বিদ্রূপ-হতাশার পথ মাড়িয়ে টেস্ট নেতৃত্বের গৌরবে রাঙা লিটন
একসময় যাকে নিয়ে সমালোচনা ও উপহাস হতো নিত্য, সেই তিনিই এখন দলের ভরসা এবং দেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হওয়ার অপেক্ষায়।
সব ঠিকঠাক থাকলে বুধবার শ্বেতশুভ্র পোশাকের ওপর সবুজ ব্লেজার চাপিয়ে টস করতে নামবেন লিটন কুমার দাস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সবুজ আঙিনায় হেঁটে যখন তিনি এগিয়ে যাবেন মাঝের ২২ গজে, ক্যারিয়ারের ফেলে আসা সময়ের স্মৃতিও কি খেলে যাবে তার চোখে-মুখে? কত হতাশার প্রহর পেরিয়ে এসেছেন, কত ঝঞ্ছা-বিক্ষুব্ধ সময়! সেই তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক।
লিটনের অবশ্য এমনিতেও মনে পড়ে দুঃসহ সেই দিনগুলির কথা। ব্যর্থতাকে অস্বীকার নয়, বরং আলিঙ্গন করেই তিনি সন্ধান করেন সাফল্যের। সেই পথ ধরেই এখন তিনি টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায়। তার নিজের কাছে যা দারুণ গর্বের এক উপলক্ষ।
৮ বছর আগে এই জুন মাসেই বড় গর্বের একটি দিন এসেছিল তার জীবনে। ফতুল্লায় ভারতের বিপক্ষে পেয়েছিলেন টেস্ট ক্যাপ। প্রথমবার মাঠে নেমেছিলেন দেশের হয়ে। উইকেটে ঘণ্টাখানেকের আনন্দময় উপস্থিতিতে ৭ চারে ৪৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন দারুণ কিছু শটে। পরের টেস্টেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ফিফটি। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেট রাঙিয়ে আসা ছেলেটিকে নিয়ে তখন দেশের ক্রিকেটের কত স্বপ্ন!
তা মলিন হতেও সময় বেশি লাগেনি। ‘এলাম, দেখলাম, জয় করলাম’, এমন কিছুর ইঙ্গিত দিয়েও ঠিক জমে ওঠেনি তার গল্পটা। বরং শুরুর ঝলকের পর ছিল দীর্ঘ অমানিশা। মূলত সীমিত ওভারের ক্রিকেটেই ধুঁকছিলেন বেশি। তাল-লয়-ছন্দ, কিছুই মিলছিল না। তার প্রতিভা নিয়ে জাগছিল সংশয়। তার ব্যাটিংয়ের নান্দনিকতা হয়ে উঠেছিল উপহাসের উপলক্ষ। মাঝেমধ্যে দু-একটি ইনিংসে জানান দিতেন তার প্রতিভা। তাতে আক্ষেপ বাড়িয়ে দিতেন আরও। আবার যে ডুব দিতেন ব্যর্থতার তিমিরে!
