‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, শুধু ভারতের সঙ্গে নয়’
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অতি আলোচনায় বিরক্ত বাবর আজম বললেন, বিশ্বকাপে তো আরও ৮টি দলের সঙ্গে খেলতে হবে!
বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যুকে ঘিরে কত কিছুই না হয়ে গেল! শুধু ভেন্যু আর তারিখই নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ ঘিরে আগ্রহ, কৌতূহল আর আলোচনার শেষ নেই। এসব দেখে খানিকটা বিরক্ত বাবর আজম। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্নে পাকিস্তান অধিনায়ক মনে করিয়ে দিলেন, বিশ্বকাপে আরও ৮টি দলের সঙ্গে খেলতে হবে তার দলকে।
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট লড়াই বন্ধ অনেক দিন ধরেই। এসিসি ও আইসিসির আসরগুলিতেই এখন কেবল দেখা হয় দুই দলের। এসব টুর্নামেন্টে এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তাই থাকে তুঙ্গে। এবার বিশ্বকাপ ভারতে, তাই এই ম্যাচের আবেদন যেন বেড়ে গেছে আরও বহুগুণে।
আলোচনা তাই চলছে। টিকিটের উচ্চ মূল্য, ম্যাচের ভেন্য আহমেদাবাদে এখন থেকেই হোটেল ভাড়া অনেক বেড়ে যাওয়া, এসব নিয়ে খবর আসছে নিয়মিত। দুই দেশের ক্রিকেট প্রশাসক, সাবেক ক্রিকেটারদের কাছ থেকেও শোনা যাচ্ছে নানা মন্তব্য।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকা বাবর আজমকেও প্রশ্ন করা হলো বিশ্বকাপের এই ম্যাচ নিয়ে। পাকিস্তান অধিনায়ক বললেন, শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েই তারা ভাবছেন না।
“আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, শুধু ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি না। অন্য আরও ৮ দলের সঙ্গে খেলতে হবে, শুধু ভারত নয়। তাদেরকে সবাইকে হারাতে পারলে ফাইনালে পৌঁছতে পারব। আমাদের মনোযোগ কেবল একটি দলকে ঘিরে নয়। টুর্নামেন্টের সব দল নিয়েই আমরা ভাবছি। সবার সঙ্গেও ভালো খেলা ও জয়ের পরিকল্পনা করছি আমরা।”
পাকিস্তান বিশ্বকাপে তাদের প্রথম দুই ম্যাচ খেলবে হায়দরাবাদে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে। এরপরই সেই মহারণ, ১৫ অক্টোবর আহমেদাবাদে লড়াই ভারতের সঙ্গে। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা নিয়ে পাকিস্তানের আপত্তি ছিল প্রবল। তাদের চাওয়া ছিল অন্য কোনো শহরে এই ম্যাচ খেলা। তবে ভারত ও আইসিসি তাদের সেই চাওয়া পূরণ করেনি।
বিশ্বকাপে ৯টি ম্যাচ পাকিস্তান খেলবে ৫ ভেন্যুতে। কিন্তু পাকিস্তানের বোর্ডের কর্তাদের অস্বস্তি ও আপত্তি ছিল আহমেদাবাদ ঘিরেই। বাবর আজম অবশ্য ভেন্যু নিয়ে ভাবছেন না। সব মাঠের চ্যালেঞ্জের জন্যই নিজেদের তৈরি রাখতে চান তারা।
“আমাদের ভাবনা হলো, যেখানেই খেলা হবে, যেখানেই আমাদের যেত হবে, আমরা সেখানে গিয়ে খেলব। পেশাদার হিসেবে এটিই আমাদের বলার কথা। সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। ভিন্ন ভিন্ন কন্ডিশন ও পরিবেশের জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে এবং সেটিই চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জেই নিজেদের মেলে ধরতে হবে।”
“অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে আমি সব দেশেই রান করতে চাই, দাপট দেখাতে চাই এবং পাকিস্তানের জয় চাই। এসবই আমাদের ভাবনায় আছে, স্রেফ একটি দলের বিপক্ষে খেলব না।”
হায়দরাবাদ ও আহমেদাবাদ ছাড়া পাকিস্তান খেলবে চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতায়। বিশ্বকাপে খেলতে তাদের ভারতে যাওয়া অবশ্য এখনও নির্ভর করছে পাকিস্তানের পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের অনুমতির ওপর।
