এশিয়া কাপ ও বিশ্বকাপে লিটনকে ‘বড় ভূমিকায়’ দেখতে চান কোচ
সাম্প্রতিক সময়ে লিটন দাসের ফর্ম ভালো না থাকলেও স্টাইলিশ এই ব্যাটসম্যানকে নিয়ে দুর্ভাবনা নেই কোচ চান্দিকা হাথুরুসিংহের।
সাম্প্রতিক সময়ে বড় রান নেই লিটন কুমার দাসের ব্যাটে। তবে তাকে ঘিরে কোচের বড় আশা ঠিকই আছে। স্টাইলিশ এই ব্যাটসম্যানের ফর্ম কোনো দুর্ভাবনা নেই চান্দিকা হাথুরুসিংহের। বরং এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ওপেনার অনেক বড় কিছু করে দেখাবেন বলেই বিশ্বাস বাংলাদেশ কোচের।
এশিয়া কাপে ব্যাটিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দেওয়ার মূল দায়িত্ব লিটনের। এই দলের বাকি দুই ওপেনারের একজন এখনও পায়ের নিচে জমিন শক্ত করার চেষ্টায় আছেন (মোহাম্মদ নাঈম শেখ), আরেকজন দলে সুযোগ পেলেন প্রথমবার (তানজিদ হাসান)। দল তাই মূলত তাকিয়ে থাকবে লিটনের ব্যাটে।
কিন্তু সেই ব্যাটে হাসি নেই বেশ কিছুদিন ধরে। চেনা ছন্দে কথা বলছে না তা। এই বছর ১২ ওয়ানডে খেলে তার রান ৩০১, গড় ৩০.১০। অথচ গত বছর ওয়ানডেতে তার গড় ছিল ৫২.৪৫।
সাম্প্রতিক সময়ে দুটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে ৭ ইনিংসে ২১.৭১ গড়ে তার রান ছিল স্রেফ ১৫২। টুর্নামেন্টে অন্তত ১০৫ রান করা ১৭ ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট ছিল লিটনেরই (১০০.৬৬)।
এরপর হুট করেই তার সুযোগ আসে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার। সেখানে তিন ইনিংস খেলে তার রান ৪ বলে ১, ৭ বলে ৮ ও ১৯ বলে ২৫।
দলের মূল ওপেনারের এমন ফর্ম যে কোনো দলের জন্য মাথাব্যথার কারণ হতে পারে বটে। তবে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগের দিন সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বললেন অন্য কথা।
“আমার মনে হয় না… তার ফর্ম নিয়ে এই মুহূর্তে আমার কোনো দুর্ভাবনা নেই। কারণ সে কানাডা ও শ্রীলঙ্কায় যে টুর্নামেন্টগুলিতে খেলেছে, সেসব ছিল টি-টোয়েন্টি। সে কঠোর অনুশীলন করছে। ওই টুর্নামেন্টগুলিতে যদি দেখেন, পিচগুলি খুব ভালো ছিল না, হাই-স্কোরিং ছিল না, বিশেষ করে কানাডায়। শ্রীলঙ্কাতেও কিছুটা সেরকমই ছিল। যা কিছু রানই সে করেছে সেখানে, সবই প্রভাববিস্তারি রান। আমরা তাকে দেখতে চাই ভিন্ন ভূমিকায়, এশিয়া কাপ ও বিশ্বকাপে দেখতে চাই অনেক বড় ভূমিকায়। আশা করি, সে তা দেখাবে।”
লঙ্কা প্রিমিয়ার লিগে শেষ ম্যাচটিতে যেমন, তেমনি কানাডার টুর্নামেন্টেও কয়েকটি ম্যাচে তিনি আউট হয়ে গেছেন থিতু হওয়ার পরও। জাতীয় দলের হয়ে সবশেষ ১৫ ওয়ানডে ইনিংসের ৯টিতেই তিনি দুঅঙ্ক ছুঁয়েছেন। কিন্তু ফিফটিতে নিতে পেরেছেন স্রেফ তিনটিকে। সেঞ্চুরি নেই ২৩ ওয়ানডে ইনিংস ধরে।
এখানে অবশ্য কিছুটা ভাবনার জায়গা আছে বলে মনে করেন হাথুরুসিংহে। তবে তার বিশ্বাস, শিগগিরই গত বছরের মতো দারুণ ফর্মে ফিরবেন লিটন।
“সে নিজেও মনে করে যে আরও ভালো করা উচিত ছিল। আমরাও মনে করি, সে যা করছে, এর চেয়ে অনেক ভালো করার সামর্থ্য তার আছে। বছর দুয়েক আগে যখন সে দলের সর্বোচ্চ স্কোরার ছিল, অবশ্যই সেই ফর্ম সে দেখাবে আবারও। ওই ধরনের পারফরম্যান্সই তার কাছে প্রত্যাশা করি আমরা।”
এশিয়া কাপ খেলতে রোববার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
