২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পিএসএলে ‘প্রথম’ হ্যাটট্রিক আকিল হোসেনের

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রথম বোলার হিসেবে পিএসএলে হ্যাটট্রিকের স্বাদ পেলেন ক্যারিবিয়ান স্পিনার।

পিএসএলে ‘প্রথম’ হ্যাটট্রিক আকিল হোসেনের

হ্যাটট্রিক করে যেন উড়তে চাইলেন আকিল হোসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2024, 11:37 PM

Updated : 08 Mar 2024, 11:52 PM

বাঁহাতি স্পিনার আকিল হোসেনের আর্ম বল বুঝে উঠতে পারলেন না বাঁহাতি লুক উড। বল তার ব্যাটের কানা ছুঁয়ে গেল স্লিপে। দারুণ ক্ষিপ্রতায় ক্যাচ নিয়ে রাইলি রুশো ছুটলেন একদিকে। আরেক দিকে বোলার আকিল দুই হাত ছড়িয়ে ছুটে গেলেন প্রায় বাউন্ডারির কাছে। সেখানে ছুটে গিয়ে তাকে ঘিরে উদযাপনে মাতলেন সতীর্থরা। হ্যাটট্রিক বলে কথা! 

পিএসএলে শুক্রবার পেশাওয়ার জালমির বিপক্ষে টানা তিন বলে তিন শিকার ধরেন আকিল। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের চলতি আসরে প্রথম হ্যাটট্রিক এটি। এই প্রথম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোনো বোলার পেলেন এই স্বাদ। 

সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে পিএসএলে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আকিল। আগের পাঁচ জন হলেন- মোহাম্মদ আমির (২০১৬), জুনাইদ খান (২০১৮), ইমরান তাহির (২০১৮), মোহাম্মদ সামি (২০১৯) ও আব্বাস আফ্রিদি (২০২৩)। 

জুনাইদ, তাহির ও আব্বাস এই স্বাদ পান মুলতান সুলতান্সের হয়ে। করাচি কিংসের জার্সিতে আমির, ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সামি তিন বলে নেন তিন উইকেট। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আকিলের হ্যাটট্রিকটি তার কোটার শেষ ও পেশাওয়ারের ইনিংসের ষোড়শ ওভারে। ওভারের দ্বিতীয় বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন আমের জামাল। পরের বল স্টাম্পে টেনে আনেন মেহরান মুমতাজ। চতুর্থ বলে উডের ওই আউট। 

এর আগে পেশাওয়ার অধিনায়ক বাবর আজমের উইকেটও নেন আকিল। ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন ক্যারিবিয়ান স্পিনার। 

টস হেরে ব্যাটিংয়ে নামা পেশাওয়ার ২০ ওভারে ৮ উইকেটে করে ১৯৬ রান।