আগে তুলনামূলক বাড়ে দর্শক উপস্থিতি। তখন দল বেধে মাঠে প্রবেশ করে ভাটেরা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এই বিদ্যালয়ে চলতি বছরের বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবেই রাখে মাঠে বসে বাংলাদেশের খেলা দেখার আয়োজন।
১৮০ জন শিক্ষার্থীর সঙ্গে মাঠে আসেন ২০ জন শিক্ষক। পুরো দলটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব ছিল সহকারী প্রধান শিক্ষক কাওসার আহমেদ মুন্নার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি শোনান এমন ব্যতিক্রমী শিক্ষা সফরের পেছনের ভাবনা।
“অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল, স্টেডিয়ামে এনে মেয়েদেরকে খেলা দেখাব। যে সংস্করণই হোক, ওদেরকে মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা দেওয়ার একটা প্রচেষ্টা সবসময় ছিল। এবার শিক্ষা সফরে আমাদের মনে হলো, এটিই হয়তো সেরা সময়।”
পরিকল্পনা আগে থেকেই থাকলেও অবরোধ-হরতালসহ দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে একরকম অনিশ্চয়তায় ভুগছিলেন বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার এমন কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকায় এ দিনটিকে বেছে নেন তারা।
পরিকল্পনা চূড়ান্ত করার পর বিসিবির সঙ্গে যোগাযোগ করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। পরে সিলেটের মাঠ কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করে তাদেরকে। মেয়েদের স্বাচ্ছ্যন্দের জন্য ক্লাব হাউজের ওই অংশে আর কাউকে ভিড়তে দেননি নিরাপত্তাকর্মীরা।
মাঠে প্রবেশ করার পর থেকে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে শিক্ষার্থীরা। তাদের চোখে-মুখে তখন অন্যরকম উচ্ছ্বাস, ভালো লাগার এক অভিব্যক্তি। মাঠে তখন দারুণ জুটি গড়ে তুলেছেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। তাদের একেকটি শটের সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীদের কণ্ঠের জোর।
নবম শ্রেণির শিক্ষার্থী সানজানা রহমান নিয়মিতই বাংলাদেশের খেলা দেখে থাকে। ঢাকায় গিয়ে সাকিব আল হাসানের সঙ্গে ছবি তোলার গল্পও শোনাল সে। তবে তার পছন্দের ক্রিকেটার মুশফিকুর রহিম। ততক্ষণে জয়-মুমিনুলের জুটি জমে যাওয়ায় মুশফিকের ব্যাটিং দেখতে না পাওয়ার কিছুটা অনুযোগও রইল তার।
ক্লাব হাউজের বিপরীত পাশেই গ্রিন হিল গ্যালারি। ঘাস কিছুটা ধূসর হলেও এর সৌন্দর্য ঠিকই বিমোহিত করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিশিতা দাসকে। সে জানাল, গত বছর শিক্ষকদের কাছে মাঠে আসার আবদার করেছিল তারা। তারই বাস্তবায়ন এবার মাঠে বসে খেলা দেখা।
“গত বছরের শিক্ষা সফরে এডভেঞ্চার ল্যান্ডে যাওয়ার সময় আমরা স্টেডিয়ামের প্রধান ফটক দেখেছিলাম। তখন মনে হচ্ছিল, এখানে যদি খেলা দেখতে পারি কেমন হবে! এই বছর তাই আমাদের এখানে আনা হয়েছে। খুব ভালো লাগছে।”
“আমাদের অনেকের জন্যই এটি নতুন জায়গা। আগে কোনোদিন আসিনি। একদিকে পাহাড়, আরেকদিকে স্টেডিয়াম। খুব সুন্দর, আবহও দারুণ। এরকম পরিবেশে কখনও আসা হয়নি। অন্যরকম অনুভূতি। সবসময় মনে থাকবে।”
শিক্ষার্থীদের মাঠে আনার পেছনে খেলাধুলার অন্তর্নিহিত শিক্ষা দেওয়ার লক্ষ্যের কথা জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা আক্তার।
“মেয়েদেরকে আমরা সব বিষয়ে জানানোর চেষ্টা করি। আমরা ওদের সঙ্গে প্রায়ই ক্রিকেট নিয়ে কথা বলি। এছাড়া ওরা নিজেরাও খেলতে পছন্দ করে। ওদেরকে অনুপ্রেরণা দিতে মাঠে এনেছি। ওরা নিজেরাও আগ্রহী হয়েছে প্রিয় ক্রিকেটারদের খেলা দেখবে।”
“বর্তমানে শেখার জায়গাটা তো উন্মুক্ত। কেউ কিছু শিখতে চাইলে যে কোনো জায়গা থেকেই শেখা যায়। স্টেডিয়ামে মেয়েরা এসে খেলা দেখতে পারছে, বিনিয়মে অনেক কিছু শিখছে। এটা আমাদের প্রাপ্তি এই শিক্ষা সফরের।”
অবশ্য বেশিক্ষণ মাঠে থাকা হয়নি সানজানা, নিশিতাদের। মাঠ থেকে বেরিয়ে দুপুরের খাবার খেয়ে তাদের পরবর্তী গন্তব্য শেখ হাসিনা পার্ক। তাই দ্বিতীয় সেশন শেষ হওয়ার মিনিট বিশেক আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থীদের ওই দল।
