২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লায়নের চোট নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া

অ্যাশেজের লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন টানা ১০০তম টেস্ট খেলতে নামা অফ স্পিনার।  

লায়নের চোট নিয়ে শঙ্কায় অস্ট্রেলিয়া

পায়ে টান লাগার পর মাঠ ছেড়ে যাচ্ছেন ন্যাথান লায়ন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 10:34 AM

Updated : 30 Jun 2023, 03:59 PM

নিয়তির খেলা বুঝি একেই বলে! কোনো চোট-টোট কিংবা ফর্মহীনতা বাধা হতে পারেনি যার সামনে, প্রথম বিশেষজ্ঞ বোলার হিসেবে টানা ১০০ টেস্ট খেলার অনন্য কীর্তি গড়লেন যিনি, সেই ন্যাথান লায়ন চোটে পড়লেন কি না মাইলফলক টেস্টেই! অ্যাশেজের লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই অফ স্পিনার। দলের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্রকে নিয়ে এখন বড় শঙ্কায় অস্ট্রেলিয়া। 

ম্যাচের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার চা বিরতির পর এই চোটে পড়েন লায়ন। ৩৭তম ওভারে ক্যামেরন গ্রিনের বলে পুল করেন বেন ডাকেট। স্কয়ার লেগ সীমানা থেকে ক্যাচ নিতে ছুটে আসছিলেন লায়ন। কিন্তু দৌড় শুরুর পরপরই গতি কমিয়ে দেন তিনি। ডাইভ দেননি বা স্লাইড করেননি, খুব জোর চেষ্টাও করেননি। তার পরও তার ডান পায়ের মাংসপেশিতে টান লেগে যায়। কোনোরকমে ফিল্ডিং শেষ করে তিনি খোঁড়াতে থাকেন। একটু পর মাঠ ছাড়েন ফিজিওর কাঁধে হাত রেখে। তার চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। 

লায়নের চোট কতটা গুরুতর, তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। তবে সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথের কণ্ঠে দিনের খেলা শেষে ফুটে ওঠে শঙ্কার ছবি। 

“দেখে তো অবশ্যই ভালো মনে হয়নি। ম্যাচের বাকিটুকুর জন্য তার অবস্থা খুব ভালো মনে হয়নি। এখনও নিশ্চিত নই, তার অবস্থা আসলে কেমন… তবে যদি সে ভালো না থাকে, আমাদের জন্য অবশ্যই তা হবে বিরাট ধাক্কা।” 

স্ক্যান করানোর পর তার চোটের অবস্থা পরিষ্কার হতে পারে। দিনের খেলার পর শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। 

লায়নকে ছাড়া অস্ট্রেলিয়ার একাদশ আপাতত চিন্তা করাও কঠিন। সিরিজের আগের টেস্টেও ৮ উইকেট নিয়েছেন তিনি, ব্যাট হাতে অসাধারণ জুটিতে দলকে এনে দিয়েছেন জয়। এই ম্যাচেও চোট পাওয়ার আগে ইংল্যান্ডের বিপজ্জনক উদ্বোধনী জুটি ভেঙেছেন তিনি জ্যাক ক্রলিকে ফিরিয়ে। ইংলিশ ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিংয়ের সামনেও দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩ ওভারে রান দিয়েছেন ওভারপ্রতি স্রেফ ২.৬৯ করে।

লায়ন বাইরে চলে যাওয়ার পর ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের স্পিন দিয়ে কোনোরকমে কাজ চালিয়ে নেন অধিনায়ক প্যাট কামিন্স। 

এই ম্যাচে লায়নকে না পেলে অস্ট্রেলিয়ার জন্য তা বড় চোট হবে তো বটেই, সিরিজ থেকে ছিটকে গেলেও তা হবে তাদের সম্ভাবনায় বড় আঘাত। লায়নের এই চোটে ২০০৫ অ্যাশেজের গ্লেন ম্যাকগ্রার চোটের ঘটনাও ফিরে ফিরে আসছে আবার। সেই সিরিজেও এবারের মতো প্রথম টেস্ট জিতে এগিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শুরুর ঠিক আগে চোটে ছিটকে যান ম্যাকগ্রা। অস্ট্রেলিয়া ওই ম্যাচ হেরে যায়। চোটের কারণে ওই সিরিজে দুটি টেস্ট খেলতে পারেননি সেই সময়ের সেরা পেসার, ওই দুটি ম্যাচই হেরে গিয়ে অস্ট্রেলিয়া হেরে যায় সিরিজও।