২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজবল কৌশল ভারতে কাজ করবে না’

ভারতের সাবেক স্পিনার হারভাজান সিং মনে করেন, ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের পথে বড় বাধা হবে ভারতের কন্ডিশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 03:34 PM

Updated : 21 Jan 2024, 09:09 PM

ইংল্যান্ডের ভারত সফরের আগে আলোচনার কেন্দ্রে ‘বাজবল।’ স্পিন মঞ্চে ইংলিশদের আগ্রাসী ব্যাটিং কতটা কার্যকর হবে সে নিয়ে অনেকেই সন্দিহান। এই দলে আছেন হারভাজান সিংও। ভারতের সাবেক এই অফ স্পিনার মনে করেন, আসন্ন সিরিজে বাজবল কৌশল সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।   

গত প্রায় এক যুগ ধরে দেশের মাটিতে কোনো টেস্ট সিরিজ হারেনি ভারত। এই সময়ে তারা খেলেছে ১৬টি সিরিজ। ঘরের মাঠে তাদের সবশেষ হার ২০১২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। অ্যালেস্টার কুকের নেতৃত্বাধীন দল চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল।

ইংলিশদের ওই সিরিজ জয়ে বড় অবদান ছিল গ্রায়েম সোয়ান ও মন্টি পানেসারের। অফ স্পিনার সোয়ান নিয়েছিলেন ২০ উইকেট, বাঁহাতি স্পিনে পানেসারের শিকার ছিল ১৭টি। এবার সফরকারী দলে আছে চার বিশেষজ্ঞ স্পিনার।

ভারতে পরের দুটি সফরে ভালো করতে পারেনি ইংল্যান্ড। সবশেষ ৯ টেস্টে জিততে পারে কেবল একটিতে। ২০১৬-১৭ মৌসুমে ৫ ম্যাচের সিরিজ তারা হারে ৪-০ ব্যবধানে। সবশেষ ২০২০-২১ মৌসুমের সফরে ৪ ম্যাচের সিরিজ হারে ৩-১ ব্যবধানে।

এবারের ইংল্যান্ড দলকে অবশ্য ভিন্ন চোখে দেখছেন অনেকেই। মূল কারণ তাদের খেলার ধরন- ‘বাজবল’ কৌশল। টেস্ট ক্রিকেটেও আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার এই কৌশলে গত কয়েক বছরে দারুণ সব সাফল্য পেয়েছে ইংল্যান্ড। পাশাপাশি কিছু ব্যর্থতাও সঙ্গী হয়েছে তাদের।

হারভাজান মনে করছেন, ইংলিশদের ব্যর্থতার পাল্লায় নতুন সংযোজন হতে যাচ্ছে ভারত সফর। কারণ, যে ধরনের উইকেটে বাজবল কৌশল কাজে দেবে তেমন কিছু পাবেন না ইংলিশরা।

“(ভারতে) বাজবল কাজ করবে না। কন্ডিশন ইংল্যান্ডের জন্য হবে খুবই কঠিন। প্রথম ডেলিভারি থেকেই বল টার্ন করা শুরু করবে এবং দুই দলের স্পিনাররাই সুবিধা পাবে।”

“ইংল্যান্ড তখনই আধিপত্য বিস্তার করতে পারবে যখন তারা এমন উইকেটে খেলবে যেখানে স্পিনারদের জন্য কোনো সহায়তা নেই।”

ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে আগামী বৃহস্পতিবার।