২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডট বলের চেষ্টায়’ শরিফুলের হ্যাটট্রিক

উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক করে শরিফুল ইসলাম বললেন, এমন কিছু ভাবনাতেও ছিল না তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 08:45 PM

Updated : 19 Jan 2024, 08:45 PM

‘নাহ! আমার চিন্তা-ভাবনায় হ্যাটট্রিক ছিল না’- শেষ ওভারে বোলিংয়ের সময় হ্যাটট্রিকের ভাবনা এসেছিল কিনা, এমন প্রশ্নের উত্তরে মুখে হাসি নিয়ে সোজাসাপ্টা জানিয়ে দিলেন শরিফুল ইসলাম।

বিপিএলের দশম আসরের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন শরিফুল। পরে দুর্দান্ত ঢাকার ৫ উইকেটের জয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। 

প্রথমবার পরিবারের মানুষের সামনে খেলতে নেমে হ্যাটট্রিক করে ও ম্যাচ সেরার পুরস্কার জিতে খুশির সীমা নেই ২২ বছর বয়সী পেসারের। পুরস্কার বিতরণী মঞ্চ থেকে সংবাদ সম্মেলনে আসার সময় পুরোটা পথেই তার মুখে লেগে থাকল চওড়া হাসি। 

হ্যাটট্রিক করা ওই ওভারের শুরুর দিকে অবশ্য বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। প্রথম তিন বলে তাকে দুটি ছক্কা মারেন খুশদিল শাহ। পরে গতির বৈচিত্র দেখিয়ে ঘুরে দাঁড়ান শরিফুল। পরপর তিন বলে ফেরান খুশদিল, রোস্টন চেইস ও মাহিদুল ইসলামকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, দুটি ছক্কা হজমের পর মূলত রান থামানোর কথাই ঘুরছিল তার মাথায়।

“(ভাবনায় হ্যাটট্রিক ছিল কি-না) নাহ! (হাসি) আমার চিন্তা-ভাবনায় হ্যাটট্রিক ছিল না। দুইটা ছক্কা খাওয়ার পর চিন্তা করেছি আমার হাতে বল আছে আরও তিনটা। আমি কীভাবে আরও ভালোভাবে ফিরে আসতে পারি। হয়তোবা এখান থেকে একটা উইকেট নিতে পারব। দুই বলে দুইটা সিঙ্গেল দেব। কিন্তু হ্যাটট্রিকের কথাটা...”

“প্রথমে দুইটা ছক্কা খাওয়ার পর চিন্তা করছিলাম কিভাবে রান আটকে রাখা যায়। কারণ, হয়তো আরেকটা যদি ছয় খেতাম তাহলে স্কোরটা বড় হয়ে যেত। আমার লক্ষ্য ছিল যেন আমি ডট বল করি বা এক রানের মতো দিতে পারি।”

চতুর্থ বল করার আগে তাসকিন আহমেদকে তার কাছে গিয়ে কথা বলতে দেখা যায়। শরিফুল জানালেন, তখন গতি কমানোর পরামর্শ দিয়েছিলেন অগ্রজ পেসার।

“দুইটা ছক্কা খাওয়ার পর তাসকিন ভাই, মোসাদ্দেক ভাই একই কথা বলেছিল যে, গতির বৈচিত্র চেষ্টা করলে হয়তো ভালো হবে। কারণ, উইকেটে একটু আলাদা বাউন্স আছে। তাই আমিও ওইটাই করেছি আসলে।”

বিপিএলে হ্যাটট্রিক করা সপ্তম বোলার শরিফুল। বাংলাদেশিদের মধ্যে চতুর্থ। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে তিনিই পেলেন প্রথম হ্যাটট্রিকের দেখা। সব মিলিয়ে ৩ উইকেটের জন্য ৪ ওভারে তার খরচ ২৭ রান। 

২০২৩ সালটা তার কেটেছে দুর্দান্ত। স্রেফ ৩২ ইনিংসে ৫২ উইকেট নিয়ে তিনিই ছিলেন দেশের সেরা বোলার। নিউ জিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের দারুণ দুটি জয়ে চমৎকার বোলিং করেছেন শরিফুল। 

ছন্দ ধরে রেখে নতুন বছরেও উড়ন্ত শুরুর পর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় শরিফুলের।

“আলহামদুলিল্লাহ! আমি গত বছরের শেষের দিকটা খুব ভালো খেলেছি। তো এবার অনুশীলনের সময় চিন্তা করছিলাম, মাথায় ছিল গত বছর যেভাবে শেষ করেছি এ বছর সেভাবে শুরু করতে চাই। প্রথম ম্যাচটা ওরকম হয়েছে, চেষ্টা করব বাকিগুলো করার।”