হতাশার সেই দীর্ঘ পথ পেরিয়ে, অনেক চড়াই-উৎরাই পার হয়ে, আগুনে পুড়ে তবেই তিনি খাঁটি হয়ে ওঠার পথে। সমালোচনাগুলো ভেসে গেছে তার ব্যাটে রানের জোয়ারে। বিদ্রূপগুলো মিলিয়ে গেছে স্ট্রোকের দ্যুতিতে। রানের রেকর্ড গড়েছেন। ধারাবাহিকতায় সবাইকে ছাড়িয়ে গেছেন। তিন সংস্করণ মিলিয়ে দেশের সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন।
আর হয়ে উঠেছেন ভরসা। এতটাই আস্থার জায়গা যে, এখন তিনি দলের নেতাদের একজন।
টি-টোয়েন্টিতে নেতৃত্বের অভিজ্ঞতা হয়েছে তার ২০২১ সালে। গত বছর ওয়ানডে নেতৃত্বের অভিষেক সিরিজে জয়ের স্বাদ পেয়েছেন ভারতের মতো দলের বিপক্ষে। অন্য সংস্করণগুলোর মতো ভারপ্রাপ্ত দায়িত্বে এবার সবচেয়ে অভিজাত সংস্করণেও নেতৃত্বের অভিজ্ঞতা হচ্ছে। সাকিব আল হাসানের চোটে লিটনই নেতৃত্ব দেবেন আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে।
নিজের গণ্ডির বাইরে বরাবরই তিনি অন্তর্মুখী। প্রতিক্রিয়া প্রকাশে খুব স্বচ্ছন্দ নন। এই বিশেষ উপলক্ষের আগেও খুব খোলামেলা নন তিনি। তবে একটু হলেও খুলে দিলেন মনের দুয়ার।
“বিশেষ কিছু না। অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রধান্য দেয়। টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশের হয়ে যদি অধিনায়কত্ব করতে পারি, এটা তো অবশ্যই গর্বের বিষয়।”
দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন কম-বেশি থাকে সব ক্রিকেটারেরই। টেস্ট নেতৃত্বকে ঘিরে অনেকের থাকে বাড়তি রোমাঞ্চ। ক্রিকেটের আদি আর অভিজাত সংস্করণের অধিনায়ক মানে সুদীর্ঘ এক ইতিহাসেরও অংশ হওয়া। লিটন অবশ্য ব্যাপারটির গভীরে সেভাবে প্রবেশ করেননি এখনও।
“এভাবে কখনো চিন্তা করা হয়নি আসলে। দেখা যাক, টস করতে গেলে অনুভূতিটা যদি ওভাবে আসে, তাহলে আসতেই পারে।”
গত এক বছর ধরে টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। নিয়মিত অধিনায়ক না থাকলে দায়িত্ব তার কাছে চলে আসার কথা স্বয়ংক্রিয়ভাবেই। তবে সাকিবের চোটের পর দেশের কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, টেস্টে অধিনায়কত্ব করতে আগ্রহী নন লিটন। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান অবশ্য উড়িয়ে দিলেন তা।
“না, এরকম কোনো কিছুই ছিল না। সহ-অধিনায়ক থাকলে… মাঠে কিন্তু অনেক সময় এমনও হয়েছে যে, সাকিব ভাই মাঠের বাইরে গেছেন, সেই জায়গায় আমাকে করতে হয়েছে অধিনায়কত্ব। ১-২ ওভার হলেও করেছি। এটা নিয়ে (অধিনায়কত্ব না করা) তাই চিন্তা হয়নি।”
ক্যারিয়ারের গৌরবময় একটি অধ্যায় শুরুর আগে লিটন ফিরে তাকালেন পেছনে। কন্টকাকীর্ণ পথ মাড়িয়ে সব বাধা পায়ে ঠেলে তবেই আজকের এই ঝলমলে সময়ের দেখা পেয়েছেন তিনি। তবে অতীতকে ভোলেননি। বরং কালো সময়টাই তার সামনে এগোনোর আলো।
“এই ভ্রমণ খুব একটা সহজ ছিল না। উত্থান-পতন সবসময়ই ছিল। সামনেও থাকবে। আমি এটাতে বিশ্বাস করি যে, আপনি যদি ব্যর্থ না হন, তাহলে শিখতে পারবেন না। আমি সবসময় ব্যর্থতাকে স্বাগত জানাই। ব্যর্থ হলে আমি ভুলগুলি পরবর্তীতে শুধরে নিতে পারব।”
“টেস্ট ক্রিকেট খেলাটা গর্বের খেলা। সবসময়ই অনুভব করি, গর্বের খেলা। দেশের হয়ে খেলাটাই অনেক বড় গর্ব। এর মধ্যে টেস্ট ক্রিকেট আরও বেশি। এটা নিয়ে লক্ষ্য অনেক বড়, ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য অনেক বড়। আমি সবসময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব।”
