জার্মানিতে সুরিয়াকুমারের অস্ত্রোপচার
আইপিএল দিয়ে মাঠে ফিরতে পারেন ভারতের এই বিধ্বংসী ব্যাটসম্যান।
সময়ের সঙ্গে বাড়ছিল স্পোর্টস হার্নিয়ার সমস্যা। শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যাওয়া ছাড়া উপায় ছিল না সুরিয়াকুমার ইয়াদাভের। জার্মানিতে বুধবার হলো ভারতীয় এই ব্যাটসম্যানের অস্ত্রোপচার।
সাম্প্রতিক সময়ে এ নিয়ে দুইবার অস্ত্রোপচার করাতে হলো সুরিয়াকুমারের। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া অ্যাঙ্কেলের চোটের জন্য কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার করাতে হয় তার। সেখান থেকে পুরোপুরি সেরে না উঠতেই এবার কুঁচকিতে অস্ত্রোপচার।
অস্ত্রোপচার করানোর কথা বুধবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সুরিয়াকুমার। দ্রুত মাঠে ফেরার আশাবাদও ব্যক্ত করেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
রোহিত শার্মা ও হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেন সুরিয়াকুমার। ওই সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় অ্যাঙ্কেলে চোট পান তিনি। অস্ত্রোপচার করানোর পর বেঙ্গালুরুতে ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে।
কুঁচকির অস্ত্রোপচারের পর ফের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারবেন তিনি ফেব্রুয়ারির মাঝামাঝিতে। আইপিএল দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা প্রবল তার। মার্চের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
