২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের ব্যর্থতার মাঝে আকবরের ফিফটি

দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিন বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান।

সতীর্থদের ব্যর্থতার মাঝে আকবরের ফিফটি

ফিফটি করে অপরাজিত আছেন আকবর আলি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 07:17 PM

Updated : 31 Oct 2023, 07:17 PM

চামিকা গুনাসেকারার তোপে টিকতে পারলেন না শুরুর ব্যাটসম্যানরা। দলীয় পঞ্চাশের আগেই ড্রেসিং রুমের পথ ধরলেন প্রথম পাঁচ জন। চাপের মুখে দাঁড়িয়ে গেলেন আকবর আলি। পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে পার করালেন প্রথম দিন। 

ডাম্বুলায় শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিন বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান। বৃষ্টিবিঘ্নিত দিনে দফায় দফায় ব্যাঘাত ঘটার পর খেলা হয়েছে মোট ৪৭ ওভার। 

ওপরের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ৬২ রানে অপরাজিত আকবর। তাকে সঙ্গ দেওয়া রকিবুল হাসান আউট হন ৩৬ রান করে। নিচের দিকের ব্যাটসম্যানদের নিয়ে দলকে এগিয়ে নেওয়ার অভিযানে দ্বিতীয় দিন নামবেন আকবর।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ার আইচ মোল্লাকে হারায় বাংলাদেশ। ৭ বলে ১ রান করেন ২০ বছর বয়সী ওপেনার। 

পরে অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, প্রিতম কুমাররা দুই অঙ্ক ছুঁলেও কেউই ২০ রান করতে পারেননি। দশ ওভারের মধ্যে স্রেফ ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। 

সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৯৪ রানের জুটি গড়েন আকবর ও রকিবুল। এই জুটিও ভাঙেন গুনাসেকারা। ১১৯ বলের ইনিংসে ৪টি চার মারেন রাকিবুল। দিন শেষে অপরাজিত থাকা আকবর ৪ চারের সঙ্গে মারেন ২টি ছক্কা।

প্রথম দিনে ৬ উইকেটের সবকটিই নিয়েছেন গুনাসেকারা। শ্রীলঙ্কার হয়ে একটি ওয়ানডে খেলা ২৩ বছর বয়সী পেসার ১১ ওভারে ওভারে ৩ মেডেনসহ খরচ করেছেন ২৭ রান। 

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে) 

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৫৩/৬ (আইচ ১, অমিত ১০, জয় ১৬, শাহাদাত ১১, প্রিতম ১০, আকবর ৬২*, রকিবুল ৩৬, মুরাদ ০*; মালিঙ্গা ৯-২-৩৬-০, গুনাসেকারা ১১-৩-২৭-৬, উইক্রামাসিংহে ৮-৩-২৯-০, ভিথুশান ৯-১-২৬-০, সেনারাত্নে ১০-৩-৩০-০)