৪৯ বলের সেঞ্চুরিতে মিসবাহর রেকর্ড ভাঙলেন শাহজাদ
প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম ৫০ এর কম বলে সেঞ্চুরি করলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার।
পাঁচ নম্বরে যখন ব্যাটিংয়ে নামলেন মুহাম্মাদ শাহজাদ, তখন ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। সেখান থেকে পাল্টা আক্রমণে তিনি উপহার দিলেন ঝড়ো সেঞ্চুরি, নাম লেখালেন রেকর্ড বইয়ে।
পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্রেসিডেন্ট’স ট্রফি গ্রেড ১-এর তৃতীয় রাউন্ডের প্রথম দিন ৪৯ বলে সেঞ্চুরি করেন শাহজাদ। বৃহস্পতিবার হায়দরাবাদ কিংসমেন একাডেমির বিপক্ষে পাকিস্তান টেলিভিশনের হয়ে আট ছক্কা ও ১২ চারে ৬২ বলে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে বলের হিসাবে পাকিস্তানের কোনো ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি এটিই। আগের রেকর্ডটি ছিল মিসবাহ-উল-হাকের। ২০১৪ সালে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫৬ বলে সেঞ্চুরি করেন তখনকার পাকিস্তান অধিনায়ক মিসবাহ।
তখন টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভিভ রিচার্ডসের পাশে বসেন তিনি। তবে ১৫ মাস পর সেই রেকর্ড ভেঙে দেন ব্রেন্ডন ম্যাককালাম; অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫৪ বলে সেঞ্চুরি করেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান।
শাহজাদের সেঞ্চুরিটি প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে অষ্টম দ্রুততম। ২৭ বলে সেঞ্চুরি করে যৌথভাবে এই তালিকার চূড়ায় আছেন দুই ইংলিশ ক্রিকেটার গ্লেন চ্যাপেল ও মার্ক পেট্টিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে চ্যাপেল ১৯৯৩ সালে ও পেট্টিনি ২০০৬ সালে এই স্বাদ পান।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচে ২২ বছর বয়সি শাহজাদের ষষ্ঠ সেঞ্চুরি এটি। ২২টি লিস্ট ‘এ’ ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। ২০২৫ সালে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তিনি ছয়টি ম্যাচ খেলার সুযোগ পান। এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তার।
পাকিস্তানের বিভিন্ন বয়সভিত্তিক ধাপ পেরিয়ে উঠে এসেছেন শাহজাদ। পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দলের অংশ ছিলেন তিনি।
